চলতি বছরের বিশ্বকাপ আমেরিকায় দেখানোর স্বত্ব ফক্স স্পোর্টস পেয়েছিল বেশ সস্তায়। ফক্স তখন বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মালিক। তারা যাতে আদালতে না যায়, সেই কারণেই ওই দামে চুক্তি করেছিল ফিফা। ২০৩০ বিশ্বকাপের জন্য এ সপ্তাহে যে দরপত্র চাওয়া হয়েছে, সেখানে ছবিটা একেবারে অন্য রকম।

আমেরিকা ও ইউরোপের সম্প্রচারস্বত্ব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে গার্ডিয়ান। তাঁরা একমত, বিশ্বকাপের ইতিহাসে এমন হাড্ডাহাড্ডি নিলাম আর দেখেনি ফিফা। এত দামও আগে কখনও পায়নি। আশা করা হচ্ছে, আমেরিকার সম্প্রচারস্বত্ব বিক্রি হবে ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলারে। নীচের অঙ্কটিই প্রায় ১১৩ কোটি পাউন্ড। কারও কারও মতে, এই নিলামের ফল খেলাধুলো ও বিনোদনের ব্যবসায় এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে।

কে এগিয়ে, সে ব্যাপারেও একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে। খেলার সম্প্রচারস্বত্ব কেনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, এমন এক ব্যক্তি গার্ডিয়ানকে বললেন, “আমি নেটফ্লিক্সের উপরেই বাজি ধরব। জিততে যত টাকা লাগে, ওরা দেবে।”

একাধিক সূত্র নিশ্চিত করেছে, বৃহস্পতিবার প্রথম দফার দরপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই দর দেবে নেটফ্লিক্স। স্ট্রিমিংয়ের দুনিয়া থেকে দৌড়ে থাকছে অ্যাপল টিভি, ডিজ়নি, অ্যামাজ়ন, ইউটিউব ও ড্যাজ়নও। প্রথাগত সম্প্রচার সংস্থাগুলির মধ্যে আছে ফক্স, ইএসপিএন, এনবিসি ইউনিভার্সাল ও স্কাইড্যান্স। অবশ্য ১১ হাজার কোটি ডলারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের পরে স্কাইড্যান্সকে বাজেটে কাটছাঁট করতে হচ্ছে। ফলে দর হাঁকার ক্ষেত্রে তাদের হাত কিছুটা বাঁধা থাকতে পারে। নেটফ্লিক্স ইতিমধ্যেই ২০২৭ ও ২০৩১ সালের মহিলা বিশ্বকাপ আমেরিকায় দেখানোর একচেটিয়া স্বত্ব কিনে রেখেছে।

সম্প্রচার জগতের এক প্রবীণ কর্তার কথায়, “এত রকমের ক্রেতা যে ফলও অনেক রকম হতে পারে। সব বড় সংবাদমাধ্যম ও স্ট্রিমিং সংস্থাই দর দেবে। স্বত্ব ধরে রাখা ফক্সের পক্ষে খুব কঠিন হবে।”

এ বার নিলামের নিয়মে একটি বড় বদল এনেছে ফিফা। এই প্রথম আমেরিকায় ইংরেজি ও স্প্যানিশ ভাষার সম্প্রচারস্বত্ব একসঙ্গে বিক্রি করছে তারা। ইঙ্গিত স্পষ্ট, দুই ভাষাতেই একচেটিয়া স্বত্ব কোনও একটি সংস্থার হাতে দিতে চায় ফিফা। স্ট্রিমিং সংস্থাগুলির পক্ষে এই ব্যবস্থা সুবিধাজনক। ২০২৬ বিশ্বকাপ ইংরেজিতে দেখানোর একচেটিয়া স্বত্বের জন্য ফক্স দিয়েছিল ৪৮ কোটি ৫০ লক্ষ ডলার। স্প্যানিশ সম্প্রচারস্বত্বের জন্য এনবিসি ইউনিভার্সালের টেলেমুন্দো দিয়েছিল ৬০ কোটি ডলার। ২০৩০-এর বিশ্বকাপ হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে। আমেরিকার দর্শকের পক্ষে খেলা শুরুর সময় এ বারের মতো সুবিধাজনক হবে না। তা সত্ত্বেও একটা ব্যাপারে সংশয় নেই। স্বত্বের দাম অনেকটাই বাড়বে।

সময়ের ব্যবধান দরদামে কতটা প্রভাব ফেলবে, তা টাকার অঙ্কে মাপা কঠিন। তবে চাহিদা যখন এমন, তখন সেই প্রভাব খুব বড় না-ও হতে পারে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের একচেটিয়া সম্প্রচারস্বত্ব কিনতে এনবিসি দিয়েছিল প্রায় ১৫০ কোটি ডলার। সেখানে দিনে গড়ে তিন কোটিরও বেশি দর্শক পেয়েছিল তারা। অবশ্য অলিম্পিক্সে বিশ্বকাপের তুলনায় অনেক বেশি রকমের খেলা দেখানোর সুযোগ থাকে।

২০২২ সালের কাতার বিশ্বকাপ শীতকালে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে ২০১৫ সালে কোনও প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ফক্স ও টেলেমুন্দোর চুক্তির মেয়াদ বাড়িয়েছিল ফিফা। সেই চুক্তিতে দুই সম্প্রচার সংস্থার কতটা লাভ হয়েছিল, এ বারের বিশ্বকাপে দর্শকসংখ্যার রেকর্ড থেকেই তা বোঝা যায়। ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়েছিল স্পেন। ফক্সে সেই ম্যাচের সরাসরি সম্প্রচার আমেরিকায় ফুটবল দেখার অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। এক সময়ে একই সঙ্গে খেলা দেখছিলেন ৫ কোটি ১৬ লক্ষ ৮৫ হাজার মানুষ। পাঁচটি ম্যাচের প্রতিটিতে গড় দর্শকসংখ্যা দু’কোটি ছাড়িয়েছিল। আর ১০৪টি ম্যাচ মিলিয়ে প্রতি ম্যাচে গড় দর্শক ছিল ৭৭ লক্ষ, চার বছর আগে কাতার বিশ্বকাপের দ্বিগুণ।

টেলেমুন্দোর সম্প্রচার এনবিসির স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককেও দেখা গিয়েছিল। সব মিলিয়ে প্রতি ম্যাচে গড়ে ৬০ লক্ষ দর্শক পেয়েছিল টেলেমুন্দো। স্পেন–আর্জেন্টিনা ও মেক্সিকো–ইংল্যান্ড ম্যাচ দু’টির প্রত্যেকটিতে এক সময়ে দর্শকসংখ্যা ২ কোটি ৩০ লক্ষ ছাড়িয়েছিল। আমেরিকায় স্প্যানিশ ভাষার সম্প্রচারে এত দর্শক আগে কখনও হয়নি।

এই বিপুল দর্শক সম্প্রচার সংস্থা দু’টির জন্য বিপুল আয়ও এনে দিয়েছেন। বিজ্ঞাপন বিক্রির হিসেব বিশ্লেষণ করে যে সংস্থা, সেই গাইডলাইনের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বকাপে শুধু বিজ্ঞাপন বেচেই ফক্স ও টেলেমুন্দো মিলে আয় করেছে ১১৯ কোটি ডলার। চার বছর আগে কাতার বিশ্বকাপ থেকে পাওয়া বিজ্ঞাপনী আয়ের প্রায় তিন গুণ। সম্প্রচারস্বত্ব কিনতে দুই সংস্থা মিলে যত টাকা দিয়েছিল, বিজ্ঞাপন থেকেই তার চেয়ে বেশি উঠে এসেছে।

ফক্স একাই বিশ্বকাপের বিজ্ঞাপন থেকে আয় করেছে ৮৩ কোটি ৫০ লক্ষ ডলার। হলিউড রিপোর্টার–এর হিসাবে, ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন দেখানোর দর ছিল ২ লক্ষ থেকে ৭ লক্ষ ৫০ হাজার ডলার। প্রতি ম্যাচে জলপানের জন্য সব মিলিয়ে যে ছ’মিনিট খেলা থামত, শুধু সেই সময়টুকুতেই বিজ্ঞাপন থেকে আয় হয়েছে ২০ লক্ষ থেকে ৯০ লক্ষ ডলার।

২০২৬ বিশ্বকাপের স্বত্ব যে পরিস্থিতিতে বিক্রি করতে হয়েছিল, তাতে ফিফার হাতছাড়া হয়েছে অনেক টাকা। এ বার তারা সেই সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর। আমেরিকায় বিশ্বকাপ হওয়ার মাত্র চার মাসের মাথায় নিলাম ডাকার উদ্দেশ্যও স্পষ্ট বলেই মনে হচ্ছে। আগের আসরের সাফল্য এখনও টাটকা থাকতেই তার সুফল ঘরে তুলতে চায় ফিফা। ২০২৬ সাল পর্যন্ত চার বছরের চক্রে সম্প্রচারস্বত্ব থেকে ফিফার আয় ছিল ৪০০ কোটি ডলার। তার সিংহভাগই এসেছিল এ বারের বিশ্বকাপ থেকে।

জলপানের বিরতি থাকলে ফক্সের মতো সংস্থাগুলি বাড়তি বিজ্ঞাপনী আয় ধরেই দর হাঁকতে পারবে। ফিফারও প্রত্যাশা, অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকলে স্বত্বের দাম বাড়বে। গ্রীষ্মে যে আয়ের ভাগ হাতছাড়া হয়েছে, এ বার তার কিছুটা পাবে ফিফা। প্রতি অর্ধে একটি করে তিন মিনিটের জলপানের বিরতি রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল গত বছরই। ২০২৬ বিশ্বকাপের দরপত্রের নথিতে এর উল্লেখ ছিল না।

স্বাধীন সংবাদমাধ্যম বিশ্লেষক ফ্রাঁসোয়া গোদার বলছেন, “খেলা অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়। তাই বিনোদনের অনুষ্ঠানের চেয়ে খেলার বিজ্ঞাপনের দাম অনেক বেশি। আবার বিশ্বকাপের মতো কয়েক বছর অন্তর একবার হয় যে প্রতিযোগিতা, তা সাধারণত সাবস্ক্রিপশন-নির্ভর পরিষেবার খুব একটা কাজে আসে না। গ্রাহক ধরে রাখতে তাদের সারা বছরই কিছু দেখানোর দরকার হয়।

“বিশেষ করে ফক্সের কাছে বিশ্বকাপ খুবই জরুরি। ফক্সের নামটার সঙ্গেই বিশ্বকাপ জড়িয়ে গিয়েছে। পুরনো সম্প্রচার সংস্থাগুলির মধ্যে ওরাই সবচেয়ে ছোট। খবরের পাশাপাশি খেলার উপরেও ওরা খুব নির্ভরশীল। তবে খেলা দেখানোর স্বত্ব নিয়ে স্ট্রিমিং সংস্থাগুলির মধ্যে ইউরোপের চেয়ে আমেরিকায় প্রতিযোগিতা অনেক বেশি। নেটফ্লিক্স, অ্যামাজ়ন আর ইউটিউব তিন সংস্থাই এনএফএলের স্বত্ব কিনেছে। অ্যাপল আবার ফর্মুলা ওয়ানে প্রচুর টাকা ঢালছে। কাজেই এদের কাউকেই আমি দৌড় থেকে বাদ দেব না।”

আন্তর্জাতিক ক্রীড়া বিপণন সংস্থা আইএমজির প্রেসিডেন্ট অ্যাডাম কেলি নিজে বহু সম্প্রচারস্বত্বের দরকষাকষিতে অংশ নেন। প্রিমিয়ার লিগ, ওয়ার্ল্ড রাগবি ও উইম্বলডন-সহ সত্তরেরও বেশি ক্রীড়া সংস্থার হয়ে সম্প্রচারস্বত্ব বিক্রির অধিকার রয়েছে আইএমজির। কেলি বহু দিন ধরেই বলে আসছেন, স্ট্রিমিং সংস্থাগুলির উত্থান অবধারিত। তাঁর মতে, ২০৩০ বিশ্বকাপ সেই মোড় ঘোরার মুহূর্ত হতে পারে। এই প্রথম কোনও বড় বাজারে এমন প্রথম সারির ক্রীড়া প্রতিযোগিতার গোটা সম্প্রচারস্বত্ব একাই কিনে নিতে পারে কোনও স্ট্রিমিং পরিষেবা।

মহিলাদের দুই বিশ্বকাপের মার্কিন সম্প্রচারস্বত্ব ছাড়াও নেটফ্লিক্সের হাতে ইতিমধ্যেই রয়েছে স্পেনে ২০৩০ বিশ্বকাপ দেখানোর একচেটিয়া অধিকার। তবে স্পেনের সরকারি নিয়ম অনুযায়ী, সে দেশের এমন কোনও চ্যানেলকেও কিছু ম্যাচ দেখানোর স্বত্ব দিতে হবে, যা দর্শক বিনা খরচে দেখতে পান। এর আওতায় পড়বে স্পেনের জাতীয় দলের সব ম্যাচ, দু’টি সেমিফাইনাল, ফাইনাল এবং প্রতিদিনের অন্তত একটি ম্যাচ।

স্ট্রিমিং সংস্থাগুলি সম্পর্কে কেলি বলছেন, “সম্প্রচারের ভবিষ্যৎ এই সংস্থাগুলিরই হাতে। দর্শকের মনোযোগকে আয়ে পরিণত করার কাজে ওরা বিশ্বের সেরা। ওদের ব্যবসার আকার বিরাট, তার বিস্তারও বিশাল। তার উপর গ্রাহকেরা ওদের প্ল্যাটফর্মে প্রচুর অনুষ্ঠান দেখেন। এই ব্যবসায়িক কাঠামোয় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভাল ভাবে দর্শকের আগ্রহকে আয়ে পরিণত করতে পারে ওরা।

“বিশেষ করে নেটফ্লিক্স বিজ্ঞাপন দেখানোর জন্য অত্যন্ত উন্নত এবং লাভজনক একটা ব্যবস্থা গড়ে তুলেছে। নেপথ্যে গোটা কাজটা সামলানোর ক্ষমতাও ওদের আছে। ২০২৭ সালের মহিলা বিশ্বকাপ হবে তা পরখ করে নেওয়ার আদর্শ সুযোগ। পুরুষদের বিশ্বকাপের দরপত্রেও যদি ওরা জেতে, তা হলে বোঝা যাবে খেলা দেখানোর ভবিষ্যৎও হয়তো ওদেরই হাতে।”

বিজ্ঞাপনের ব্যবসায় পা বাড়িয়ে গত বছর ১৫০ কোটি ডলার আয় করেছে নেটফ্লিক্স। এ বছর তা ২৭০ কোটি ডলারে পৌঁছতে পারে বলে অনুমান। এই ব্যবসাই অ্যাপল টিভি ও অ্যামাজ়নের তুলনায় নেটফ্লিক্সকে এগিয়ে রেখেছে। পুরুষদের বিশ্বকাপ দেখানোর মতো বিরাট আয়োজন থেকেও মুনাফা করার অবস্থায় রয়েছে তারা। আমেরিকায় বিশ্বকাপের কোনও ম্যাচ বিনামূল্যের চ্যানেলে দেখানোর বাধ্যবাধকতা নেই। নেটফ্লিক্সের কাছে দরপত্রটি আকর্ষণীয় হওয়ার এটিও একটি কারণ। অবশ্য জিতলে প্রচারের স্বার্থে কয়েকটি ম্যাচ তারা এমন দর্শকদেরও দেখতে দিতে পারে, যাঁরা নেটফ্লিক্সের গ্রাহক নন। মেজর লিগ সকারের ক্ষেত্রে অ্যাপল টিভি এমনটা করেছে।

সম্প্রচার জগতের আর এক সূত্রের কথায়, “নেটফ্লিক্সের ব্যবসার বিশেষত্বই হল, কিছু জিনিস একমাত্র ওদের কাছেই দেখতে পাওয়া যায়। সেই সুবিধা ওরা প্রতিদ্বন্দ্বীদের হাতে তুলে দেবে কেন? আমেরিকায় একচেটিয়া সম্প্রচারস্বত্ব রাখায় কোনও বিধিনিষেধ নেই। তাই আমার ধারণা, নেটফ্লিক্স সব ম্যাচের জন্যই দর দেবে, আর জিতলে সব ক’টিই নিজের হাতে রাখবে।”

অবশ্য সম্প্রতি খবর বেরিয়েছে, গত বছর ওয়ার্নার ব্রাদার্স কেনার ৮,৫০০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাহার করার পরে এ বার এনবিসি ইউনিভার্সাল কেনার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে নেটফ্লিক্স। ফলে বিশ্বকাপের স্বত্ব জিতলে ভবিষ্যতে কোনও প্রথাগত টিভি নেটওয়ার্কের সঙ্গে তাদের হাত মেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোনও কোনও সূত্রের ধারণা, নেটফ্লিক্স যাতে চড়া দর দেয়, সে কথা ভেবেই নিলামের এই সময় বেছে নেওয়া হয়েছে। ২০২৭ সালের মহিলা বিশ্বকাপ চলাকালীন অন্য যে সব খেলার প্রচার নেটফ্লিক্স করতে পারে, তেমন খেলা তাদের হাতে কম। আবার অন্যদের যুক্তি, মহিলা বিশ্বকাপ ঘিরে আগ্রহ আরও বাড়া পর্যন্ত অপেক্ষা করলেই ফিফার পক্ষে ভাল হত।

নিলামের সময় বাছাইয়ে সম্ভবত আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) একটি সিদ্ধান্তও কাজে এসেছে। এনএফএলের বর্তমান সম্প্রচার চুক্তিগুলি ২০৩৪ সাল পর্যন্ত চলার কথা। মেয়াদ ফুরোনোর আগেই তারা চুক্তির শর্ত নিয়ে নতুন করে আলোচনা করতে চায়। আপাতত সম্প্রচারস্বত্ব নিয়ে নিজেদের প্রক্রিয়া স্থগিত রেখেছে তারা। সেই ফাঁকেই বাজারে আসার সুযোগ পেয়েছে ফিফা। বৃহস্পতিবার প্রথম দফার পরে দ্বিতীয় দফাতেও দর চাওয়া হতে পারে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। ফিফা প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হতে প্রচার চালাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। নিলামে চড়া দর উঠলে তাঁর প্রচারেও হাওয়া লাগতে পারে।