পৃথিবীতে ফেরার শেষ মুহূর্তে সরাসরি সম্প্রচারে বাজল ১৯৭৭ সালের জনপ্রিয় গান ‘বেবি কাম ব্যাক’
মহাকাশ থেকে ফিরে আসা স্টারশিপ মহাকাশযানকে প্রথমবারের জন্য মাঝ আকাশে ধরে ফেলল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। শনিবার, ১৪ নভেম্বর, টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে পৃথিবীতে ফিরে আসা মহাকাশযানটিকে সফলভাবে পাকড়াও করা হয়।
এক সংবাদ সংস্থা জানিয়েছে, সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির পথে এই সাফল্য এক বড় অগ্রগতি। এর ফলে ভবিষ্যতে মহাকাশ অভিযানের খরচ কমতে পারে এবং আরও ঘন ঘন উৎক্ষেপণ সম্ভব হতে পারে।
সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী, ১৭১ ফুট বা ৫২ মিটার উঁচু মহাকাশযানটি মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে ফের ইঞ্জিন চালু করে নিজেকে খাড়া অবস্থানে নিয়ে আসে। তার পর ধীরে ধীরে নামতে থাকে উৎক্ষেপণ টাওয়ারের দিকে। পৃথিবীর বায়ুমণ্ডলে ফেরার সময় প্রচণ্ড তাপ সহ্য করে ঘন মেঘের ভিতর থেকে আবার দৃশ্যমান হয় স্টারশিপ।
যান্ত্রিক বাহু দু’টি মহাকাশযানটিকে শক্ত করে ধরে ফেলার মুহূর্ত পর্যন্ত তার ইঞ্জিন চলছিল। তার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মাটি থেকে কয়েকশো ফুট উপরে ঝুলন্ত অবস্থায় থাকে মহাকাশযানটি। বায়ুমণ্ডলে ফেরার সময় তৈরি হওয়া প্রবল তাপে তার গায়ে স্পষ্ট পোড়া দাগ দেখা যাচ্ছিল বলে জানা গেছে ।
স্পেসএক্সের স্টারবেস কেন্দ্রের উপর দিয়ে ধীরে ধীরে নেমে এসে মহাকাশযানটি দ্বিতীয় উৎক্ষেপণমঞ্চের উপরে বসানো দু’টি বিশাল যান্ত্রিক কাঠামোর মধ্যে ধরা দেয়। এই যান্ত্রিক বাহু দু’টি ‘চপস্টিক আর্মস’ নামে পরিচিত।
এই সাফল্যের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন স্টারবেসের কাছে মেক্সিকো উপসাগরের উপকূলে জড়ো হওয়া দর্শকেরা। প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশযানটি যখন শেষ পর্যায়ে নেমে আসছিল, তখন স্পেসএক্সের আনুষ্ঠানিক সরাসরি সম্প্রচারে বাজছিল ১৯৭৭ সালের জনপ্রিয় গান ‘বেবি কাম ব্যাক’।
স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুয়ট বলেন, “মহাকাশযাত্রার সেই পরম কাঙ্ক্ষিত সাফল্য এসে গেল—আগুনের ভিতর দিয়ে নেমে আসা একটি যানকে শূন্য থেকে লুফে নিল ইস্পাতের বাহু। আমরা একটি স্টারশিপকে ধরে ফেলেছি। এখন থেকে সবকিছু বদলে যাবে।”
বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী রকেট ব্যবস্থার পঞ্চদশ পরীক্ষামূলক উড়ানের অংশ ছিল এই অভিযান। ২২ ঘণ্টার অভিযানে স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে এবং ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট নেটওয়ার্কের ২৬টি উপগ্রহ কক্ষপথে স্থাপন করে।
পৃথিবীতে ফেরার যাত্রা শুরুর আগে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬১ মাইল বা ২৬০ কিলোমিটার উচ্চতায় চলতে চলতে উপগ্রহগুলি ছাড়ে স্টারশিপ। পরে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পূর্ব দিকে এগোনোর সময় বায়ুমণ্ডলে ফেরার প্রক্রিয়া শুরু করতে সেটি একটি ইঞ্জিন চালু করে। ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল কক্ষীয় গতিবেগে চলা মহাকাশযানটি গতি কমিয়ে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রের দিকে নামতে থাকে। শব্দের চেয়েও বেশি গতিতে নেমে আসার এই পর্যায়ে তাকে চরম তাপমাত্রা সহ্য করতে হয় বলে জানা গেছে ।
এর আগে স্পেসএক্স তিনবার যান্ত্রিক বাহুর সাহায্যে ফিরে আসা ‘সুপার হেভি’ বুস্টারকে উদ্ধার করতে পেরেছিল। কিন্তু এএফপি-র মতে, স্টারশিপ মহাকাশযানটিকে ধরে ফেলা ছিল তার তুলনায় অনেক কঠিন। কারণ, বুস্টারের চেয়ে অনেক বেশি উচ্চতা থেকে এবং অনেক বেশি গতিতে ফিরে আসে মহাকাশযানটি।
মাস্ক সংস্থার ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন। যান্ত্রিক বাহু দু’টির মধ্যে ঝুলে থাকা মহাকাশযানটির ভিডিয়োও তিনি ভাগ করে নিয়েছেন। তাঁর মন্তব্য, দেখতে “দারুণ!”
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মহাকাশ বিশেষজ্ঞ ক্লেটন সোয়োপ এই অভিযানকে “বিরাট প্রযুক্তিগত সাফল্য” বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান হিসেবে গড়ে তোলার গোটা ধারণাটিই বাস্তবে কার্যকর হতে পারে।
তবে তিনি আরও বলেন, “দেখা যাক, কত দ্রুত ওরা আবার এটা করতে পারে।”
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজির বিশ্লেষক ক্যাথলিন কার্লিও এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁর জোর, সংস্থাটিকে ধারাবাহিকভাবে সাফল্য দেখাতে হবে।
কার্লি বলেন, “সংবেদনশীল পে-লোড ও অভিযান সামলানোর সক্ষমতা প্রমাণ করতে স্পেসএক্সের প্রয়োজন বারবার সাফল্য।”
চাঁদ ও মঙ্গল অভিযানের পথে আরও এক ধাপ
প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের প্রবীণ ইঞ্জিনিয়ার লার্স ব্ল্যাকমোর জানিয়েছেন, স্টারশিপের ফেরার গতিপথ এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল, যাতে সেটি জনবহুল এলাকা থেকে দূরে থাকে। মহাকাশযানটি অল্প জনবসতিপূর্ণ মরু অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। তার পর শহরগুলিকে পাশ কাটিয়ে টেক্সাসের রিও গ্র্যান্ডে উপত্যকার কাছে একটি বড় বাঁক নেয়। ব্ল্যাকমোর একে বলেছেন ‘জায়ান্ট সুইশ ম্যানুভার’। শেষে পূর্ব দিক থেকে নির্ধারিত অবতরণস্থলের দিকে এগিয়ে আসে স্টারশিপ।
খুব অল্প সময়ের ব্যবধানে বারবার ব্যবহার করা যায়, এমন একটি উৎক্ষেপণব্যবস্থা তৈরির যে উচ্চাকাঙ্ক্ষা মাস্কের রয়েছে, তার কেন্দ্রে আছে স্টারশিপ কর্মসূচি। সংস্থাটি এই মহাকাশযানের বিভিন্ন সংস্করণ তৈরি করতে চায়। সেগুলি দিয়ে ইন্টারনেট উপগ্রহ ও কক্ষপথে ডেটা সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি মহাকাশচারী ও সরঞ্জাম চাঁদে এবং শেষ পর্যন্ত মঙ্গলে পৌঁছে দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
নাসাও আশা করছে, তাদের আর্টেমিস কর্মসূচিতে চন্দ্রযান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্টারশিপ। শনিবারের সফল উদ্ধারকে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান “প্রায় জাদু” বলে বর্ণনা করেছেন।
এক্স-এ তিনি লেখেন, “দিন যত যাচ্ছে, আরও বেশি মানুষ আস্থা পাচ্ছেন… চাঁদের আরও এক ধাপ কাছে।”
এই কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। তথ্য অনুযায়ী, স্টারশিপের উন্নয়নে স্পেসএক্স ইতিমধ্যেই ১,৫০০ কোটি ডলারের বেশি খরচ করেছে। অন্যদিকে, আর্টেমিস কর্মসূচির জন্য চাঁদে অবতরণের ব্যবস্থা গড়ে তুলতে ২০২১ সালে স্পেসএক্সকে দেওয়া ৪০০ কোটি ডলারেরও বেশি মূল্যের চুক্তির আওতায় নাসা ৩২০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে।
স্টারশিপ এবং জেফ বেজোসের ব্লু অরিজিনের তৈরি পৃথক একটি চন্দ্রযান ব্যবহার করে মানুষকে চাঁদে পাঠানোর অভিযানের জন্য ২০২৮ সালকে লক্ষ্য রেখেছে নাসা। তবে দু’টি প্রকল্পের সামনেই এখনও বড় প্রযুক্তিগত বাধা রয়েছে।
স্টারশিপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকি পরীক্ষাগুলির একটি হল, কক্ষপথে থাকা ট্যাঙ্কার মহাকাশযানগুলির মধ্যে জ্বালানি স্থানান্তর করে দেখানো। এই প্রক্রিয়া অপরিহার্য। কারণ, চাঁদে এবং ভবিষ্যতে মঙ্গলে যাওয়ার আগে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে স্টারশিপকে ফের জ্বালানি ভরতে হবে বলে জানা গেছে ।
মাস্ক এমন এক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা বলেছেন, যাতে প্রতি ঘণ্টায় একবার পর্যন্ত স্টারশিপ উৎক্ষেপণ করা সম্ভব হবে। এর মাধ্যমে বিপুল পরিমাণ সরঞ্জাম ও পরিকাঠামো কক্ষপথে পাঠানো যাবে।
আংশিক পুনর্ব্যবহারযোগ্য ফ্যালকন রকেটের মাধ্যমে তাঁর সংস্থা ইতিমধ্যেই বাণিজ্যিক মহাকাশ শিল্পে বড় পরিবর্তন এনেছে। এই রকেটগুলি নিয়মিত উপগ্রহ কক্ষপথে পৌঁছে দেয় এবং মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যায়।
তা সত্ত্বেও, জটিল প্রযুক্তিগত সমস্যাগুলির সমাধান করতে গিয়ে স্টারশিপের উন্নয়নকাজ বারবার পিছিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি বড় বাধা এখনও কক্ষপথে এক মহাকাশযান থেকে অন্য মহাকাশযানে জ্বালানি স্থানান্তরের সক্ষমতা অর্জন। চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য এই ব্যবস্থা অপরিহার্য।
সুপার হেভি বুস্টারেরও আরও উন্নয়ন প্রয়োজন। এএফপি জানিয়েছে, শুক্রবারের অভিযানে নেমে আসার সময় একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় বুস্টারটিকে নির্ধারিত গতিপথ বদলাতে হয়। পরিকল্পনামতো উৎক্ষেপণকেন্দ্রে ফিরে যান্ত্রিক বাহুতে ধরা দেওয়ার বদলে সেটিকে মেক্সিকো উপসাগরের দিকে পাঠানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বুস্টার উদ্ধার ব্যর্থ হওয়ায় একই অভিযানে রকেটের দু’টি ধাপই ফিরিয়ে আনার বৃহত্তর লক্ষ্য পূরণ করতে পারেনি স্পেসএক্স। শনিবারের অভিযান দেখিয়েছে, রকেটের উপরের ধাপের মহাকাশযানটি কক্ষপথ থেকে ফিরে এসে যান্ত্রিক বাহুতে ধরা দিতে পারে। কিন্তু দু’টি অংশই উদ্ধার করা গেলে সেটিই হবে কোনও কক্ষীয় উৎক্ষেপণব্যবস্থাকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার প্রথম ঘটনা।
মহাকাশযানটির তাপরোধী আবরণও এখনও বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ। বায়ুমণ্ডলে ফেরার সময় প্রচণ্ড তাপ সহ্য করার জন্য তৈরি শত শত কালো ষড়ভুজাকার টালি দিয়ে এই আবরণ গড়া। কিন্তু ব্যবস্থাটি এখনও সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য নয়। জানা গেছে , স্পেসএক্স নতুন নকশার এমন টালি তৈরির কাজ করছে, যেগুলি একবার উড়ানের পর পরবর্তী উড়ানের আগে খুব সামান্য মেরামত করলেই চলবে, অথবা একেবারেই মেরামতের প্রয়োজন হবে না।
এদিকে, জুন মাসে বহুল আলোচিত শেয়ারবাজারে আত্মপ্রকাশের মাধ্যমে প্রায় ৮,৫৭০ কোটি ডলার তোলার পর উৎপাদনের পরিকাঠামোও বাড়াচ্ছে স্পেসএক্স।
শুক্রবার স্টারবেসে সংস্থার প্রায় ১০ লক্ষ বর্গফুটের উৎপাদনকেন্দ্র পরিদর্শনের সময় আধিকারিকেরা সাংবাদিকদের জানান, এখন প্রতি দু’সপ্তাহে একটি মহাকাশযান এবং প্রতি চার সপ্তাহে একটি বুস্টার তৈরির ক্ষমতা অর্জন করেছে সংস্থাটি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।