নিউ ইয়র্কে ২০২৩ সালে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। আজ, ২০ নভেম্বর, গুপ্তের সাজা নির্ধারণের শুনানিতে সশরীরে হাজির হওয়ার কথা পান্নুনের। সে ক্ষেত্রে এই প্রথম আদালতে মুখোমুখি হবেন তাঁরা। দু’জনেই বিচারকের সামনে নিজের বক্তব্য জানাতে পারেন।
মার্কিন সরকারি আইনজীবীরা জেলা বিচারকের কাছে আর্জি জানিয়েছেন, অপরাধের শিকার হিসেবে পান্নুনকে যেন আদালতে বক্তব্য রাখার জন্য ২০ মিনিট সময় দেওয়া হয়। গুপ্তের নিউ ইয়র্কের আইনজীবী ইসাবেল এ কির্শনার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে ইমেলে জানান, সাজা নির্ধারণের শুনানিতে প্রত্যেক অভিযুক্তেরই নিজের বক্তব্য বিচারককে মুখে বলার অধিকার রয়েছে। যিনি অপরাধের শিকার, আইন তাঁকেও সেই অধিকার দিয়েছে।
পান্নুনকে হত্যার ছক শেষ পর্যন্ত বানচাল হয়ে যায়। ওই ঘটনায় গুপ্তের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছিল—টাকার বিনিময়ে খুন করানোর জন্য লোক নিয়োগ, সেই উদ্দেশ্যে ষড়যন্ত্র এবং অর্থপাচারের ষড়যন্ত্র। ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হন গুপ্ত। এক বছর পরে, ২০২৪ সালের জুনে, তাঁকে আমেরিকার হাতে প্রত্যর্পণ করা হয়। তখন থেকেই তিনি ব্রুকলিনে বন্দি।
গোড়ায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন গুপ্ত। এ বছরের ফেব্রুয়ারিতে তিনি আদালতে দোষ স্বীকার করেন। এর ফলে বিদেশের মাটিতে হত্যার ষড়যন্ত্রে এক ভারতীয় নাগরিকের জড়িত থাকার কথা তাঁর নিজের আদালতি স্বীকারোক্তিতেই উঠে আসে।
খবর অনুযায়ী, গুপ্তের ২৪ বছরের কারাদণ্ড চেয়েছেন মার্কিন সরকারি আইনজীবীরা। তাঁর আইনজীবী অবশ্য সাজা কমিয়ে ১২ বছর করার আর্জি জানিয়েছেন। মার্কিন জেলা বিচারক ভিক্টর মারেরোর কাছে গুপ্তের তরফে অনুশোচনার একটি চিঠিও জমা দিয়েছেন তিনি। সাজা নির্ধারণের আগে আদালতে পেশ করা বক্তব্যে গুপ্ত জানিয়েছেন, ওই ষড়যন্ত্রে জড়িয়ে পড়ার জন্য তিনি গভীর ভাবে অনুতপ্ত। তাঁর দাবি, তিনি একাই কাজ করেছিলেন।
এ দিকে, তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারত সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে পৃথক একটি দেওয়ানি মামলা করেছেন পান্নুন। সেই মামলায় দিল্লির আদালতগুলির মাধ্যমে ডোভাল ও গোয়েলের কাছে সমন পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার ফেডারেল আদালত।
নয়াদিল্লি একাধিক বার জানিয়েছে, পান্নুনকে হত্যার কোনও ষড়যন্ত্রের সঙ্গে ভারত সরকারের যোগ নেই। এমন কাজে যুক্ত হওয়া ভারত সরকারের নীতিবিরুদ্ধ। কির্শনারও স্পষ্ট করেছেন, দেওয়ানি মামলাটির সঙ্গে গুপ্তের সাজা নির্ধারণের কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, “সমনগুলি মি. পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলা সংক্রান্ত। মি. গুপ্তের বিরুদ্ধে ফৌজদারি মামলার সঙ্গে এগুলির কোনও সম্পর্ক নেই।”
১৩ নভেম্বর নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালত তার ক্লার্ককে নির্দেশ দেয়, ডোভালের জন্য সমন ও সংশ্লিষ্ট নথি পাঠাতে হবে দিল্লির পাটিয়ালা হাউস জেলা আদালতে। গোয়েলের জন্য সেগুলি পাঠাতে হবে দ্বারকা ও তিস হাজারি আদালতে। বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা তাঁর নির্দেশে লিখেছেন, বিচারাধীন এই দেওয়ানি মামলায় বিবাদীদের হাতে সমন ও নথি পৌঁছে দিতে সংশ্লিষ্ট ভারতীয় আদালতগুলির সহযোগিতা চাওয়া হচ্ছে।
ভারত মামলাটিকে ‘ভিত্তিহীন’ বলে খারিজ করেছে। ১০ নভেম্বর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে এই মনগড়া ও বিদ্বেষমূলক আক্রমণ আমরা প্রত্যাখ্যান করছি। এই ধরনের ভিত্তিহীন মামলাও আমরা প্রত্যাখ্যান করছি। ভারতে আদালতের নথি পৌঁছে দেওয়ার অনুরোধ একমাত্র এ দেশের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রকের মাধ্যমেই পাঠানো যায়।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।