টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ঘুমিয়ে পড়েছেন বলে ফের অভিযোগ উঠল। এ বার ঘটনাস্থল চিনে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা গোষ্ঠীর (অ্যাপেক) শীর্ষ সম্মেলন। তখন ভাষণ দিচ্ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবারের টিভি ফুটেজে মনে হয়, মার্কিন প্রেসিডেন্ট প্রায় দশ সেকেন্ড চোখ বন্ধ করে রেখেছিলেন। তাঁর মাথা সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে। দু’হাত তখনও সামনেই ধরা, এক হাতের মুঠোয় অন্য হাত।
সেই দৃশ্য দেখে সমাজমাধ্যমে ট্রাম্পের একাধিক পরিচিত সমালোচক দাবি করেন, প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছে ‘রিপাবলিকানস এগেনস্ট ট্রাম্প’ গোষ্ঠী, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর এবং রক্ষণশীল আইনজীবী জর্জ কনওয়ে।
হোয়াইট হাউস অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, ৮০ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট মাথা নিচু করে সামনে রাখা কাগজপত্র দেখছিলেন।
একটি প্রতিবেদনের জবাবে হোয়াইট হাউসের যোগাযোগ অধিকর্তা স্টিভেন চিউং এক্সে লেখেন, “ভুয়ো খবর! বক্তা যখন বলছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তখন সামনে রাখা কাগজপত্র দেখছিলেন। স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁর চোখ এদিক-ওদিক নড়ছে।” চিউং আরও লেখেন, “এই কারণেই মানুষ সংবাদমাধ্যমকে এত অপছন্দ করে। ওরা সারাক্ষণ মিথ্যে বলে।”
ওভাল অফিসে সাংবাদিক বৈঠক, মন্ত্রিসভার বৈঠক কিংবা খেলার আসর—টেলিভিশনের ক্যামেরার সামনে ট্রাম্প ঘুমিয়ে পড়েছেন বলে আগেও বহু বার অভিযোগ উঠেছে।
অন্য কেউ কথা বলার সময় ট্রাম্প মাঝেমধ্যে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রাখেন। দেখে মনে হয়, যেন ঘুম এসে যাচ্ছে। এমন দৃশ্যের ভিডিয়ো বারবার ছড়িয়ে পড়লেও হোয়াইট হাউস এবং ট্রাম্পের ঘনিষ্ঠদের দাবি, বৈঠকে প্রেসিডেন্ট কখনও ঘুমিয়ে পড়েন না।
ট্রাম্পকে তন্দ্রাচ্ছন্ন দেখালে প্রশাসনের কর্তারা কখনও বলেছেন, তিনি চোখের পলক ফেলছিলেন। কখনও তাঁদের ব্যাখ্যা, প্রেসিডেন্ট মন দিয়ে শুনছিলেন। তাঁদের মুখে ঘুরেফিরে একই কথা, ট্রাম্প “ঘুমোনই না”।
এ বছরের গোড়ার দিকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও আইনপ্রণেতাদের কাছে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, ট্রাম্পকে ঘুমিয়ে পড়তে তিনি “কখনও দেখেননি”। জুনে রুবিও বলেছিলেন, “বরং উল্টোটাই। লোকটা ঘুমোয়ই না। আর সেটা এক মস্ত সমস্যা, কারণ রাত দুটোয় আমাকে ফোন করে বসে।”
গত বছর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেছিলেন, ট্রাম্প প্রায় ঘুমোনই না, এমনকি সারা রাত সফরের মধ্যেও। ফক্স নিউজকে ভ্যান্স বলেছিলেন, “ধরুন, কোথাও যেতে আমাদের কুড়ি ঘণ্টা লাগবে। গোটা সফরে উনি এক বারও ঘুমোন না। আর উনি যখন জেগে কাজ করছেন, তখন স্বভাবতই আশা করেন, বাকিরাও কাজ করবে।”
প্রায় দু’বছর আগে শপথ নেওয়ার সময় ট্রাম্পই ছিলেন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়া ব্যক্তি। নিজের স্বাস্থ্য নিয়ে অবশ্য তাঁর দাবি, এই বয়সেও তিনি প্রায় নিখুঁত স্বাস্থ্যের অধিকারী। স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি যাচাইয়ের পরীক্ষায় তাঁর ফল “নিখুঁত” বলে প্রায়ই গর্ব করেন ট্রাম্প। তাঁর কথায়, তাঁর কর্মশক্তিও প্রচুর।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।