রবিবার মাদ্রিদে নেশনস লিগের ম্যাচে স্পেনকে ৩–২ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ইংল্যান্ডের সমর্থকদের ‘বর্ণবিদ্বেষী এবং/অথবা বৈষম্যমূলক’ আচরণের জন্য উয়েফা নির্দেশ দিয়েছে, প্রতিপক্ষের মাঠে একটি প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের সমর্থকদের টিকিট বিক্রি করতে পারবে না ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তবে নিষেধাজ্ঞা দু’বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে ফের এমন অভিযোগ উঠলে নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।
উয়েফা এফএ-কে ১৫ হাজার ইউরো (১২ হাজার ৫০০ পাউন্ড) জরিমানাও করেছে। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ইংল্যান্ডের কিছু সমর্থক ‘পোপ আর আইআরএ চুলোয় যাক’ বলে স্লোগান তুলেছিলেন। মনে করা হচ্ছে, ওই স্লোগানের জেরেই এই শাস্তি।
ব্রিটিশ সংবাদপত্র মেল-কে দেওয়া এক বিবৃতিতে এফএ বলেছে, “এই ধরনের জঘন্য, অত্যন্ত আপত্তিকর স্লোগান আমরা বরদাস্ত করব না। দেশে ও বিদেশে ইংল্যান্ডের প্রতিটি ম্যাচেই পুলিশ উপস্থিত থাকে। যারা এই স্লোগান দিয়েছে, তাদের চিহ্নিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা পুলিশের সঙ্গে কাজ করব।”
উয়েফার নিয়ন্ত্রণ, নৈতিকতা ও শৃঙ্খলারক্ষা কমিটি তাদের সিদ্ধান্তে জানিয়েছে, সমর্থকদের ওই আচরণের জন্য জরিমানার পাশাপাশি জাতীয় দলের একটি প্রতিযোগিতামূলক অ্যাওয়ে ম্যাচে নিজেদের সমর্থকদের টিকিট বিক্রির উপর এফএ-র ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিদ্ধান্ত ঘোষণার দিন থেকে দু’বছর পর্যন্ত এই নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।
উয়েফার শৃঙ্খলাবিধির সংশ্লিষ্ট ধারায় বলা আছে, কোনও সদস্য সংস্থা বা ক্লাবের এক বা একাধিক সমর্থক যদি গায়ের রং, বর্ণ, ধর্ম, জাতিগত পরিচয়, লিঙ্গ, যৌন অভিমুখ বা অন্য কোনও কারণে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর মানবিক মর্যাদায় আঘাত করেন, তা হলে সংশ্লিষ্ট সংস্থা বা ক্লাবকে অন্তত জরিমানা দিতে হবে। সেই সঙ্গে হয় স্টেডিয়ামের একাংশ দর্শকদের জন্য বন্ধ রাখতে হবে, অথবা প্রতিপক্ষের মাঠে নিজেদের সমর্থকদের টিকিট বিক্রিতে বিধিনিষেধ জারি হবে।
ম্যাচের আগেই ইংল্যান্ডের কোচ টমাস টুখেল তাঁর ফুটবলারদের মনে করিয়ে দিয়েছিলেন, মাঠে বর্ণবিদ্বেষী আচরণের মুখে পড়লে কী নিয়ম মেনে চলতে হবে। এর আগে মাদ্রিদে দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৪ সালে। সে দিন ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফুটবলারদের উদ্দেশে গ্যালারি থেকে বর্ণবিদ্বেষী গালিগালাজ করা হয়েছিল।
গত মার্চে বার্সেলোনায় মিশরের বিরুদ্ধে ম্যাচে মুসলিমদের নিয়ে বৈষম্যমূলক স্লোগান উঠেছিল। সেই ঘটনায় গত মাসে স্পেনকে ১৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়। পরের প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একাংশ দর্শকদের জন্য বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।
রবিবারের স্লোগানটি ইংল্যান্ডের একাংশের সমর্থকদের মধ্যে বহুদিন ধরেই চালু, যদিও স্টেডিয়ামে তা তুলনামূলকভাবে কম শোনা যায়। আরও বেশি শোনা যায় এমন কয়েকটি স্লোগান, যার নিশানা শুধু আইআরএ বা আইরিশ রিপাবলিকান আর্মি। এমনকি জাতীয় সংগীত গাওয়ার ফাঁকেও কিছু সমর্থক ‘নো সারেন্ডার’ (‘আত্মসমর্পণ করব না’) কথাটি ঢুকিয়ে দেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।