কে বলল, সাংবাদিকতায় দীর্ঘ লেখার দিন ফুরিয়েছে? যে এক দিনের ম্যাচের কথা এর মধ্যেই সবাই ভুলে গিয়েছে, তাতে ম্যাট রেনশ তখন ঠুকঠুক করে এক রান, দু’রান নিচ্ছেন। আর ধারাভাষ্যকারদের চোখ ক্যামেরন ব্যানক্রফটের চার হাজার শব্দের প্রবন্ধে। এসইএন রেডিয়োর জেরার্ড হোয়েটলি পূর্ণাঙ্গ বিচারবিভাগীয় তদন্ত চাইছেন। তাঁর কথায়, “কতকটা অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজতে করোনার যে তদন্ত করেন, সেই ধাঁচে।” সাক্ষীদের হাজিরা বাধ্যতামূলক হবে, তাঁদের জেরা করা যাবে। মাত্র কয়েক ঘণ্টা আগে ক্রিকেট অস্ট্রেলিয়া যে ‘ফোরাম’ বসানোর কথা ঘোষণা করেছিল, তার উইকেট ততক্ষণে ছিটকে গিয়েছে।
কেপ টাউনে এক টুকরো শিরীষ কাগজ নিয়ে মাঠে নামার পর আট বছর কেটে গিয়েছে। এই আট বছরে ব্যানক্রফটের নিজের মুখের বয়ানের মতো এত কিছু আর কোনও লেখায় উঠে আসেনি, এমনকি উসমান খোয়াজার বই সবর-এও নয়। অথচ এই কাহিনিতে বরাবর যা হয়, এ বারও আমরা তার জন্যই তৈরি হচ্ছিলাম। এ বার কে সাংবাদিক বৈঠক ডাকবেন, কোন পডকাস্টে কে মুখ খুলবেন, কে কার কথা সমর্থন করবেন, কার পাল্টা দাবি আসবে, আর কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাত্রা ছাড়াবেন।
অনেকেরই ধারণা ছিল, সপ্তাহখানেকও হয়নি প্যাট কামিন্স যে সাংবাদিক বৈঠকটি করলেন, তার পর আর কথা থাকবে না। অন্তত কামিন্স নিজে তেমনটাই ভেবেছিলেন। কোনও ক্রিকেটার বই লেখেন, কেউ প্রবন্ধ, কেউ হিমালয়ের পাদদেশ থেকে ভিডিয়ো পোস্ট করেন। তেড়ে আসা সাংবাদিকদের সামনে কেউ ভেঙে পড়েন, কেউ আবার ব্যাপারটা উপভোগ করেন। অস্ট্রেলীয় রাজনীতিক ড্যানিয়েল অ্যান্ড্রুজের কথাই ধরুন। রেডিয়ো বা কোনও সাম্প্রতিক ঘটনাবলির অনুষ্ঠানে এক দুঁদে সঞ্চালকের মুখোমুখি হওয়ার চেয়ে টেস্ট ম্যাচের মতো দীর্ঘ সাংবাদিক বৈঠকে দু’ডজন সাংবাদিককে সামলাতে তিনি ঢের বেশি স্বচ্ছন্দ ছিলেন।
ডারবান টেস্টে যত দর্শক ছিলেন, কামিন্সের সাংবাদিক বৈঠকে বোধ হয় তার চেয়েও বেশি সাংবাদিক ছিলেন। অস্ট্রেলীয় অধিনায়ক ব্যবহারে প্রশ্নকর্তাদের নিরস্ত করলেন, উত্তর দিতে দিতে ক্লান্তির লেশটুকুও দেখালেন না। প্রশংসার বান ডাকল। কেউ তাঁর মধ্যে দেখলেন “চার্চিলসুলভ দৃঢ়তা”। এক জনের মন্তব্য, “জনজীবনে যত সাংবাদিক বৈঠক দেখেছি, কামিন্সেরটা তার মধ্যে অন্যতম সেরা।” আর এক জনের মনে হল, “যেন কোনও নামী বেসরকারি স্কুলের চৌকস স্কুল ক্যাপ্টেন।” ক’দিন আগেই এবিসি-র সেভেন থার্টি রিপোর্ট-এ সারা ফার্গুসনকে দেওয়া খোয়াজার সাক্ষাৎকারটির সঙ্গে কী তফাত! খোয়াজা তার পরেই সংবাদমাধ্যমের এমন সব আমন্ত্রণ বাতিল করে দিলেন, যেখানে হাফভলি পাবেন বলে ভরসা নেই। জনমত আরও খানিকটা প্যাটের দিকে ঝুঁকল।
গোলমালটা ঠিক এইখানেই। এই অন্তহীন কাহিনিতে যেমন, অস্ট্রেলীয় খেলাধুলোর আরও কত ঘটনায়ও তেমন। ঠিক কী ঘটেছিল, তার একটা চূড়ান্ত বয়ান আমাদের চাই। চাই এমন প্রমাণ, যা দেখিয়ে অপরাধীকে চেনানো যাবে, যা কেউ খণ্ডাতে পারবে না। সে সব যখন মেলে না, তখন প্রায়ই শুরু হয় চরিত্রবিচার। আপনি কত ভাল কথা বলেন, সাংবাদিকদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন, আপনার গায়ের রং কী, লোকে আপনাকে কতটা ভাল লোক বলে জানে, এমনকি কোন রাজ্যের হয়ে খেলেন, এ সবই বিচারে ওজন পায়।
খলনায়ক কে, ছক কষেছিল কে, নেপথ্যে লেনদেন সামলেছে কে, বলির পাঁঠা কে, কার গায়ে কোনও দাগ নেই, আর কে হাটে হাঁড়ি ভেঙেছে—প্রত্যেককে আমরা চিনে ফেলি। মুশকিল হল, এ গল্প কখনও থামে না। আর কথা বলার জন্য আজকাল ক্রিকেটাররা যত প্ল্যাটফর্ম পান, ডুব দেওয়ার জন্য অত প্ল্যাটফর্ম বোধ হয় গ্রেগ লুগেনিসও পাননি। ফলে ঘণ্টায় ঘণ্টায় ধারণা পাল্টায়, এক সাংবাদিক বৈঠক থেকে পরের পডকাস্টে পৌঁছতেই মানুষগুলোর চেহারা বদলে যায়। যে খেলোয়াড়কে আজ ‘চার্চিলসুলভ’ মনে হচ্ছে, এক সপ্তাহ পরে তাঁরই হাবভাব আর কথাবার্তায় মার্ক ল্যাথামের ছাপ দেখতে পারেন।
ঠিক না ভুল? একজনের কথায় নিঃসংশয়ে আস্থা রাখা যায়, না কি তিনি একেবারেই অবিশ্বাস্য? করোনারের ধাঁচে তদন্ত হবে, না কি এমন ফোরাম বসবে যেখানে পরিচয় গোপন রেখে কথা বলা যায়? সাদা না কালো? অথচ সাম্প্রতিক কালের ক্রীড়া কেলেঙ্কারিগুলো যদি কিছু শিখিয়ে থাকে, তা হল, সত্যিটা প্রায়ই ওই মাঝের ধূসর জায়গাটায় লুকিয়ে থাকে। কেউ ভাবছেন, নিখুঁত ছকে গোটা ব্যাপারটা সাজানো হয়েছিল, দলের সকলেই তাতে আকণ্ঠ জড়িত। কারও ধারণা, গুটিকয়েক লোক চুপিচুপি একটা আহাম্মকি ফেঁদেছিল। সত্যিটা সম্ভবত এই দুই ধারণার মাঝামাঝি কোথাও।
ক্রিকেট সাংবাদিক পিটার লেলরের একটা কথা মনে পড়ছে। সম্প্রতি তাঁর ক্রিকেট এট আল পডকাস্টে লেলর বলছিলেন, কামিন্সের স্বভাবেই আসলে কৌতূহল কম। তিনি সেই ধরনের খেলোয়াড়, যাঁর নিজের যতটুকু নিয়ে মাথা ঘামানো দরকার, মনোযোগটুকুও ঠিক ততখানিতেই বেঁধে রাখেন। কোনও কোনও খেলোয়াড়ের আবার হাঁসের পশ্চাদ্দেশেরও নাড়িনক্ষত্র জানা চাই। কেউ কেউ, যেমন স্টিভ স্মিথ, আর সম্ভবত কামিন্সও, দু’কানে হাত চাপা দিয়ে বলে ওঠেন, “আমি কিচ্ছু জানতে চাই না!” পরে সাংবাদিক কিংবা খেলার শুদ্ধতা রক্ষার দায়িত্বে থাকা তদন্তকারীদের প্রশ্ন সামলানোর সময় তাতে কিছুটা ফাঁক পাওয়া যায়। আইনের দিক থেকেও, নৈতিকতার দিক থেকেও।
খেলার কেলেঙ্কারি আজকাল প্রায়ই ব্রেকহীন ট্রেনের মতো ছোটে। তার গতিপথও চেনা। প্রথম আটচল্লিশ ঘণ্টা মনে হয় প্রলয় বেধেছে। তার পর চেনা সাংস্কৃতিক লড়াইয়ের যুক্তি নিয়ে সবাই শিবিরে ভাগ হয়ে যায়। শেষে একটু একটু করে চাপ কমে। কিছু খবর ফাঁস হয়, আড়ালে সাংবাদিকদের কানে কিছু কথা তুলে দেওয়া হয়, আর মাঝেমধ্যে কিছু তথ্যও বেরোয়। পুলম্যান হোটেলে সিডনি সোয়ানসকে ঘিরে সাম্প্রতিক বিতর্কেও তা-ই দেখলাম। কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী, গভর্নর-জেনারেল, এমনকি চোট-আঘাতের ক্ষতিপূরণের মামলা লড়েন যে আইনজীবীরা, তাঁরাও মন্তব্য করে ফেললেন।
‘স্যান্ডপেপারগেট’-এর মতো অস্ট্রেলিয়ান ফুটবল লিগের এই ঘটনাটিও নজর রেখে দেখছিলেন এমন সব মানুষ, যাঁরা সাধারণত খেলার খোঁজ রাখেন না। তবে ২০১৮ সালের বল-বিকৃতি কেলেঙ্কারির সঙ্গে একটা তফাত ছিল। এ ক্ষেত্রে জনসংযোগ আর সংবাদমাধ্যম সামলানোর এমন পোক্ত ব্যবস্থা ছিল যে, ছুটন্ত খবরে ঠিকই ব্রেক কষা গেল। তদন্তের আওতায় থাকা সোয়ানসের চার খেলোয়াড়ের বিরুদ্ধে ভিক্টোরিয়া পুলিশ কোনও অভিযোগ আনবে না, খবরটা বেরোল ঠিক তখনই, যখন কামিন্সের সাংবাদিক বৈঠক দ্বিতীয় ঘণ্টায় পড়েছে। আর গোটা দুনিয়ায় মাইক্রোসফট আউটলুক বিকল।
একই ভাবে অগস্টের কয়েকটা দিন মনে হয়েছিল, জিলং ক্লাবে মাথায় চোট নিয়ে দায়মুক্তির মুচলেকার কেলেঙ্কারিতে ফুটবলের কয়েক জন মহারথীর গদি যেতে পারে। মনে হয়েছিল, খেলোয়াড়দের মাথায় আঘাতকে আমরা যে চোখে দেখি, সেই দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে যাবে। তার পর? আর কোনও সাড়াশব্দ নেই। সঙ্কট কী ভাবে সামলাতে হয়, ক্লাব আর লিগ মিলে তার পাঠ্যবইয়ে ছাপার মতো নমুনা দেখিয়েছিল। এএফএল-এর শীর্ষকর্তাদের কেউ কেউ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরে কাজ করে এসেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর সামলেছেন, রাজ্যের নির্বাচনী প্রচার চালিয়েছেন। খবরটাকে তাঁরা উধাও করে দিলেন।
এএফএল-এর এতে বাহবা পাওয়ার কিছু নেই। একটা তুলনায় তুচ্ছ ঘটনা কোনও সংস্থা আট বছর ধরে দগদগে ঘায়ের মতো জিইয়ে রেখেছে, তার চেয়েও বেশি উদ্বেগের কথা হল, আর এক বৃহৎ সংস্থা মাথায় আঘাতের মতো একটা খবরকে এমন অনায়াসে ঘুম পাড়িয়ে দিতে পারে। তবু এই তুলনা থেকেই বোঝা যায়, স্যান্ডপেপারগেট নিয়ে হতাশাটা কোথায়। ঘটনাটাকে এত বড় হয়ে উঠতেই দেওয়া উচিত হয়নি। যে হইচই হয়েছে, যে ভাবে তা সামলানো হয়েছে, যে শাস্তি নেমে এসেছে, কোনও কিছুতেই ঘটনার সঙ্গে মাত্রার মিল ছিল না।
কথাটা কেবল ক্রীড়া প্রশাসকদের বেলায় খাটে না। প্রধানমন্ত্রীরা যদি খেলার অনাচার নিয়ে মাথা ঘামাতে চান, তা হলে আগে জুয়া আর বেটিং দিয়ে শুরু করুন। তার পরে অন্য বিষয়গুলোয় আসবেন। ভাষ্যকারেরা যখন একে অস্ট্রেলীয় ক্রিকেটের ‘জেএফকে মুহূর্ত’ বলেন, যখন এমন এক ‘সত্য’ খুঁজতে করোনারের ধাঁচে তদন্ত চান যা নিয়ে আর কোনও তর্কই চলবে না, তখন তাঁরা কয়েকটা বাস্তব জিনিস হিসাব থেকে বাদ দেন। ড্রেসিংরুম কী ভাবে চলে। মানুষ কতটা দুর্বল হতে পারে। এমনকি মানুষের স্মৃতিও কতটা ভরসার যোগ্য।
খেলার দুনিয়ায় আবার কোনও দিন স্যান্ডপেপারগেটের মতো ঘটনা ঘটলে, যাঁরা খেলা চালান, যাঁরা খেলেন আর যাঁরা তা নিয়ে বলেন-লেখেন, তাঁদের অন্তত ঘটনার মাপ বুঝে প্রতিক্রিয়া জানাতে হবে। নইলে এ যুগে এমন কাহিনি বছরের পর বছর নিজের লেজ তাড়া করেই চলবে। এক পাক ক্ষোভ, এক পাক বিচার, এক পাক বাড়াবাড়ি। তার পর আবার গোড়া থেকে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।