ইউক্রেনের ব্যবহৃত স্টারশিল্ড উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ নিয়ে স্পেসএক্স সত্য বলছে না বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বক্তব্য, ড্রোনের গতিসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্তটি ‘প্রযুক্তিগত’ সমস্যার চেয়ে ‘রাজনৈতিক’ পদক্ষেপ বলেই মনে হচ্ছে।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তাঁদের ড্রোনগুলির উপর এই বিধিনিষেধ পাঁচ দিন ধরে কার্যকর রয়েছে। ড্রোনগুলি ঘণ্টায় ১৬১ কিলোমিটার বা ১০০ মাইলের বেশি গতিতে উড়তে পারছে না। তার চেয়ে বেশি গতিতে উড়লেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

জেলেনস্কির বক্তব্য, এর ফলে হামলা চালাতে আসা রাশিয়ার জেটচালিত শাহেদ ড্রোনগুলিকে আর প্রতিহত করা যাচ্ছে না। রাশিয়ার দখলে থাকা ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে ইউক্রেনের মাঝারি পাল্লার হামলাও মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

কিয়েভের প্রেসিডেন্ট প্রাসাদে গার্ডিয়ান এবং অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি জানান, বিষয়টি ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের পাশাপাশি পেন্টাগন এবং মার্কিন বিদেশ দফতরের কাছে উত্থাপন করতে তিনি তাঁর সামরিক নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন।

ইউক্রেনের সামরিক অভিযানের সক্ষমতা কেন এ ভাবে সীমিত করা হচ্ছে, তার ‘কোনও স্পষ্ট ব্যাখ্যা’ পাওয়া যায়নি। জেলেনস্কি জানান, স্পেসএক্স কিয়েভকে বলেছে, ‘কোনও বিধিনিষেধ নেই’। তাঁর ইঙ্গিত, এই দাবি সত্য নয়। কারণ, ‘সমগ্র রণাঙ্গন’ জুড়েই সমস্যাটি ধরা পড়েছে।

জেলেনস্কি বলেন, “প্রাতিষ্ঠানিক স্তরে সংস্থাটির সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক স্পেসএক্সের সঙ্গে কথা বলেছে। ওরা জবাব দিয়েছে, ‘আমরা কোনও বিধিনিষেধ আরোপ করছি না।’ ওদের বক্তব্য, এটি কোনও ধরনের প্রযুক্তিগত সমস্যা। আমরা মনে করি না, ব্যাপারটা তা-ই।”

তিনি আরও বলেন, “প্রশ্নটা আমরা ওদের বিশ্বাস করছি কি করছি না, তা নয়। আরও কিছু পরীক্ষা করা হতে পারে। কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন দিকে এটি পরীক্ষা করছি। প্রতিদিন একই বিষয় নিশ্চিত হচ্ছে। ফলে এগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়; সমস্যাটি ব্যাপক।”

ইউক্রেনের সন্দেহ, এই গতি কমিয়ে দেওয়া আমেরিকার সচেতন কৌশল। উদ্দেশ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাড় দিতে জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করা। গত মাসেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এ বার সমস্যাটি এমন সময়ে দেখা দিয়েছে, যখন গত সপ্তাহে আবু ধাবিতে আমেরিকার মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে।

ক্রেমলিনের দাবি, ইউক্রেনকে দেশের পূর্বাঞ্চলের গোটা ডনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে।

কিন্তু রুশ ‘সন্ত্রাসবাদীদের’ হাতে আর কোনও ভূখণ্ড ছেড়ে দেওয়ার সম্ভাবনা স্পষ্ট ভাবে খারিজ করেছেন জেলেনস্কি। তিনি আরও জানান, মার্কিন আলোচনাকারী—ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফ—জানতে চেয়েছিলেন, নেটোর সদস্যপদ অথবা নেটোর মতো নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে ইউক্রেন ডনবাস ছেড়ে দিতে রাজি কি না।

জেলেনস্কি বলেন, প্রস্তাবটির খুঁটিনাটি অস্পষ্ট। তাঁর বক্তব্য, ইউক্রেনের মাটিতে মার্কিন শান্তিরক্ষী সেনা মোতায়েনের বিষয়টি ওই প্রস্তাবে রয়েছে বলে মনে হয়নি। তিনি বলেন, যুদ্ধ শেষ হতে পারে কেবল যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। তার সঙ্গে থাকতে হবে পশ্চিমি সহযোগী দেশগুলির দায়বদ্ধতায় কার্যকর নিরাপত্তার নিশ্চয়তা।

পূর্বাঞ্চলীয় শহর কস্তিয়ান্তিনিভকায় ‘মানবিক অভিযান’ চালানোর পুতিনের প্রস্তাবকেও ছলচাতুরি বলে খারিজ করেছেন জেলেনস্কি। রাশিয়া সেখানে পাঁচ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। গত মাসে রুশ-অধিকৃত ওলেশকি শহরে যে সাময়িক যুদ্ধবিরতির মধ্যে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল, সেই আদলেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।

জেলেনস্কি বলেন, “এ একেবারেই সাদামাটা চাল। পুতিন শুধু চান, আমরা কস্তিয়ান্তিনিভকা ছেড়ে চলে যাই, যাতে ওরা ঢুকে গোটা শহরটা দখল করে নিতে পারে।”

তিনি জানান, ওই এলাকায় সাধারণ মানুষ ইতিমধ্যেই ঘর ছেড়ে পালিয়েছেন। সেখানে রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চলছে এবং রাশিয়ার বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে।

জেলেনস্কি বলেন, দক্ষিণ ইউক্রেনে দনিপ্রো নদীর তীর বরাবর রাশিয়ার দখলে থাকা কাছাকাছি গ্রাম ও শহরগুলিতেও ওলেশকির মতো যুদ্ধবিরতির প্রস্তাব তিনি দিয়েছিলেন। কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করেছেন। জেলেনস্কির অভিযোগ, পুতিনের আসল লক্ষ্য কস্তিয়ান্তিনিভকা এবং ইউক্রেনীয় সেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি থাকা দুই শহর স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক গ্রাস করা।

ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার রুশ প্রচেষ্টাকেও ‘উদ্বেগজনক’ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনও বিষয়টি উত্থাপন করেছিল। ক্রেমলিনের দাবি, নেটোকে ১৯৯৭ সালের আগের অবস্থায় ফিরে যেতে হবে—বাল্টিক রাষ্ট্রগুলি-সহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ এই জোটে যোগ দেওয়ার আগের অবস্থায়।

ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর আগে, ২০২১ সালে পুতিন প্রথম এই দাবি তুলেছিলেন। জেলেনস্কির বক্তব্য, প্রায় পাঁচ বছর ধরে পূর্ণমাত্রার যুদ্ধ চলার পরে আবার সেই দাবির ফিরে আসা এক উদ্বেগজনক সংকেত। এর মধ্যে সাম্রাজ্যবাদী মানসিকতার পরিচয় রয়েছে।

জেলেনস্কি বলেন, “পুতিন যে ইউরোপের সীমান্ত বদলাতে চান, তা সত্য।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা সব কিছু ওলটপালট করে দিতে পারি না।”

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ডাবলিনে মিলিত হওয়া ইউরোপীয় নেতাদের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনায় বাস্তব ফল মিলেছে। তার মধ্যে রয়েছে এফ-১৬ যুদ্ধবিমানের জন্য গোলাবারুদ সরবরাহে ডেনমার্কের প্রতিশ্রুতি। রুশ ড্রোন গুলি করে নামাতে এই যুদ্ধবিমানগুলি ব্যবহার করা হয়। পাশাপাশি কিয়েভ ও অন্যান্য শহরের জন্য জ্বালানি খাতে সহায়তার প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতিও এসেছে।

জেলেনস্কি আরও বলেন, শীতকালীন অভিযানে রাশিয়া ‘সব কিছু বাজি ধরছে’। সাম্প্রতিক মাসগুলিতে সাধারণ মানুষকে নতিস্বীকারে বাধ্য করার চেষ্টায় ইউক্রেনের শহরগুলির উপর হামলা বাড়িয়েছে মস্কো। তাঁর বক্তব্য, নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইন পাশ করে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়ে মার্কিন কংগ্রেস পুতিনের উপর যুদ্ধের তীব্রতা কমানোর চাপ সৃষ্টি করতে পারে।

শনিবার রাতে কুশনার জানান, চলতি সপ্তাহে ওয়াশিংটন, মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের বৈঠকের পরে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলির মধ্যে সরাসরি আলোচনার পথ তৈরি করায় মনোযোগ দিচ্ছে আমেরিকা।