প্রায় দু’দশক ধরে কালো চামড়ার জ্যাকেটই জেনসেন হুয়াংয়ের ট্রেডমার্ক। কিন্তু যে পোশাক তাঁকে প্রযুক্তি দুনিয়ার অন্য ধনকুবেরদের থেকে আলাদা পরিচিতি দিয়েছিল, এখন সেটিই হয়ে উঠেছে বিদ্রুপের বিষয়।

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এ সপ্তাহে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর তার আঁচ এসে পড়েছে তাঁর দীর্ঘদিনের প্রিয় কালো চামড়ার জ্যাকেটেও। মধ্যবয়সি পুরুষের এমন পোশাকের প্রতি অতিরিক্ত অনুরাগকে বরাবরই ‘মধ্যবয়সের সংকট’-এর সঙ্গে জুড়ে দেখা হয়। এ বার সেই পুরনো রসিকতাই নতুন করে ফিরে এসেছে।

‘দ্য কাট’ একটি প্রতিবেদনে হুয়াংয়ের দামি চামড়ার জ্যাকেটের প্রতি দুর্বলতার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের খবরের যোগসূত্র টেনেছে। শিরোনাম, ‘জেনসেন হুয়াং স্বীকার করার আগেই তাঁর চামড়ার জ্যাকেটগুলি স্বীকারোক্তি দিয়ে ফেলেছিল।’ অন্য দিকে, নিউ ইয়র্ক টাইমসে লেখক আনন্দ গিরিধরদাসের প্রশ্ন, ‘মধ্যবয়সি পুরুষের গায়ে দামি চামড়ার জ্যাকেট কি এখন মধুফাঁদে পড়ার নতুন প্রতীক?’

সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে মিমের বন্যা। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে দেখা যাচ্ছে, ইলন মাস্কের রকেট সংস্থা স্পেসএক্সের সদর দফতরের বাইরে পতাকার মতো অর্ধনমিত অবস্থায় উড়ছে একটি চামড়ার জ্যাকেট। অন্য একটি ভুয়ো ছবিতে হুয়াংকে দেখা গিয়েছে ধাতব স্টাড বসানো চামড়ার জ্যাকেটে। ছবিটি এতটাই বিশ্বাসযোগ্য যে অনেকেই সেটিকে আসল বলে ধরে নিয়েছেন।

‘বিবাহবিচ্ছিন্ন বাবা’দের নিয়েও চলছে নানা ঠাট্টা। এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘জেনসেনের চামড়ার জ্যাকেট নিয়ে এত আলোচনা দেখে দু’বছর আগের একটি ঘটনা মনে পড়ছে। আমার প্রিয় মোটরসাইকেল-ধাঁচের জ্যাকেট পরে এক পার্টিতে গিয়েছিলাম। এক ঘনিষ্ঠ বন্ধু বলেছিল, ‘দারুণ জ্যাকেট। তোমার ডিভোর্স হয়েছে শুনে খারাপ লাগল।’’

আসলে স্টিভ জোবসের কালো গলাঢাকা সোয়েটার ও জিন্স কিংবা মার্ক জ়াকারবার্গের লাতিন স্লোগান লেখা টি-শার্টের মতোই হুয়াংয়ের কালো চামড়ার জ্যাকেট তাঁর ব্যক্তিগত পরিচয়ের অংশ হয়ে উঠেছে। সঙ্গে থাকে কালো টি-শার্ট ও কালো জিন্স। জ্যাকেটের রংও বরাবর এক—কালো।

সেপ্টেম্বরে সিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে হুয়াং জানিয়েছিলেন, তাঁর সংগ্রহে রয়েছে ৩০ থেকে ৪০টি চামড়ার জ্যাকেট। সেগুলি বেছে দেওয়ার কৃতিত্ব অবশ্য স্ত্রী লোরি হুয়াংয়ের। সংগ্রহে রয়েছে শরীরের সঙ্গে আঁটোসাঁটো মোটরসাইকেল-ধাঁচের জ্যাকেট, একাধিক জ়িপ লাগানো নকশা, কুমিরের চামড়ার মতো ছাপ দেওয়া কলারবিহীন জ্যাকেট, আবার ছিমছাম কাটের পরিপাটি পোশাকও।

বাণিজ্য প্রদর্শনী থেকে পার্টি, ডেভেলপার সম্মেলনের মঞ্চ—সর্বত্রই এই পোশাকে দেখা গিয়েছে তাঁকে। ২০২১ সালে টম ফোর্ডের কালো চামড়ার জ্যাকেট পরে ‘টাইম’ পত্রিকার প্রচ্ছদেও জায়গা করে নিয়েছিলেন হুয়াং। গত জুলাইয়ে সথবিজ়ের একটি দাতব্য নিলামে তাঁর পরা ও স্বাক্ষর করা আর একটি টম ফোর্ড জ্যাকেট বিক্রি হয় ৯ লক্ষ ৬০ হাজার ডলারে। জ্যাকেটটির মূল দামের দশ গুণেরও বেশি অর্থ উঠেছিল নিলামে।

লেখক ও স্টাইলিস্ট পিটার বিভানের মতে, চামড়ার জ্যাকেট পরে হুয়াং আসলে নিজের মধ্যে একটু ‘কুল’ ভাব তৈরি করতে চান। এই পোশাকের আকর্ষণের পিছনে রয়েছে তার দীর্ঘ বিদ্রোহী ইতিহাসও।

১৯৫৩ সালের ‘দ্য ওয়াইল্ড ওয়ান’ ছবিতে তির্যক জ়িপ লাগানো চামড়ার জ্যাকেট পরে মোটরবাইক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন মার্লন ব্র্যান্ডো। পর্দার বাইরেও একই ধরনের পোশাকে দেখা যেত জেমস ডিনকে। ১৯৭৭ সালে ডেভিড বোয়ির ‘হিরোজ়’ অ্যালবামের প্রচ্ছদেও ছিল কালো চামড়ার জ্যাকেট। ‘ডার্টি ডান্সিং’-এ প্যাট্রিক সোয়েজ়ি, ‘গ্রিজ়’-এ জন ট্রাভোল্টা এবং ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায় হ্যারিসন ফোর্ডও এই পোশাককে হলিউডের চিরকালীন স্টাইলের অংশ করে তুলেছেন।

অর্থাৎ, কর্পোরেট স্যুটের বদলে কালো চামড়ার জ্যাকেট বেছে নেওয়ার মধ্যে রয়েছে এক ধরনের বার্তা। হুয়াং যেন বোঝাতে চান, তিনি আর পাঁচজন কর্পোরেট কর্তার মতো নন। তিনি অনুসরণ করেন না, বরং অন্যদের অনুসরণ করার মতো নিজস্ব স্টাইল তৈরি করেন।

বিভানের ভাষায়, ‘‘ব্যাপারটা অনেকটা যেন হুয়াং বলছেন, ‘আমি আর পাঁচজন ধনকুবের বসের মতো নই। আমি একজন কুল ধনকুবের বস।’’’

অক্টোবরে সিবিএস-এর এক সাক্ষাৎকারে হুয়াংকে প্রশ্ন করা হয়েছিল, দিনের পর দিন একই ধরনের চামড়ার জ্যাকেট পরার কারণ কী? তাঁর উত্তর, সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি এড়ানো।

হুয়াং বলেন, ‘‘কালো মানে বেছে নেওয়ার ঝামেলা নেই। রোজ একই জিনিস পরতে ভালই লাগে, কারণ কোনও চমক থাকে না। অন্যদের হয়তো তিন-চারটি সিদ্ধান্ত নিতে হয়। আমি সেই কাজটা আমার তালিকা থেকে বাদ দিয়েছি। ঘুম থেকে উঠেই তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ভাবতে পারি।’’

প্রযুক্তি দুনিয়ার অন্য ধনকুবেরদের কাছেও তাঁর এই সাজ যথেষ্ট আকর্ষণীয়। ২০২৪ সালে জ়াকারবার্গ হুয়াংয়ের সঙ্গে জ্যাকেট অদলবদলের একটি ছবি পোস্ট করেছিলেন। সেই বছরই কলোরাডোর সিগগ্রাফ সম্মেলনে হুয়াংকে আর একটি চামড়ার জ্যাকেট উপহার দেন তিনি।

জ্যাকেটটির বর্ণনা দিতে গিয়ে জ়াকারবার্গ বলেছিলেন, ‘‘কালো চামড়ার, আর ভেড়ার লোম-সহ চামড়ার আস্তরণ দেওয়া। একেবারে অন্য রকম একটা ভাব আছে। মানে, এঁকে এ বার একটা চেনও এনে দিন।’’

বদলে নিজের গায়ের কালো চামড়ার জ্যাকেটটি জ়াকারবার্গকে দিয়ে দেন হুয়াং। জানান, সে বছরের সম্মেলনের স্মারক হিসেবে স্ত্রী লোরি তাঁকে সেটি কিনে দিয়েছিলেন। জ্যাকেটটি গায়ে চাপিয়ে জ়াকারবার্গের মন্তব্য, ‘‘এটার দাম আরও বেশি, কারণ এটা ব্যবহার করা হয়েছে।’’

তবে সব চামড়ার জ্যাকেটই যে সমান কেতাদুরস্ত, তা মনে করেন না বিভান। তাঁর মতে, হুয়াং যে ধরনের ডিজ়াইনার জ্যাকেট বেছে নেন, ফ্যাশন দুনিয়ার অভিজ্ঞ ব্যক্তিরা সেগুলির কদর করবেন। কিন্তু একেবারে নতুন, বাক্স থেকে সদ্য বের করা ঝকঝকে চামড়ার জ্যাকেটে কুল দেখানোর চেষ্টাটা বেশি চোখে পড়ে। আর সেখানেই তৈরি হয় ‘মধ্যবয়সের সংকট’-এর সেই পরিচিত ছবি।

বিভানের মতে, চামড়ার জ্যাকেট কেনার সময়ে পুরুষেরা সবচেয়ে বড় ভুল করেন অতিরিক্ত চকচকে, নতুন এবং আঁটোসাঁটো পোশাক বেছে নিয়ে।

এই ভুলের তালিকায় রয়েছেন টেলিভিশন উপস্থাপক জেরেমি ক্লার্কসনও। হাঁটুর নীচ থেকে কিছুটা চওড়া হয়ে নামা বুটকাট জিন্সের সঙ্গে কালো চামড়ার জ্যাকেট পরতে ভালবাসেন তিনি।

বিভানের চোখে চামড়ার জ্যাকেট পরার সেরা কায়দা তাঁদেরই আয়ত্তে, যাঁদের দেখে মনে হয়, জ্যাকেটটি যেন চিরকাল তাঁদেরই ছিল। অর্থাৎ, পোশাকটি পরার জন্য আলাদা করে চেষ্টা করতে হচ্ছে না, বরং সেটি স্বাভাবিক ভাবেই তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে মিশে গিয়েছে।

হুয়াংয়ের সমবয়সি লেনি ক্রাভিটজ়ের পছন্দ ব্যবহারে ক্ষয়ে যাওয়া, পুরনো চেহারার চামড়ার জ্যাকেট। তাঁর চেয়ে এক দশক বড় জন মালকোভিচ ভালবাসেন ঢিলেঢালা, বড় মাপের বাদামি চামড়ার জ্যাকেট। অন্য দিকে, তিরিশের কোঠায় থাকা র‌্যাপার এ$এপি রকির সাজেও নিয়মিত জায়গা করে নিয়েছে চামড়ার বোম্বার জ্যাকেট।

যাঁদের মধ্যে তারুণ্যের সেই সহজাত ছাপ বা ‘রকস্টার’ ব্যক্তিত্ব নেই, তাঁদের জন্য অবশ্য অন্য পরামর্শ রয়েছে বিভানের। চামড়ার জ্যাকেটের বদলে সুতির হ্যারিংটন-ধাঁচের জ্যাকেট বেছে নিতে পারেন তাঁরা। তাঁর কথায়, ‘‘তাতেও একই রকম কুল ভাব আছে, কিন্তু চামড়ার পোশাকের সঙ্গে জড়িয়ে থাকা মধ্যবয়সের সংকটের বোঝা নেই।’’

হুয়াংয়ের সামনে অবশ্য শিগগিরই আসতে পারে পোশাকের পরীক্ষা। প্রযুক্তি সম্মেলনের মঞ্চে কালো চামড়ার জ্যাকেট পরে তিনি বরাবরই স্বচ্ছন্দ। কিন্তু আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে গেলে সেই একই পোশাকে কতটা সাবলীল থাকতে পারবেন, সেটাই এখন দেখার।