মসজিদের চিলেকোঠার দরজায় ভিতর থেকে খিল দেওয়া। বাইরে দাঁড়িয়ে গ্রামের এক বাসিন্দা জানতে চাইলেন, “কে আছেন ভিতরে?” ওপাশ থেকে জবাব এল, “এখান থেকে চলে যান। প্রাণ বাঁচাতে দৌড়ে পালান।”

লোকটি বাইরে এসে পুলিশকে কথাটা জানালেন। শুনে পুলিশের ধারণা হল, প্রায় এক বছর ধরে যাঁকে তারা খুঁজছে, সেই মহম্মদ লতিফ ভাটই ভিতরে আছেন। পরদিন, বুধবার সকালে, দক্ষিণ কাশ্মীরের কুলগামে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন লস্কর-ই-তৈবার এই ২২ বছরের কমান্ডার। পুলিশের নথি অনুযায়ী, কাশ্মীর উপত্যকায় তখনও সক্রিয় স্থানীয় জঙ্গিদের মধ্যে ভাটই ছিলেন শেষ জন।

আগের দু’দিন ধরে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর যৌথ দল কুলগামের কয়েকটি গ্রাম ঘিরে তল্লাশি চালাচ্ছিল। তল্লাশির নজর ছিল এলাকার মসজিদগুলিতে। এক পুলিশকর্তার কথায়, অন্তত এক মাস ধরে ভাট বিভিন্ন মসজিদে রাত কাটাচ্ছিলেন বলে তাঁদের কাছে খবর ছিল। এলাকার অধিকাংশ মসজিদে খোঁজ নেওয়ার পর মঙ্গলবার তল্লাশি গড়ায় দেবসরে। সেখানকার জাংলিপোরা গ্রামে পৌঁছে যৌথ বাহিনী এক গ্রামবাসীকে মসজিদের ভিতরে কেউ আছেন কি না দেখে আসতে বলে। তিনিই চিলেকোঠার দরজার ওপাশ থেকে ওই জবাব শুনেছিলেন।

অভিযান শুরুর আগে পুলিশ অবশ্য ভাটের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিল। মসজিদের ইমামকে ডেকে তাঁর হাতে একটি ফোন দেওয়া হয়। তাঁকে বলা হয়, ফোনটি যেন তিনি ভিতরে যিনি আছেন, তাঁর হাতে পৌঁছে দেন। তার পর ভিডিও কলে মুখোমুখি হন দু’পক্ষ। এক দিকে পুলিশ ও সেনাবাহিনীর পদস্থ কর্তারা, অন্য দিকে ভাট।

বয়স যে তাঁর মাত্র ২২, সে কথা মনে করিয়ে দিয়ে তাঁকে বারবার আত্মসমর্পণ করতে বলেন অফিসারেরা। ভাট রাজি হননি। এক অফিসার তাঁকে ভরসা দিয়ে বলেন, চিন্তার কিছু নেই, তাঁরা তাঁর পাশে আছেন। ভাট জবাব দেন, “আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহর সঙ্গে দেখা হবে ভেবে আমি খুশি।”

পুলিশের বয়ান অনুযায়ী, প্রথম গুলিটি চালান ভাট। রাত পৌনে তিনটে নাগাদ যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। ভাট যাতে পালাতে না পারেন এবং মসজিদেরও যাতে ক্ষতি না হয়, সে জন্য বাহিনী দিনের আলো ফোটার অপেক্ষা করে। সকালেও মসজিদ ঘিরে রেখেছিল বাহিনী। ভিতরে কাঁদানে গ্যাস ও লঙ্কার গ্যাসের গ্রেনেড ছোড়া হলে ভাট বেরিয়ে আসতে বাধ্য হন বলে পুলিশ জানিয়েছে।

সকাল সাড়ে ন’টা নাগাদ ভাট মসজিদ থেকে ছুটে বেরিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে চালাতে বাহিনীর ঘেরাটোপ পেরোনোর চেষ্টা করেন বলে পুলিশের দাবি। রাস্তা পেরিয়েও গিয়েছিলেন। তার পরেই বাহিনীর গুলিতে তাঁর মৃত্যু হয়।

ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১৮ নভেম্বর, ভাট নিখোঁজ হয়েছিলেন। পরে তিনি লস্কর-ই-তৈবার জাকির গানাইয়ের সঙ্গে যোগ দেন। পুলিশের বক্তব্য, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর হামলায় ভাট জড়িত ছিলেন। সেই হামলায় তিন জওয়ান আহত হন। পুলিশের হিসাবে, কাশ্মীরের বিভিন্ন এলাকায় এখনও প্রায় ৩০ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয়।