“পাকিস্তান ইরান আর আমেরিকার সঙ্গে শান্তি নিয়ে আলোচনা চালাচ্ছে, আর ভারত দাঁড়িয়ে দেখছে। সত্যি বলতে কী, এতে আমি বেশ অবাক।” বুধবার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে কথোপকথনে এ কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, আন্তর্জাতিক রাজনীতির জটিলতা চিরকালই বুঝে এসেছে ভারত। অথচ বিশ্বমঞ্চে আজ তার ভূমিকা গৌণ হয়ে গিয়েছে।

রাহুলের মন্তব্যকে “মিথ্যা ও আপত্তিকর” বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দলের বক্তব্য, “বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে” এমন মন্তব্য করা “অত্যন্ত লজ্জাজনক। কোনও প্রকৃত ভারতীয় কখনও নিজের দেশ সম্পর্কে এমন কথা বলবেন না।”

রাহুলের কথায়, “ভারত এত বড় দেশ যে বিশ্বে তার কথার একটা ওজন স্বাভাবিক ভাবেই আছে। আন্তর্জাতিক বিষয়ে ভারতের সক্রিয় ভূমিকাও থাকা উচিত। কিন্তু সত্যি বলতে কী, ভারতের ভূমিকা এখন গৌণ।” পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ঐতিহাসিক দিক থেকেই হোক, কিংবা মৌলিক বিচারে, পাকিস্তানের তুলনায় ভারতের মাপটাই আলাদা। এই সব দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক আছে। অথচ আমরা যেন পিছিয়ে এসে হঠাৎ ঠিক করেছি, বিশ্বমঞ্চে আর কোনও ভূমিকা নেব না। আমাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। আজ সেটাই কোথাও দেখতে পাচ্ছি না।”

স্বাধীনতার পর ভারত যে জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সে কথাও মনে করিয়ে দেন রাহুল। তাঁর মতে, সেই ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে বিশেষ মর্যাদা দিয়েছিল। তিনি চান, বিশ্বমঞ্চে ভারতের সেই কণ্ঠস্বর আবার শোনা যাক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো নেতাদের সঙ্গে মোদীর ব্যক্তিগত সম্পর্কের উপরেই এই নীতি দাঁড়িয়ে আছে। রাহুল বলেন, “বন্ধুত্ব এখানে আসল কথা নয়। বন্ধুত্বের তোয়াক্কা কে করে? সত্যিই কি মনে করেন, লোকটা আপনার বন্ধু বলে ভূরাজনীতি সেই মতো চলবে? তিনি একটা রাষ্ট্রব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন। তাঁর অধীনে গোটা একটা অর্থনীতি রয়েছে। আপনাকে পছন্দ করেন কি করেন না, তার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন না। এই ব্যাপারগুলোই আমাকে ভাবায়।”

ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার কোনও অবকাশ আছে কি না, সেই প্রশ্নের জবাবে রাহুল বলেন, “অবকাশ আছে। তবে একটা বড় সমস্যা আছে। আমাদের দেশে সন্ত্রাসবাদে পাকিস্তান মদত দেয়, উৎসাহ জোগায়। আমাদের নিরীহ মানুষ খুন হচ্ছেন, আর আমরা সেটা মেনে নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলব, এ অসম্ভব। যেদিন এটা বন্ধ হবে, সেদিনই আলোচনার পথ খুলতে পারে।”

অর্থ ও রাজনৈতিক ক্ষমতা এক হাতে, অভিযোগ রাহুলের

রাহুলের অভিযোগ, আরএসএস ও বিজেপি অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত করছে। তাঁর দাবি, দেশের বৃহত্তম সংস্থার সঙ্গে বিজেপির আর্থিক স্বার্থ এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে বিপুল একচেটিয়া আর্থিক ক্ষমতার জন্ম হয়েছে।

তিনি বলেন, “আরএসএস-বিজেপি এখন আর পাঁচটা সাধারণ রাজনৈতিক দলের মতো নেই। ২০১৪ সালে যা ঘটেছিল, তা হল, বিজেপির আর্থিক ব্যবস্থা আর মিস্টার আদানির সংস্থা এক হয়ে গেল। অর্থাৎ ভারতের সবচেয়ে বড় সংস্থাটি আর্থিক ভাবে বিজেপির সঙ্গে পুরোপুরি মিশে গেল। এর ফলে ওদের হাতে বিপুল একচেটিয়া আর্থিক ক্ষমতা এল।”

রাজনৈতিক অনুদানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অনুদানের অঙ্কগুলো একবার দেখুন। কংগ্রেস আর অন্য বিরোধী দলগুলো কত টাকা খরচ করে, আর বিজেপি কত করে, দেখুন। এ তো গেল সাদা টাকার হিসাব। কালো টাকার ব্যাপারে বিজেপি কী করছে, কারও কোনও ধারণা নেই। আমার কাছে এমন বেশ কিছু কাগুজে কোম্পানির হদিস আছে, যাদের মারফত বিজেপির টাকা বিলি হয়। ওরা টাকা আর রাজনীতিকে এক করে ফেলেছে।” তাঁর অভিযোগ, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা এ ভাবে এক হাতে এসেছে বলেই দেশের সব প্রতিষ্ঠানে নিজেদের লোক বসাতে পেরেছে আরএসএস।

রাহুলের আরও অভিযোগ, ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে “প্রত্যেক উপাচার্যের” নিয়োগের পিছনেই রয়েছে আরএসএস। অথচ এ দেশের বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের সঙ্গে এমন কথোপকথনের সুযোগ তাঁকে দেওয়া হয় না। “আমি শিকাগোয় আসতে পারি, কলাম্বিয়ায় যেতে পারি, হার্ভার্ডে যেতে পারি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি না। অর্থনৈতিক ক্ষমতা, প্রাতিষ্ঠানিক ক্ষমতা আর রাজনৈতিক ক্ষমতা এক হয়ে গিয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র এই কারণেই যে ওরা ভোট চুরি করছে,” বলেন তিনি।

ভারতে সাম্প্রতিক ছাত্র ও যুব আন্দোলনের প্রসঙ্গে রাহুল বলেন, “আশার কথা হল, তরুণরা আর এ সব বিশ্বাস করে না। দিল্লিতে তা দেখতে পাচ্ছেন, যন্তর মন্তরে দেখতে পাচ্ছেন। তরুণদের সাহস আছে মুখের উপর বলার, ‘না, এ সব কথা আমরা মানছি না।’ ভবিষ্যৎ ওখানেই। ভারতের ভবিষ্যৎ তোমাদের হাতে।”

ভোট বয়কটের বিপক্ষে রাহুল

নির্বাচনে কারচুপি ও নির্বাচন কমিশনের কাজে অসঙ্গতির অভিযোগও ফের তোলেন রাহুল। তাঁর কথায়, ২০১৪ সালের লোকসভা ভোটে জয়-পরাজয়ের কিছু ব্যবধানের কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না বিরোধী দলগুলি। তখনই সন্দেহ জেগেছিল, কোথাও একটা গলদ রয়েছে।

“আমরা সত্যিই বিশ্বাস করি, ২০১৪ সালের নির্বাচনে কোথাও একটা গলদ ছিল। কারণ ভোটের ব্যবধানের কোনও ব্যাখ্যাই মিলছিল না। তখন কিছু বলতে পারিনি, কারণ হাতে প্রমাণ ছিল না। এমনকি পরে যখন প্রমাণ পেলাম, কংগ্রেসের নেতাদের তা দেখালাম, তখনও তাঁরা আমাকে বললেন, ‘দয়া করে এ কথা বোলো না।’ আমাদের কাছে ভারতের গণতন্ত্র পবিত্র। একশো, দুশো, তিনশো শতাংশ প্রমাণ হাতে না থাকলে ভারতের গণতন্ত্রে কোনও সমস্যা আছে, এটুকু বলাও আমার পক্ষে কঠিন,” বলেন রাহুল।

বিরোধীদের ভোটে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে রাহুল বলেন, “আমরা যদি বলি আর নির্বাচনে লড়ব না, তা হলে সেই মুহূর্তেই আমরাই ভারতের গণতন্ত্র শেষ করে দেব। আমরা গণতন্ত্রের কাঠামোটা শেষ করতে চাই না। তাই আমাদের কৌশল হল, যা ঘটছে তা সামনে আনা আর মার খেয়েও লড়ে যাওয়া, যত দিন না দেশের মানুষ বুঝতে পারছেন যে গোটা ব্যবস্থাটাই ভেঙে দেওয়া হয়েছে। আমরা নির্বাচনের কাঠামোটা ভাঙতে চাই না।”

ইজরায়েলের সঙ্গে সম্পর্ক ও গাজা

ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক “ভাল” বলেই মনে করেন রাহুল। তিনি বলেন, ভারত ইজরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে। তবে ভারত অনেক বড় দেশ, তার জনসংখ্যা ১৫০ কোটি। “আমাদের বিদেশনীতি স্থির হোক আমাদের নিজেদের মঙ্গলের কথা ভেবে। অন্য কারও কীসে মঙ্গল, সেটা দেখে নয়।”

২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলের উপর হামলা এবং তার পর গাজায় ইজরায়েলের কর্মকাণ্ড, দুইয়েরই নিন্দা করেন রাহুল। তিনি বলেন, “২০২৩ সালের অক্টোবরে যা ঘটেছিল, আমি তার নিন্দা করি। তা ছিল ভয়াবহ। এমনটা কখনও ঘটা উচিত ছিল না। নিরীহ মানুষকে হত্যা করা চূড়ান্ত অন্যায়। গাজায় ইজরায়েল যা করেছে, আমি তারও নিন্দা করি। এই দুই অন্যায়ের কোনওটি থেকেই চোখ ফিরিয়ে নেওয়া যায় না।”

রাহুল আরও বলেন, “ইজরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার এবং ওদের কাছ থেকে অস্ত্র কেনার কৌশলগত কারণ রয়েছে। ইজরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে আমি পুরোপুরি। তবে বিশ্বমঞ্চে ভারতকে ভূমিকা নিতে হবে। নিজের ওজন বুঝিয়ে দিতে হবে। সেখানে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে ইজরায়েল হোক, আমেরিকা, রাশিয়া, চিন বা অন্য যে কোনও দেশ। ভারত যা বিশ্বাস করে, তার পক্ষে তাকে দাঁড়াতে হবে।”

রিজিজুর পাল্টা প্রশ্ন

রাহুলকে পাল্টা আক্রমণ করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “রাহুল গান্ধী নিজের দল এবং গোটা বিরোধী শিবিরকে ডোবানোর জন্য লাগাতার কাজ করে চলেছেন। দেশে সকাল থেকে সন্ধে প্রকাশ্যে সরকার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালমন্দ করেন। তার পর বিদেশে গিয়ে বলেন, ভারতে গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই। ভারতে যদি গণতন্ত্রই না থাকে, তা হলে সরকারের বিরুদ্ধে কথা বলার এই স্বাধীনতা তিনি পেলেন কোথায়?”

রিজিজুর অভিযোগ, রাহুল “ভারতবিরোধী” এবং তাঁর মানসিকতা দেশের “গণতন্ত্র, সংবিধান, সভ্যতা ও ঐতিহ্যের পরিপন্থী”। মন্ত্রীর কথায়, “আমার আশঙ্কা, এই ভারতবিরোধী মানসিকতার কারণেই তিনি এমন কিছু বিদেশি ভারতবিরোধী শক্তির প্রভাবে পড়েছেন, যারা তাঁকে ক্রমাগত উসকানি দিচ্ছে। কোনও বিরোধী দলনেতা এ ভাবে দিনরাত নিজের দেশকে গালমন্দ করেন না।”