চিন, রাশিয়া ও আমেরিকার শীর্ষনেতারা এই প্রথম এমন এক বৈঠকে বসলেন। সেই বিচারে বৃহস্পতিবার শেনঝেনের বৈঠককে ‘ঐতিহাসিক’ বলাই যায়।

কিন্তু বৈঠকে কী পাওয়া গেল, সেই হিসাব কষলে ভ্লাদিমির পুতিনের দাবিটি টিকবে বলে মনে হয় না। তাঁর কথায়, ‘কূটনীতির ইতিহাসে এক নতুন পৃষ্ঠা’ লেখা হল। ভবিষ্যতে কেউ একুশ শতকের ইতিহাস লিখতে বসলে শেনঝেনের জন্য হয়তো ছোট্ট একটি পাদটীকাই বরাদ্দ করবেন।

অবশ্য এই বৈঠকে বরফ গলতেও পারে। শুরু হতে পারে নিয়মিত কথাবার্তা। এ-ও ঠিক, একসঙ্গে কাটানো নব্বই মিনিট থেকে তিন নেতার প্রত্যেকেরই দেশে ফিরে দেখানোর মতো কিছু আছে।

অ্যাপেকের মূল অধিবেশনেই ঘুমিয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে যে দুই কর্তৃত্ববাদী নেতাকে তিনি সমীহ করেন, তাঁদের সঙ্গে তাঁর কতটা ঘনিষ্ঠতা, তা দেখানোর সুযোগ পেলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন তখন ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুটি ধ্বংস করেছে। এই পটভূমিতে ট্রাম্প যে ভঙ্গিতে পুতিনকে অভ্যর্থনা জানালেন, তাতে বন্ধুর চেয়েও তাঁকে প্রায় যুদ্ধের মিত্র বলেই মনে হল।

গোড়ায় ছবি তোলার সময় প্রোটোকলের ফেরে রুশ প্রেসিডেন্টকে মাঝেমধ্যে এক পাশে সরে দাঁড়াতে হয়েছিল। তাতে অবশ্য দেশে ফিরে তাঁর বলার কথাটি একটুও বদলাবে না। পুতিন দেখাতে পারবেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের সমীহ আর মনোযোগ কার ভাগ্যে জুটেছে। মস্কোর। তাঁর প্রতিপক্ষ ইউরোপের নয়, ইউক্রেনের তো আরওই নয়। সে দিক থেকে বিনা খরচে পুতিনের হাতে এমন এক উপহার তুলে দিল এই শীর্ষবৈঠক। ব্রিটেনের প্রাক্তন বিদেশসচিব জেরেমি হান্টের মন্তব্য, বৈঠক আরও একবার বুঝিয়ে দিল, মুক্ত বিশ্বের নেতা আর ট্রাম্প নন।

পুতিনের চোখে বার্লিনে ইউক্রেনের পাশে দাঁড়াতে ইচ্ছুক দেশগুলির জোটের বৈঠক ছিল নেহাতই পার্শ্বঘটনা। তাঁর সগর্ব দাবি, রাশিয়াকে একঘরে করার ইউরোপীয় চেষ্টা ব্যর্থ হয়েছে। বিশ্ব অর্থনীতির কেন্দ্র এখন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ট্রাম্পের সঙ্গে সম্পর্কেও জটিলতা আছে বলে মানলেন পুতিন। তবে তাঁর কথায়, সেই সম্পর্ক দাঁড়িয়ে আছে ‘একই ধরনের সভ্যতাগত মূল্যবোধের’ উপর।

শি-র কাছে আয়োজকের আসনটাই ছিল মর্যাদার। মুখে কিছু না বলেও তিনি দেখানোর সুযোগ পেলেন যে আমেরিকার একাধিপত্যের যুগ শেষ। দুনিয়ার ব্যাপারে শেষ কথা বলার একচেটিয়া অধিকার আর আমেরিকার নেই। ভোগনির্ভর অর্থনীতির দেশ আমেরিকাকে এখন মঞ্চ ভাগ করে নিতে হচ্ছে উৎপাদনের মহাশক্তি চিন আর জ্বালানির ভাণ্ডার রাশিয়ার সঙ্গে।

তিন নেতার সংক্ষিপ্ত যৌথ বিবৃতিতে চারটি বেশ আলাদা বিষয় জায়গা পেয়েছে। জ্বালানির জোগান বাড়ানো, রাষ্ট্রপুঞ্জের সংস্কার, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ক্ষমতায় রাশ টানা এবং পরমাণু নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্রের বিস্তার রোধ নিয়ে আলোচনায় বসা। শেষটির ব্যাপারে অঙ্গীকারও বেশ আলগা।

পৃথিবী যখন একাধিক সংকটে, তখন এমন ঘোষণায় ১৯৪৫ সালের ইয়াল্টার ব্যাপ্তি খুঁজে পাওয়া কঠিন। এমনকি ১৯৪৩-এর তেহরান শীর্ষবৈঠকের পরের ঘোষণাতেও উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক বড়। তেহরানে ব্রিটিশ দূতাবাসের বারান্দায় বসে ব্রিটেন, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের নেতারা অঙ্গীকার করেছিলেন, যুদ্ধের পরে তাঁরা একসঙ্গে গড়ে তুলবেন অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্ত ‘গণতান্ত্রিক দেশগুলির এক বিশ্বপরিবার’। উইনস্টন চার্চিল সেদিন বলেছিলেন, ‘মানবজাতির ভবিষ্যৎ আমাদের হাতে।’ জোসেফ স্তালিন আরও এক ধাপ এগিয়েছিলেন। ‘ইতিহাস আমাদের বড় বেশি প্রশ্রয় দিয়েছে,’ বলেছিলেন তিনি। ‘আমাদের হাতে তুলে দিয়েছে বিপুল ক্ষমতা আর বিরাট সুযোগ।’

শেনঝেনে দেখে মনে হল, বৈঠক তো ডাকা হয়েছে, এখন তার আলোচ্যসূচি খোঁজা হচ্ছে। সেই শূন্যতা ভরাতে চেনা কথার আশ্রয় নিতে হল। যেমন, ‘কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখা’র অঙ্গীকার। পৃথিবীর দিকে একবার চোখ বোলালেই বোঝা যায়, শেনঝেনে উপস্থিত তিন নেতার কেউই এই কাজে ইদানীং বিশেষ সাফল্য দেখাতে পারেননি।

প্রযুক্তি, বিশ্বে ক্ষমতার একাধিক কেন্দ্র গড়ে ওঠা এবং নিজেদের মধ্যেকার বিভেদ—সব মিলিয়ে হয়তো এঁদের হাতেও আর সেই ‘বিপুল ক্ষমতা’ নেই। রাষ্ট্রপুঞ্জের সংস্কার কী ভাবে হবে, তার কোনও পরিকল্পনা অন্তত বিবৃতির সঙ্গে পাওয়া গেল না। জ্বালানির উৎপাদন কী ভাবে বাড়বে কিংবা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাই বা কী ভাবে দেখানো হবে, সে কথা তো দূর। অথচ ট্রাম্প এই মুহূর্তে যাঁকে উত্তরসূরি হিসেবে সবচেয়ে পছন্দ করেন, সেই মার্কো রুবিও সদ্য এক বক্তৃতায় আন্তর্জাতিক আইনকে বিশ্বের অভিজাতদের খেলার জিনিস বলে তাচ্ছিল্য করেছেন।

বৈঠকটি ডাকার প্রধান উদ্যোক্তা পুতিনই তাকে ইতিহাসে জায়গা দিতে সবচেয়ে বেশি ব্যগ্র ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তি হিসেবে তিনি নাম করলেন চিন, রাশিয়া ও আমেরিকার। ব্রিটেনকে বাদ দেওয়ার খোঁচাটি ইচ্ছাকৃত। যৌথ বিবৃতিতে ‘আন্তর্জাতিক আইনের ব্যবস্থা রক্ষা ও শক্তিশালী করা’র যে শপথ নেওয়া হল, তার অর্থও বোধ হয় এই যে, কয়েকজন বিশ্বনেতাকে যেন আর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়তে না হয়।

কাকতালীয় ভাবে সে দিনই অন্য বিশ্ব আদালতটি, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে), প্রথমবার গণহত্যার দায়ে একটি রাষ্ট্রকে দায়ী করল। রাষ্ট্রটি মায়ানমার। শেনঝেনের বিবৃতিতে আইসিসি এবং ‘অনুরূপ অন্যান্য প্রতিষ্ঠান’ বলে একটি পরোক্ষ উল্লেখ আছে, তবে নিশানা হিসেবে আইসিজে-র নাম নেই। নিঃসন্দেহে তার একটাই কারণ। আইসিজে-র রায় অগ্রাহ্য করেও প্রায় বিনা মাশুলে পার পাওয়া যায়।

শি-র অস্বস্তি অন্য জায়গায়। মহাশক্তিগুলি নিজেদের মধ্যে দুনিয়া ভাগবাঁটোয়ারা করছে, আর চিনও তাতে শামিল—এমন ধারণা তৈরি হলে গ্লোবাল সাউথের রক্ষক হিসেবে তাঁর দেশের ভাবমূর্তি ধাক্কা খেতে পারে। শি তাই চেনা কথাতেই থাকলেন। ‘ইতিহাস আমাদের শেখায়, বৃহৎ শক্তিগুলির মধ্যে শান্তি থাকলে বিশ্ব নিরাপদ থাকে। তারা সংঘাতে জড়ালে বিশৃঙ্খলা দেখা দেয়।’

হয়তো পর্দার আড়ালে, কিংবা অন্য কোনও বৈঠকে, গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নে সত্যিই অগ্রগতি হচ্ছে। ইরানের সঙ্গে শান্তিচুক্তি হলে তা কার্যকর করার নিশ্চয়তা দিতে চিন কী ভূমিকা নিতে পারে? সংস্কারের আসন্ন পর্বে রাষ্ট্রপুঞ্জের হাল কার ধরা উচিত? এমনকি, ইউক্রেনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে শান্তির পথ খুঁজতে পুতিন কী করে নিজেকে রাজি করাবেন?

আপাতত অবশ্য মনে হচ্ছে, শেনঝেনে যতটুকু ইতিহাস তৈরি হল, তার পুরোটাই ভুল কারণে।