চিনে চিপ বিক্রি সংক্রান্ত এমন একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে এনভিডিয়ার কয়েক মিলিয়ন ডলারের শেয়ার কিনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে সিদ্ধান্তে লাভবান হয় ওই চিপ প্রস্তুতকারী সংস্থা। ডিক্লেপ্টোক্র্যাসি (DeKleptocracy)-র একটি বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই বিশ্লেষণ অনুযায়ী, নিয়ম বদলের ঠিক এক দিন আগে ট্রাম্প এনভিডিয়ার ১০ লক্ষ ১ ডলার থেকে ৫০ লক্ষ ডলার মূল্যের শেয়ার কিনেছিলেন। পরবর্তী নীতিগত পরিবর্তনে সেই বিনিয়োগ থেকে তিনি লাভবান হন।

ঘটনাক্রমের শুরু ২০২৫ সালের মে মাসে। সে সময়ে ট্রাম্প প্রশাসন বাইডেন আমলে প্রণীত ‘ডিফিউশন রুল’ প্রত্যাহার করে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিধি মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থাগুলির অত্যাধুনিক প্রযুক্তি চিন-সহ কয়েকটি দেশে বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল।

আমেরিকার নিজস্ব চিপ শিল্পকে শক্তিশালী করা এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি থেকে দেশকে রক্ষা করাই ছিল ওই বিধির উদ্দেশ্য। বিশেষ করে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির প্রতিযোগিতায় বেজিংয়ের মোকাবিলার বিষয়টি সেখানে গুরুত্ব পেয়েছিল। ওই নিয়ম এনভিডিয়ার চিনে চিপ বিক্রির সুযোগও সীমিত করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিন্তু নিয়ম পরিবর্তনের আগের কয়েক দিনের লেনদেন নিয়ে ট্রাম্পের প্রকাশ্য আর্থিক বিবরণীতে দেখা যায়, তিনি এনভিডিয়ার ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ ডলারের শেয়ার কিনেছেন।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমেরিকার অন্যতম প্রভাবশালী এই প্রযুক্তি ব্যবসায়ী বর্তমানে চিনা গুপ্তচর বলে সন্দেহ করা এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন।

এনভিডিয়ার পাশাপাশি অ্যাপল, মেটা ও মাইক্রোসফ্টের মতো অন্য বড় প্রযুক্তি সংস্থার শেয়ারও কিনেছিলেন ট্রাম্প।

এনভিডিয়ার শেয়ার থেকে কীভাবে লাভবান হলেন ট্রাম্প

২০২৫ সালের মে মাসে পূর্ববর্তী প্রশাসনের চিপ সংক্রান্ত বিধি প্রত্যাহারের কথা ঘোষণা করেন ট্রাম্প। একই মাসের নথিতে দেখা যায়, তিনি এনভিডিয়ার শেয়ারে ১০ লক্ষ ১ ডলার থেকে ৫০ লক্ষ ডলার বিনিয়োগ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বাইডেন আমলের ওই নিয়ম এনভিডিয়ার চিনে চিপ বিক্রিতে বাধা তৈরি করেছিল। চিন সংস্থাটির অন্যতম বৃহৎ বাজার। গত এক দশকে এনভিডিয়ার মোট বিক্রির প্রায় এক-চতুর্থাংশ এসেছে ওই বাজার থেকে।

ট্রাম্প নিয়ম প্রত্যাহারের কথা ঘোষণা করার পর এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ে। ওই বছর ট্রাম্পের প্রকাশিত বিবরণীতে এনভিডিয়ায় ৫৩টি বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত ৬৮টি সংস্থায় মোট ২,১০০টি লেনদেনের উল্লেখ ছিল।

ডিক্লেপ্টোক্র্যাসির বিশ্লেষণে দাবি করা হয়েছে, একই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাগুলির শেয়ার লেনদেন থেকেও একইভাবে লাভবান হন ট্রাম্প। ২০২৫ সালের অক্টোবরে চিনের ওপর শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন তিনি। তার ঠিক আগের দিন ১২১টি লেনদেনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত ১৫টি সংস্থায় নিজের শেয়ার বিক্রি করেন।

ডিসেম্বরেও চিনে চিপ রফতানি নিয়ে মার্কিন প্রশাসনের নীতি বদলানোর সময়ে ট্রাম্পের শেয়ার লেনদেনের উল্লেখ পাওয়া যায়। ৯ ডিসেম্বর তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ১৯টি লেনদেন করেন। তার মধ্যে এনভিডিয়ার শেয়ারে ৫০ লক্ষ ১ ডলার থেকে ২ কোটি ৫০ লক্ষ ডলার মূল্যের লেনদেনও ছিল।