উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের গড় গোরক্ষপুরে বুধবার পিডিএ রথযাত্রা নিয়ে গেলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। দুপুর নাগাদ গোরক্ষপুর বিমানবন্দর থেকে শুরু হয় রোড শো। বেশ কয়েকটি গ্রামের মধ্য দিয়ে ২০ কিলোমিটার পথ পেরিয়ে ঐতিহাসিক চৌরিচৌরায় পৌঁছন অখিলেশ। সেখানে জনসভায় গোরক্ষপুরের উন্নয়ন নিয়ে বিজেপি সরকারের দাবিকে প্রশ্নের মুখে ফেলেন তিনি।

পিডিএ বলতে পিছড়া, দলিত ও অল্পসংখ্যক, অর্থাৎ অনগ্রসর শ্রেণি, দলিত ও সংখ্যালঘুদের বোঝায়। সেপ্টেম্বরের শেষ দিকে রায়বরেলি থেকে এই রথযাত্রা শুরু করেছিলেন অখিলেশ। এ দিন গোরক্ষপুর থেকে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের জন্য পূর্বাঞ্চলে প্রচার শুরু করল তাঁর দল। কর্মসূচিতে যোগ দিতে গোরক্ষপুর জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পূর্বাঞ্চলের অন্য জেলা থেকেও দলের কর্মীদের সংগঠিত করা হয়েছিল।

চৌরিচৌরার সভায় অখিলেশ গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর কথা মনে করিয়ে দেন। ওই ঘটনায় অক্সিজেনের ঘাটতির অভিযোগ উঠেছিল। তাঁর অভিযোগ, জেলায় এইমস গড়ে ওঠার পরেও গরিব মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি বিজেপি সরকার। সরকারি হাসপাতালে এখনও গরিব রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। শহরে এইমস থাকা সত্ত্বেও তাঁদের বেসরকারি হাসপাতালে ছুটতে হয়। অসুস্থ হয়ে এইমসের অধিকর্তা নিজেই এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে গিয়েছিলেন বলে দাবি করেন অখিলেশ। তাঁর প্রশ্ন, এর পরে সাধারণ মানুষ ওই প্রতিষ্ঠানের উপর ভরসা রাখবেন কী করে?

অখিলেশের দাবি, গোরক্ষপুরে এইমসের জন্য জমির ব্যবস্থা এবং প্রকল্পের প্রাথমিক কাজ হয়েছিল সমাজবাদী পার্টির সরকারের আমলেই। গোরক্ষপুরে প্রায় ৫০০ বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল আছে বলে দাবি করে তিনি অভিযোগ করেন, গরিব মানুষ যাতে বিনা খরচে চিকিৎসা পান, সে ব্যাপারে সরকারের আগ্রহ নেই।

সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আর কোনও কার্ড দেখাতে হবে না বলে প্রতিশ্রুতি দেন অখিলেশ। চিকিৎসা ও ওষুধ, দুই-ই বিনামূল্যে মিলবে। সইফই মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং লখনউয়ের রামমনোহর লোহিয়া ইনস্টিটিউটের উদাহরণ দিয়ে তিনি বলেন, তাঁর সরকার ক্যানসার, লিভার ও হৃদ্‌রোগের মতো গুরুতর অসুখের চিকিৎসায় আর্থিক সাহায্য দিত।

গোরক্ষপুরের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে অখিলেশ টেনে আনেন শহরের জল জমার প্রসঙ্গ। তাঁর কথায়, লখনউয়ের মতো গোরক্ষপুরেও মেট্রো চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অথচ সম্প্রতি মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বাসিন্দাদের নৌকায় যাতায়াত করতে হয়েছে। তাঁর কটাক্ষ, “গোরক্ষপুরে এসে মনে হল ইউরোপ বেড়াতে এসেছি। বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির স্পেন আর ভেনিসও এখানে আছে।” তিনি আরও বলেন, “এক সময় কথা দেওয়া হয়েছিল, লখনউয়ের মতো গোরক্ষপুরেও মেট্রো চলবে। অথচ প্রতি বর্ষায় এখানকার মানুষকে নৌকায় চড়েই যাতায়াত করতে হয়।”

স্বাধীনতা আন্দোলনে চৌরিচৌরার ভূমিকা স্মরণ করে শহিদ স্বাধীনতা সংগ্রামী বাবু বন্ধু সিংহের প্রতি শ্রদ্ধা জানান অখিলেশ। তিনি বলেন, “স্বাধীনতার আগে চৌরিচৌরার মানুষ ইতিহাস গড়েছিলেন। গোটা দেশ তখন আন্দোলনে শামিল। এখানে যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের আত্মত্যাগেই বিশ্বের আন্দোলনের ইতিহাসে চৌরিচৌরা জায়গা করে নিয়েছে।”

সভায় যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে প্রবল উৎসাহ দেখেছেন বলে দাবি করেন অখিলেশ। তাঁর কথায়, ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বারাণসীতে সম্প্রতি অনুষ্ঠিত বিধান পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্য, “আজ ভোট হলে গোরক্ষপুরে বিজেপি পাবে ‘ডাবল জিরো’।”

প্রাক্তন বিজেপি নেতা বিনয় কুমার সিংহের দশম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেন অখিলেশ। বিনয় এলাকায় ‘বিন্নু সিংহ’ নামে পরিচিত ছিলেন। দেবকহি গ্রামে স্বাধীনতা সংগ্রামী বাবু বন্ধু সিংহের মূর্তিও উন্মোচন করেন তিনি।

তিওয়ারি হাটায় প্রাক্তন সাংসদ ভীষ্মশঙ্কর তিওয়ারি ওরফে কুশল তিওয়ারি এবং প্রাক্তন বিধায়ক বিনয়শঙ্কর তিওয়ারির সঙ্গেও অখিলেশের দেখা করার কথা ছিল। বিধানসভা ভোটের আগে পূর্বাঞ্চলের ব্রাহ্মণ ভোটারদের কাছে টানতে সমাজবাদী পার্টি যে চেষ্টা চালাচ্ছে, তারই অংশ হিসেবে এই সফরকে দেখা হচ্ছে।