আগরায় ‘দমদার দলিত’ স্লোগান তুলে দলিতদের কাছে টানতে চেয়েছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। কয়েক দিনের মধ্যেই, ১৬ নভেম্বর, মথুরা থেকে জবাব দিল বিজেপি। দলের মুখে জোড়া স্লোগান—‘রাধে রাধে, কমল খিলা দে’, ‘অব কি বারি, বাঁকে বিহারী’।

এ সপ্তাহের গোড়ায় মথুরায় বিজেপির দু’দিনের বৈঠক চলাকালীন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা দলের প্রবীণ নেতা কেশবপ্রসাদ মৌর্য সাংবাদিকদের বলেন, আসন্ন বিধানসভা ভোটে তাঁদের প্রচারের কেন্দ্রে থাকবে মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে এক বিশাল মন্দির নির্মাণের কর্মসূচি। অখিলেশের ‘পিডিএ’ সূত্রে রয়েছে তিন জনগোষ্ঠী—পিছড়ে অর্থাৎ অনগ্রসর শ্রেণি, দলিত এবং অল্পসংখ্যক অর্থাৎ সংখ্যালঘু। বিজেপি ইঙ্গিত দিয়েছে, এর মোকাবিলায় তারা সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথাই বলবে। সঙ্গে তুলে ধরবে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের ‘সাফল্যের খতিয়ান’।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কৃষ্ণ জন্মভূমির প্রসঙ্গ নতুন করে তুলে বিজেপি আসলে দলের অন্দরে জমে ওঠা অসন্তোষ আড়াল করতে চাইছে। কর্মীদের ক্ষোভের কারণ মূলত তিনটি—বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সমতা বিধি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি। দলীয় সূত্রের খবর, মথুরার বৈঠকে ইউজিসির বিধি ও এসআইআর, দুই প্রসঙ্গই উঠেছে। দলের একাংশের ধারণা, দুই ক্ষেত্রেই ধাক্কা খেয়েছে বিজেপির নিজস্ব ভোটব্যাঙ্ক।

সূত্রের খবর, শহর ও মফস্‌সলে ব্রাহ্মণ, বৈশ্য, রাজপুত এবং কায়স্থ সম্প্রদায়ের কর্মীরা প্রশ্ন তুলেছেন, বিধানসভা ভোটের আগে ইউজিসির ওই বিধি চালু করার কী প্রয়োজন ছিল? দীর্ঘদিন ধরে এই কর্মীরাই ওই সব এলাকায় বিজেপির সংগঠনকে ধরে রেখেছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমতা প্রতিষ্ঠা ও বৈষম্য রুখতে ২০২৬ সালের জানুয়ারিতে বিধিটি জারি করেছিল ইউজিসি। পরে সুপ্রিম কোর্ট তার কার্যকারিতায় স্থগিতাদেশ দেয়।

এসআইআরে দলের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে, এমন ধারণাও বিজেপির অন্দরে জোর পাচ্ছে। বৈঠকে কেউ কেউ বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ যখন চলছিল, তখন স্থানীয় নেতারা দলের পদ পেতে লখনউয়ে যাতায়াতেই ব্যস্ত ছিলেন। ফলে শহরের ভোটারদের নাম তালিকায় তোলার কাজ পিছিয়ে পড়ে। দলের মধ্যে আরও একটি কথা উঠছে—যাঁরা নিজেরা কখনও ভোটে জেতেননি, প্রার্থী বাছাইয়ে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে কেন?

দলীয় সূত্রের খবর, নেতৃত্ব আশ্বাস দিয়েছেন, মানুষের কাছে যাওয়ার আগে তাঁরা ‘নিজেদের ভুল শুধরে নেবেন’। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্লোগান দিয়েছেন ‘বুথ পর ইউথ’—বুথে বুথে তরুণেরা। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম ফেরাতে কর্মীদের উদ্যোগী হতে বলেছেন তিনি।

বৈঠকের পরেই দিল্লি উড়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা অমিত শাহের সঙ্গে দেখা করেন যোগী। মথুরার আলোচনায় কী উঠে এসেছে, তা তিনি শাহকে জানান। এনডিএ শরিকদের সঙ্গে কোন সূত্রে আসন ভাগ হবে, তা নিয়েও দু’জনের কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিরোধী ‘ইন্ডিয়া’ জোট আসন সমঝোতা ঘোষণা করতে ‘দেরি’ করছে বলে সরব বিজেপি। এ দিকে নিজেদের জোটেই বেশি আসনের জন্য চাপ বাড়াচ্ছে শরিকেরা। পর্যবেক্ষকদের মতে, তাদের দাবি মেনে নিলে বিজেপির নিজস্ব কর্মীদের ক্ষোভ আরও বাড়তে পারে। আবার শরিকদের উপেক্ষা করাও কঠিন। কারণ, যে সব জনগোষ্ঠীর ভোট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটকে এগিয়ে দিয়েছিল, তাদের মধ্যে এই শরিকদের প্রভাব রয়েছে।

২০২২ সালের বিধানসভা ভোটে রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ছিল অখিলেশের জোটে। এখন দুই দলই এনডিএ-তে। খবর, এ বার আরএলডি চাইছে ৩০টি আসন, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ২০টি। সম্প্রতি এক জনসভায় আরএলডির সাধারণ সম্পাদক ত্রিলোক ত্যাগীর মন্তব্য, বিজেপির সঙ্গে তাঁদের সম্পর্কটা ‘বন্ধুত্বের, বিয়ের নয়’।

পুরনো শরিকদের ক্ষেত্রে বিজেপির সামনে বড় প্রশ্ন, সরকারবিরোধী মনোভাব তাদের জনসমর্থনে কতটা ক্ষয় ধরিয়েছে। নিষাদ সম্প্রদায়ের জন্য তফসিলি জাতির আওতায় সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে বিশেষ অগ্রগতি হয়নি। বিজেপির দীর্ঘদিনের শরিক নিষাদ পার্টি এ বার ৩৬টি আসন চাইছে।

আপনা দল (সোনেলাল)-এর নেত্রী অনুপ্রিয়া পটেল এখনও জানাননি, তাঁর দল কত আসন চায়। তবে মনে করিয়ে দিয়েছেন, ২০২২ সালে ১৭টি আসনে লড়ে ১২টিতেই জিতেছিল তাঁর দল। ২০২৪ সালের লোকসভা ভোটে জোটের ফল প্রত্যাশার চেয়ে খারাপ হওয়ার পরে সরকারি চাকরিতে সংরক্ষণের বিষয়টি রাজ্য সরকার যে ভাবে সামলেছে, প্রকাশ্যেই তার সমালোচনা করেছিলেন অনুপ্রিয়া। তাঁর স্বামী তথা রাজ্যের মন্ত্রী আশিস পটেলকে ঘিরেও টানাপড়েন রয়েছে। এ সবই ইঙ্গিত দিচ্ছে, আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষি কঠিন হবে।