শ্যামলির মেকন কলোনিতে সব বাড়ি দেখতে এক রকম। সাদামাটা একতলা বাড়ি। কাঠের টুকরো জুড়ে তৈরি বেড়া, গেটে মরচে। সার দিয়ে শুকোতে দেওয়া জামাকাপড়ের আড়ালে বাড়ির সামনেটা দেখাই যায় না। জানলার সানশেডের এমন দশা, মনে হয় একটু ঠেলা দিলেই খসে পড়বে। গোলচক্কর থেকে রাস্তাটা যেখানে মেকনের মাঠের দিকে নেমে গিয়েছে, তার ঠিক আগে, শেষ সারিতেই ছিল রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির প্রথম বাড়ি। নিম্ন আয়ের কর্মীদের জন্য বরাদ্দ কোয়ার্টার। বাবা পান সিং চাকরিসূত্রে পেয়েছিলেন। নড়বড়ে হিরো হোন্ডা স্প্লেন্ডরে চেপে দুধ বিলি করতে যাচ্ছিলেন গাঙ্গু রাম। যেতে যেতেই হাঁক দিলেন, “এ দিকে তোমাদের মতো লোকই শুধু ঘুরতে আসে। সব মাহিয়ার ভক্ত!”
ধোনিদের পুরনো কোয়ার্টার, তার আশপাশের বাড়িঘর, সবই এখন আগাছার আড়ালে। অথচ এক সময় এই গলি ছেলেমেয়েদের ভিড়ে গমগম করত, বলছিলেন রাম। “সেই যখন তিন চাকার সাইকেল চালাত, তখন থেকে ওকে দেখছি।” বহু দিন অবশ্য মাহিকে দেখেননি। ভারতের প্রাক্তন অধিনায়ক এখন শহরের উপকণ্ঠে তাঁর খামারবাড়িতে থাকেন।
পাড়া সুনসান। মানুষের দেখা পেতে হাঁটতে হয় মেকন স্টেডিয়াম পর্যন্ত। হঠাৎই সামনে পড়ে মাঠটা। শুকনো, কিন্তু পরিপাটি। ঘাস সমান করে ছাঁটা। ক্লাবের ম্যাচ চলছে। মাঠ পরিচর্যার কর্মীরা এ দিক-ও দিক ঘুরছেন, দর্শক বলতে তাঁরাই। তাঁদেরই একজন রোহন সিং নিজে থেকে মাঠটা ঘুরিয়ে দেখাতে চাইলেন। পাকা গাইডের মতো গোড়াতেই জানিয়ে দিলেন এখানকার সেরা আকর্ষণ, “এখানেই প্র্যাকটিস করতেন এম এস ধোনি।” দূরে নীল জানলার একটা বাড়ি দেখিয়ে বললেন, “ওই বাড়ির কত যে কাচ ভেঙেছেন!” তার পর মাঠের এক ফাঁকা কোণের দিকে তাকিয়ে বললেন, “এখানে একটা জাদুঘর করার কথা ভাবছি।” বছর পাঁচেক ধরে অবশ্য কথাটা ওই ভাবনাতেই আটকে।
শহরে ধোনির কোনও মূর্তি নেই। বিলবোর্ড নেই, দেওয়ালে আঁকা ছবিও নেই। এ সবের প্রসঙ্গ উঠতেই রোহন একটু অবাক হয়ে পাল্টা জানতে চান, “ওঁর এ সবের দরকার আছে নাকি? উসকি ছায়া হর জগহ হ্যায়! সবখানেই তো ওঁর ছায়া!”
রোহন নিজে ধোনিকে শুধু পর্দাতেই দেখেছেন। তবে মাঠের প্রবীণ সহকর্মীদের কাছে কত গল্প যে শুনেছেন! যেমন কিষণ লাল। “ওর বাবা আর আমি বন্ধু ছিলাম। মাঝেমধ্যে একসঙ্গে চা-শিঙাড়া খেতাম। মাহি ছিল খুব চুপচাপ। যেখানেই যেত, হাতে একটা ব্যাট থাকত।” এই মাঠেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। কিষণ লালের দাবি, সে ম্যাচের প্রতিটি বল তাঁর দেখা।
শেষ যে দিন মাহিকে দেখেছিলেন, সে দিনের কথাও মনে আছে তাঁর। “কার সঙ্গে যেন দেখা করতে এসেছিল। তখন ফুটবল খেলা চলছিল। ফুটবলও তো খুব ভালবাসে। দাঁড়িয়ে খানিকটা খেলা দেখল। তার মধ্যে এত ভিড় জমে গেল যে আর বেরোতে পারে না। তবু ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল।” তার পর একটু গর্ব করেই যোগ করলেন, “আমি যখন চলে যাচ্ছি, আমাকে জড়িয়ে ধরল। ও তো আমার ছেলের মতো।”
শিকড়ের টান
কারও কাছে ছেলের মতো, কারও কাছে ভাই। ধোনির কথা উঠলেই এখানকার মানুষের গলায় সেই আদরটুকু টের পাওয়া যায়। গাঙ্গু রাম বলছিলেন, “বিখ্যাত হয়েও ওর পা দুটো মাটিতেই আছে। দিল্লি, মুম্বই, চেন্নাই—যেখানে খুশি গিয়ে থাকতে পারত। ও রাঁচিতেই থেকে গেল।” শোনা যায়, প্রাক্তন নির্বাচক সাবা করিম এক বার ধোনিকে বাংলার হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন। ধোনি তা ফিরিয়ে দেন। রামের কথায়, “ও নিজের শিকড় আঁকড়ে থাকে।”
মজার কথা, রাঁচি নিজেই বহু জায়গা থেকে আসা মানুষের শহর। এখানে বহিরাগতদের বলা হয় ‘দিকু’। বাঙালি আর তামিলরা এসেছিলেন মেকনে ইঞ্জিনিয়ার কিংবা গেজেটেড অফিসারের চাকরি নিয়ে। পঞ্জাবিরা এসেছিলেন ব্যবসা করতে। বিহার, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ থেকে অনেকে এসেছিলেন একটু ভাল ভাবে বাঁচার আশায়। চতুর্থ শ্রেণির কর্মীর পদে কাজ পেয়েছিলেন তাঁরা।
ধোনিকে পেয়ে এই মানুষগুলো একজন নায়ক পেলেন। পেলেন নিজেদের পরিচয় দেওয়ারও একটা উপায়। অবশ্য রাঁচি তার আগেই এক কিংবদন্তিকে পেয়েছিল। তিনি জয়পাল সিং মুন্ডা—হকিতে অলিম্পিয়ান, আদিবাসী অধিকার আন্দোলনের নেতা, রাজনীতিক। কিন্তু অর্থনীতির উদারীকরণের পরে যে প্রজন্ম বড় হয়েছে, জয়পালের সঙ্গে তাদের তেমন যোগ ছিল না।
কে হবে উইকেটকিপার?
ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের মনে আছে, দু’হাজারের দশকের গোড়ায় মাহিকে নিয়ে কী মাতামাতিই না হয়েছিল। “রাঁচির প্রত্যেকটা বাচ্চা ওর মতো হতে চাইত। আগে বাবা-মায়েরা চাইতেন, ছেলেমেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। মাহি আসার পরে সবাই ধোনি হতে চাইল। আগে উইকেটকিপিং করবে কে জিজ্ঞেস করলে খুব কম ছেলেই এগিয়ে আসত। এখন সবাই কিপিং করতে চায়।” এমনকি ধোনির স্কুল জওহর বিদ্যামন্দিরেরও এখন বেশি পরিচিতি ‘ধোনিওয়ালা স্কুল’ নামে।
খেলার সরঞ্জামের দোকানে হঠাৎই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল উইকেটকিপিং গ্লাভস কিনতে। ধোনির ঘনিষ্ঠ বন্ধু পরমজিৎ সিং, ডাকনাম ছোটু, ‘প্রাইম স্পোর্টস’ দোকানের মালিক। আজকাল তাঁর দোকানে যত লোক খেলার জিনিস কিনতে আসেন, তার চেয়ে বেশি আসেন মাহির গল্প শুনতে, পরমজিতের সঙ্গে সেলফি তুলতে। “রোজ কত লোক আসে! কেউ ওর গল্প শুনতে চায়, কেউ দোকানের ছবি তোলে, কেউ শোকেসে রাখা ধোনির সই করা ব্যাটগুলোর,” বলছিলেন পরমজিৎ।
মেকনের মাঠের মতো এই দোকানও ধোনিভক্তদের তীর্থ। এখানে এলে মাহির জীবনের এক টুকরো যেন ছুঁয়ে দেখা যায়। টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের এক দশক পরেও ধোনির সাদা টেস্ট পোশাকের বিক্রি জমজমাট। আর গ্লাভস? পরমজিতের কথায়, “মাহি যখন সাড়া ফেলে দিল, তখন কিপিং গ্লাভসের চাহিদা যে কোথায় উঠেছিল!”
এর পর ঝাড়খণ্ড থেকে একের পর এক উইকেটকিপার উঠে এসেছেন। তার একটা কারণ বোধহয় এখানেই। প্রথম দিকেই এলেন সৌরভ তিওয়ারি। তাঁর আদর্শ ধোনি। কিপিং করতেন, বড় শট মারতেন, চুলও রেখেছিলেন লম্বা। ধোনির মতো হতে চেয়েছিলেন তিনি।
মুম্বই যেমন একের পর এক উঁচুদরের ব্যাটসম্যান উপহার দিয়েছে, ঝাড়খণ্ড তেমনই দিতে শুরু করল এমন সব উইকেটকিপার-ব্যাটসম্যান, যাঁরা বড় শট মারতে ভালবাসেন। ঈশান কিষানের জন্ম পটনায়, কিন্তু তাঁর ক্রিকেটজীবন ডানা মেলল রাঁচিতে আসার পরে। কুমার কুশাগ্র, রবিন মিন্জের মতো তরুণরাও এখন ধোনির দেখানো পথে হাঁটছেন।
বিহার-নেপাল সীমান্তের কাছে নিজের চৌকিতে বসে খেলার ধারাভাষ্য শুনতেন রবিনের বাবা ফ্রান্সিস। “ছেলেকে কখনও কথাটা বলিনি। ওর উপরে চাপ পড়ুক চাইনি। কিন্তু যে দিন ও বলল প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চায়, আমার চোখের সামনে প্রথম যে মুখটা ভেসে উঠেছিল, সেটা ধোনির। ছেলের সুবাদেই তো আমার নায়কের সঙ্গে দেখা হল। আজকাল আমাকে দেখলেই দাঁড়িয়ে পড়ে, ছেলের খবর নেয়।” ধোনির কাছ থেকে উপহারও মিলেছে একজোড়া গ্লাভস আর একটা ব্যাট।
শহরে ধোনির দেখা পাওয়া ভার। অথচ যেন সর্বত্রই তাঁর আনাগোনা। কেউ বলেন, হিনু-জামশেদপুর হাইওয়ে ধরে স্পোর্টস বাইকে তাঁকে হুশ করে বেরিয়ে যেতে দেখেছেন। কেউ দেখেছেন নতুন মার্সিডিজ-এএমজি জি৬৩ চালাতে। জেএসসিএ স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা বলেন, মাঝেমধ্যে আগাম খবর না দিয়েই বিলিয়ার্ড খেলতে চলে আসেন। কেউ তাঁকে সকালে দেখেছেন মাতা দেওড়ি মন্দিরে, কেউ কোনও বিয়েবাড়িতে। এমন হঠাৎ দেখা দেন বলেই তাঁকে ঘিরে রহস্যটা আরও জমে ওঠে।
মেকনের মাঠে রোহন সিং যেমন বলেছিলেন, “সবখানেই তো ওঁর ছায়া!”
রাঁচি ধোনিকে ভালবেসেছে। ধোনিও সেই ভালবাসা ফিরিয়ে দিয়েছেন। যেখানে গিয়েছেন, সঙ্গে করে এক টুকরো রাঁচি নিয়ে গিয়েছেন। আর তাঁর হাত ধরে এই শহরও পেয়েছে এক নিজস্ব পরিচয়।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।