চল্লিশ বছরে এই প্রথম মরসুমের এই সময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অবনমনের ঘরে। আজকের দলটার সঙ্গে ১৯৭৪ সালে দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়া ইউনাইটেডের আশ্চর্য মিল। দু’বারই এক কিংবদন্তি ম্যানেজার সরে দাঁড়ালেন, কিন্তু ক্লাবের উপর তাঁর ছায়া রয়ে গেল। কর্তারা সিদ্ধান্ত নিতে দোনোমনা করলেন। একের পর এক ম্যানেজার এলেন, ব্যর্থ হলেন, চলে গেলেন। আর বছরের পর বছর ধরে একটু একটু করে নীচে নামল ইউনাইটেড।

১৯৬৮ সালে যে দলকে ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন, তার ম্যানেজারের পদ ছেড়েও স্যার ম্যাট বাসবি ক্লাবের ডিরেক্টর হিসেবে থেকে গিয়েছিলেন। বহু বছর পরে ঠিক সেটাই করলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। দু’জনেই ওল্ড ট্র্যাফোর্ডের ডিরেক্টরদের বক্সে বসে দেখলেন, উত্তরসূরিরা চেষ্টা করছেন, পারছেন না।

ইউরোপসেরা হওয়ার পরের ছ’বছরে প্রথমে উইল্ফ ম্যাকগিনেসের হাতে দলের ভার দিল ইউনাইটেড। তার পর অবনমন ঠেকাতে কিছুদিনের জন্য নিজেই ফিরলেন বাসবি। এর পর এলেন ফ্র্যাঙ্ক ও’ফ্যারেল। সব শেষে টমি ডোহার্টি। তাঁর ভাগ্যেই জুটল ইউনাইটেডের অবনমনের লজ্জা।

আর গত আট বছরে ইউনাইটেড বরখাস্ত করেছে জোসে মোরিনহো, ওলে গুনার সোলশার, এরিক টেন হাগ, রুবেন আমোরিম এবং এ বার মাইকেল ক্যারিককে।

ছবিতে মুঠো বাঁধা টমি ডোহার্টি, পাশে প্যাট ক্রেরান্ড। ডোহার্টির আমলেই বয়সের ভারে ক্লান্ত, ছন্নছাড়া ইউনাইটেড পুরনো দ্বিতীয় ডিভিশনে নেমে গিয়েছিল। পরের মরসুমেই দলকে প্রথম ডিভিশনে ফিরিয়েছিলেন তিনিই। ছবি রবার্ট স্টিগিনস/গেটি ইমেজেস।

১৯৭৪ সালে কী করে নেমে গেল ইউনাইটেড? ক্লাবের বাইরের বেশির ভাগ মানুষ ভাবতেই পারতেন না, এত বড় ক্লাবও নেমে যেতে পারে। ভিতরের লোকেরা অবশ্য টের পাচ্ছিলেন, হাওয়া কোন দিকে বইছে। ১৯৭২ সালের ডিসেম্বরে ক্রিস্টাল প্যালেসের কাছে বড় ব্যবধানে হারের পর সেলহার্স্ট পার্কের বোর্ডরুমেই ডোহার্টিকে ম্যানেজার হওয়ার প্রস্তাব দেন বাসবি। বলেছিলেন, “দলের ভিতরে বিস্তর গোলমাল।” স্কটল্যান্ডের ম্যানেজার হিসেবে ডোহার্টি তখন ভালই করছিলেন। কয়েক দিন ভাবলেন। শেষ পর্যন্ত মনে হল, এমন সুযোগ ফেরানো যায় না।

রবিবার সন্ধ্যায় বাসবি ফোন করলে ডোহার্টি রাজি হয়ে গেলেন। বাসবি বললেন, “জানো তো, কাজটা সহজ হবে না? একটা তেলের জাহাজের মুখ ঘোরানোর মতো ব্যাপার। শুধু জাহাজটা তার চেয়েও বড়।” তার পর যোগ করলেন, “এগিয়ে যাওয়ার জন্য লাফ দেওয়ার আগে হয়তো এক পা পিছিয়ে আসতে হবে তোমাকে।” আত্মজীবনী দ্য ডক-এ ডোহার্টি লিখেছেন, বাসবি যে অবনমনের ইঙ্গিত দিচ্ছেন, সে কথা তখন তাঁর মাথাতেই আসেনি।

দল নতুন করে গড়ার পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন ডোহার্টি। দায়িত্ব নেওয়ার পরদিনই আর্সেনাল থেকে জর্জ গ্রাহামকে সই করালেন এক লক্ষ কুড়ি হাজার পাউন্ডে। সে আমলে অঙ্কটা নেহাত কম ছিল না। এর পর পার্টিক থেকে এলেন অ্যালেক্স ফোরসাইথ, এক লক্ষ পাউন্ডে। তবে ডোহার্টির বড় চমক লু ম্যাকারি। লিভারপুলে যাওয়ার সুযোগ ছিল তাঁর। তাঁকে রাজি করিয়ে লিগ টেবিলের শেষ দল ইউনাইটেডে নিয়ে এলেন ডোহার্টি। দাম দু’লক্ষ পাউন্ড।

ছবিতে বল বাড়াচ্ছেন জর্জ বেস্ট। ১৯৭৪ সালের পয়লা জানুয়ারি লফটাস রোডে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিরুদ্ধে শেষ বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি। ছবি ওয়েসলি/গেটি ইমেজেস।

আগের যুগের দিকপালদের এ বার বিদায়ের পালা। ফেব্রুয়ারিতে ববি চার্লটন নিজেই ডোহার্টিকে জানালেন, সাঁইত্রিশ বছর বয়সে এটাই তাঁর শেষ মরসুম। অন্য তারকাদের অনেকেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু ডোহার্টি বুঝেছিলেন, নতুন করে শুরু করতে হবে। লিখেছেন, “১৯৬৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যে দলটা ইউরোপিয়ান কাপ জিতেছিল, নিঃসন্দেহে সেটা ছিল দুর্দান্ত এক দল। কিন্তু সেই দলের অনেককে এত দিন রেখে দেওয়া হয়েছিল যে তাঁরা একসঙ্গেই বুড়িয়ে গিয়েছিলেন।”

“জানতাম, আমার সিদ্ধান্ত অনেকেরই খুব অপছন্দ হবে। কিন্তু কাজটা করতেই হত। ঠিক করে ফেলেছিলাম, ডেনিস ল, টনি ডান, প্যাট ক্রেরান্ড, ডেভিড স্যাডলার-সহ বেশ কয়েক জনের ইউনাইটেড-জীবনে এ বার ইতি টানব।”

জর্জ বেস্ট এক বার অবসর নিয়েও ডোহার্টির আমলে ফিরে এসেছিলেন। কিন্তু বারবার দেরি করে হাজির হতেন। ১৯৭৪ সালের পয়লা জানুয়ারিই ইউনাইটেডের হয়ে তাঁর শেষ ম্যাচ। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল অবশ্য ডেনিস ল-কে নিয়ে। তাঁকে যে চলে যেতে দেওয়া হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিতে।

ডোহার্টি যখন দায়িত্ব নেন, ইউনাইটেড লিগ টেবিলের একেবারে নীচে। প্রথম মরসুমে দলকে অবনমন থেকে বাঁচিয়ে পুরনো দল ভাঙার সাহস আরও বেড়ে গেল তাঁর। সে বার গ্রীষ্মে তেরো জন ফুটবলারকে ছেড়ে দিল ক্লাব। অথচ পরের মরসুম অর্ধেক গড়াতেই ফের অবনমনের মুখে ইউনাইটেড। দলকে ডুবিয়েছিল গোলের অভাব। এক সময় পেনাল্টি থেকে দু’টি গোল করেই দলের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা ছিলেন অ্যালেক্স স্টেপনি। তিনি ছিলেন গোলকিপার।

লিগের খেলা শেষ হতে আর এক দিন বাকি থাকতে সিটির কাছে হেরে ইউনাইটেডের অবনমন নিশ্চিত হল। হারের যন্ত্রণা আরও বাড়িয়ে দিলেন সেই ডেনিস ল। ম্যাচের শেষ দিকে তাঁর ব্যাকহিলেই জিতল সিটি। খেলার পর ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে দাঁড়িয়েই সাক্ষাৎকার দিলেন ডোহার্টি। টিএনটি স্পোর্টসের টু গুড টু গো ডাউন তথ্যচিত্রে সেই দৃশ্য আবার দেখানো হয়েছে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ইউনাইটেড কি এ বার ধীরে ধীরে বিস্মৃতির আড়ালে চলে যাবে?

“না, সে ভয় নেই,” বলেছিলেন ডোহার্টি। “এখানে আমরা যদি জার্সিগুলো কেচে শুকোতেও মেলে দিই, দেখবেন পনেরো হাজার লোক দাঁড়িয়ে তা-ই দেখছে।”