পাঁচটি অলিম্পিক সোনাজয়ী ফরাসি জুডো তারকা টেডি রিনের ঘোষণা করেছেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়তে চান। নিজেকে বামপন্থী বা ডানপন্থী, কোনও শিবিরেরই মানুষ বলে মনে করেন না রিনের। তাঁর কথায়, তিনি চান “মানুষকে এক করতে”।
এমানুয়েল মাকরঁর উত্তরসূরি বেছে নিতে আগামী এপ্রিল-মে মাসে ভোট দেবেন ফরাসিরা। এখনও পাঁচ মাসেরও বেশি বাকি। কিন্তু লড়াইটা ক্রমেই রাজনীতির দুই বিপরীত প্রান্তের মুখোমুখি সংঘাতের চেহারা নিচ্ছে। জনমত সমীক্ষার ইঙ্গিত, মধ্যপন্থীদের জনসমর্থন ক্ষয়ে যাচ্ছে। দৌড়ে এগিয়ে থাকতে পারেন অভিবাসনবিরোধী দল ন্যাশনাল র্যালির নেত্রী মারিন ল্য পেন। তাঁর পিছনে রয়েছেন কট্টর বামপন্থী নেতা জঁ-লুক মেলঁশোঁ।
প্রার্থী হতে ইচ্ছুক মানুষের তালিকা ইতিমধ্যেই দীর্ঘ। তাতে যোগ হল রিনেরের নাম। বিশ্লেষকদের মতে, তাঁর জয়ের সম্ভাবনা ক্ষীণ। রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা নেই, কোনও দলও তাঁর পাশে নেই।
সোমবার রিনের নিজেকে এমন একজন হিসেবে তুলে ধরতে চেয়েছেন, যিনি মানুষকে এক করতে পারেন। ফ্রান্সে তিনি ফিরিয়ে আনতে চান “কাণ্ডজ্ঞান, অবিচলতা আর ন্যায়বোধ”।
সমাজমাধ্যমে প্রকাশিত এক ভিডিয়োয় রিনের বলেন, “আমি জানি, লোকে আমার সম্পর্কে কী বলবে। বলবে, ‘লোকটা পাগল। ও তো ক্ষমতার বৃত্তের লোক নয়। সেখানকার আদবকায়দাও জানে না। কোনও দিন রাজনীতি করেনি।’”
দেশের সমস্যাগুলির কথাও একে একে তুলেছেন তিনি। ঋণের বোঝা হু হু করে বাড়ছে, বাড়ছে বাজারখরচ। চেনাজানা প্রভাবশালী লোক নেই যাঁদের, যাঁদের পদবির জোর নেই, কিংবা গায়ের রং যাঁদের চলার পথে বাধা, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত। রিনের বলেন, “মাথা নোয়াতে রাজি নই, এই বিশৃঙ্খলা মেনে নিতেও রাজি নই। তাতে যদি আমাকে পাগল বলে, তা হলে হ্যাঁ, আমি বদ্ধ পাগল।”
ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ বাছাইয়ের ভোটে একাধিক বার শীর্ষে থেকেছেন রিনের। সপ্তাহ ছয়েক আগে টেলিভিশনের এক ক্রীড়ানুষ্ঠানে তিনি বলেছিলেন, ফ্রান্সে অতি দক্ষিণপন্থীদের উত্থান তাঁকে “উদ্বিগ্ন” করে। তার পরেই অনলাইনে বর্ণবিদ্বেষী গালিগালাজ ও হেনস্থার শিকার হন তিনি।
এমন সময়ে রিনের ভোটে দাঁড়ানোর কথা জানালেন, যখন জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। জরাজীর্ণ ক্লাসঘরে ঠাসাঠাসি করে বসে পড়তে হয় বলে স্কুলপড়ুয়ারা আগে থেকেই আন্দোলনে নেমেছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ তাদের আন্দোলনকেও আরও জোরালো করেছে।
সাঁইত্রিশ বছরের রিনেরের জন্ম ক্যারিবিয়ানে ফরাসি ভূখণ্ড গুয়াদলুপে। বড় হয়েছেন প্যারিসে। কেন তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত, সেই যুক্তি দিতে গিয়ে ফিরে গেলেন জুডোর ম্যাটে, যেখানে বছরের পর বছর প্রতিপক্ষকে আছড়ে ফেলে চেপে ধরেছেন। “লড়াই বরাবরই আমার জীবনের অংশ। লড়তে কেমন লাগে জানি, পড়ে যেতে কেমন লাগে জানি, আর প্রতিবারই উঠে দাঁড়াতে জানি,” বললেন তিনি। “যিনি মুখস্থ বুলি আওড়ান আর সারাদিন ঝগড়া করেন, তেমন কোনও পেশাদার রাজনীতিককে ফ্রান্সের দরকার নেই।”
সোমবার ফরাসি দৈনিক ল্য পারিজিয়াঁ-য় প্রকাশিত এক সাক্ষাৎকারেও রিনের জানান, তাঁর রাজনৈতিক চিন্তাধারাকে ডান বা বাম কোনও ছকেই ফেলা যায় না। ফ্রান্সের অন্যতম জনপ্রিয় এই ক্রীড়াবিদ বরং দেশের বৃহত্তর সমস্যাগুলির দিকেই নজর দিতে চান।
“আমরা যেন নিজেদের না ঠকাই। দেশটা এখন গভীরভাবে বিভক্ত,” বলেন রিনের। “এই অবস্থায় আমি এমন একজন প্রার্থীকেও দেখছি না, যিনি ভবিষ্যতের এমন একটা বিশ্বাসযোগ্য, ন্যায্য রূপরেখা দিচ্ছেন, যা ফরাসিদের মধ্যে বিভেদ আরও না বাড়িয়ে তাঁদের এক করতে পারে। আজ কেউই আন্তরিকতার সঙ্গে মানুষকে সত্যিকারের আশার কথা শোনাচ্ছেন না। সারাক্ষণ কেবল এক পক্ষের বিরুদ্ধে আর এক পক্ষ।”
ফরাসি আইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে ৫০০ জন নির্বাচিত জনপ্রতিনিধির সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সেই প্রস্তুতি নিচ্ছেন রিনের। তিনি জানান, ভোটে দাঁড়ানোর প্রেরণা তিনি কিছুটা পেয়েছেন সেই সব মানুষের কাছ থেকে, যাঁরা নিজেদের ভবিষ্যৎ কল্পনা করতেও আজ হিমশিম খাচ্ছেন। তাঁদের মধ্যে তরুণও আছেন, প্রবীণও আছেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।