আট বছরেরও বেশি সময় ধরে ৬০০ কোটি মাইল পথ পেরিয়ে বুধের কাছে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান বেপিকলম্বো। শনিবার অভিযান নিয়ন্ত্রণকক্ষ থেকে নির্দেশ পাঠিয়ে যানের থ্রাস্টার চালু করা হবে। পরিকল্পনামতো সব এগোলে, ইতিহাসে দ্বিতীয় বার কোনও মহাকাশ অভিযান বুধের কক্ষপথে প্রবেশ করবে। সূর্যের সবচেয়ে কাছের এই গ্রহটি সৌরজগতের সবচেয়ে ছোটও। তার অনেকটাই এখনও অজানা।

সূর্যের এত কাছে বুধের জন্ম হল কী করে? এই ছোট্ট গ্রহটির নিজস্ব চৌম্বকক্ষেত্র রয়েছে কেন? বুধের যে সব গহ্বরে কখনও সূর্যের আলো পৌঁছয় না, সেখানে জমে থাকা বরফে কী আছে? বিজ্ঞানীদের আশা, ১৬০ কোটি ইউরোর এই অভিযান থেকে এত দিনে সেই সব প্রশ্নের উত্তর মিলবে।

লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স গত ২০ বছর ধরে এই প্রকল্পে কাজ করছেন। তাঁর কথায়, “আমরা খুবই উত্তেজিত। অনেক দিন অপেক্ষা করেছি।”

বুধে পৌঁছনোর এক অদ্ভুত সমস্যা আছে। সূর্যের যত কাছে যায়, তার মাধ্যাকর্ষণের টানে মহাকাশযানের গতি তত বাড়ে। বুধের কক্ষপথে ঢুকতে হলে তাই যাত্রার বড় অংশ জুড়ে যানটির গতি কমাতে হয়। নইলে তা বুধকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। বান্স বললেন, “অভিযানটা খুবই জটিল, খুবই কঠিন।” বুধের মাটিতে কোন রাসায়নিক উপাদান কতটা রয়েছে, তা বিশ্লেষণ করবে ‘মার্কারি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটার’ বা মিক্স নামে একটি যন্ত্র। সেই যন্ত্রটির দায়িত্বে থাকা গবেষকদলের নেতৃত্বে রয়েছেন বান্স।

কক্ষপথে ঢোকার পরেও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ শুরু হতে কয়েক মাস লাগবে। ডিসেম্বরের গোড়ায় বেপিকলম্বোর দুটি কক্ষপথযান পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। একটি ইউরোপের, অন্যটি জাপানের। বুধের দুই মেরুর উপর দিয়ে যাওয়া দুটি আলাদা কক্ষপথে জায়গা নেবে তারা। মূল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ শুরু হওয়ার কথা ২০২৭ সালের এপ্রিলে।

ইউরোপের যানটির নাম ‘মার্কারি প্ল্যানেটারি অরবিটার’ বা এমপিও। সেটি বুধের পৃষ্ঠের খুঁটিনাটি মানচিত্র তৈরি করবে, কোথায় কী উপাদান রয়েছে তা চিহ্নিত করবে। গ্রহটির কেন্দ্রভাগ অস্বাভাবিক বড় কেন, তা জানতে অনুসন্ধান চালাবে তার অভ্যন্তরেও। জাপানের যানটি বুধের চৌম্বকক্ষেত্র পরিমাপ করবে। সেই সঙ্গে পরীক্ষা করবে গ্রহটিকে ঘিরে থাকা অতি পাতলা গ্যাসীয় আবরণে ছড়িয়ে থাকা সোডিয়াম পরমাণুগুলিকে। বুধের ব্যাস চাঁদের চেয়ে মাত্র ৫০ শতাংশ বেশি, অথচ তার ভর চাঁদের চার গুণ। এই ছোট্ট পাথুরে গ্রহটির ঘনত্ব এত বেশি কেন, তা-ও জানতে চান বিজ্ঞানীরা।

ইউরোপীয় মহাকাশ সংস্থায় বেপিকলম্বো প্রকল্পের প্রধান বিজ্ঞানী অধ্যাপক গেরাইন্ট জোন্স জানালেন, আট বছরের দীর্ঘ যাত্রাতেও গবেষকদের উৎসাহ ধরে রেখেছে আবিষ্কারের অপেক্ষা। তাঁর কথায়, “আমাদের আশা, অনেক কিছু জানতে পারব। দুটি মহাকাশযানে আরও শক্তিশালী যন্ত্রপাতি নিয়ে এসেছি। বুধের ভিতরটা কেমন, তার পৃষ্ঠ কেমন, তাকে ঘিরে থাকা মহাকাশে কী ঘটছে—সবই আমরা পর্যবেক্ষণ করতে পারব।”

বুধে দিন আর রাত, দুই-ই দীর্ঘ। নিজের অক্ষের উপর এক পাক ঘুরতে তার লাগে পৃথিবীর হিসাবে ৫৮ দিন। অথচ বুধের মাটিতে কোনও এক জায়গায় দাঁড়ালে সেখানে টানা প্রায় তিন মাস দিনের আলো, তার পর প্রায় তিন মাস রাত। সূর্য থেকে বুধের গড় দূরত্ব মাত্র ৩ কোটি ৬০ লক্ষ মাইল, পৃথিবী থেকে সূর্যের দূরত্বের এক-তৃতীয়াংশের সামান্য বেশি। দিনের বেলায় বুধের মাটির তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। রাতে তা নেমে যায় হিমাঙ্কের ১৮০ ডিগ্রি নীচে।

জোন্সের কথায়, “বুধের পৃষ্ঠ পর্যবেক্ষণের জন্য এমন সব ক্যামেরা থাকছে, যা নানা তরঙ্গদৈর্ঘ্যে ছবি তুলতে পারে। গ্রহটির চারপাশের গ্যাসের ‘স্বাদ’ও নেব আমরা। চৌম্বকক্ষেত্র মাপব, অতি সংবেদনশীল যন্ত্র দিয়ে বুধের ভিতরের খবর নেব। আর লেজারের সাহায্যে গোটা গ্রহটির আকারের মানচিত্র আঁকব।”

যান দুটির প্রায় তিন বছর বুধকে প্রদক্ষিণ করার কথা। তার পর জ্বালানি ফুরোলে তারা ক্রমশ নীচে নামবে, শেষে আছড়ে পড়বে বুধের মাটিতেই। বান্সের কথায়, “আফসোস, ওরা আর ফিরবে না।”