বিংশ শতকের সাধক নিম করোলি বাবার জীবনের সঙ্গে জড়িয়ে আছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড দুই রাজ্যেরই নানা জায়গা। তাঁর প্রভাব ছড়িয়েছিল আরও দূরে। এ বার তাঁর স্মৃতিবিজড়িত স্থানগুলি একই তীর্থপথে জুড়ে দেওয়ার কথা ভাবছে দুই প্রতিবেশী রাজ্য।

আধিকারিকেরা জানিয়েছেন, তীর্থ ও ঐতিহ্য পর্যটনের যৌথ প্রচারে একটি সমঝোতাপত্র সইয়ের কথা বিবেচনা করছে দুই সরকার। প্রস্তাব অনুযায়ী, উত্তরপ্রদেশের ‘নীব করোরি বাবা সার্কিট’ উত্তরাখণ্ডের কৈঁচি ধাম পর্যন্ত বাড়ানো হবে। পাশাপাশি, দুই রাজ্যে মহাভারতের সঙ্গে জড়িত নানা স্থানকে নিয়ে একটি পর্যটনপথ গড়ে তোলার কথাও ভাবা হচ্ছে।

নৈনিতালের কাছে কৈঁচি ধামে নিম করোলি বাবার আশ্রম। দেশের নানা প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও ভক্তরা সেখানে আসেন। আশ্রমটিকে এই তীর্থপথে যুক্ত করার পরামর্শ দিয়েছিলেন উত্তরাখণ্ডের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী সৎপাল মহারাজ। বুধবার উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী জয়বীর সিংহের সভাপতিত্বে এক পর্যালোচনা বৈঠকে প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন রাজ্যের পর্যটন দফতরের মহানির্দেশক অমৃত অভিজাত।

আধিকারিকদের মতে, দুই রাজ্যের গন্তব্যগুলির যৌথ প্রচার হলে তীর্থযাত্রী ও পর্যটকেরা একই সফরে রাজ্যের সীমানা পেরিয়ে আরও বেশি জায়গা ঘুরে দেখতে পারবেন। তাতে তাঁরা ওই সব অঞ্চলে আরও কয়েক দিন কাটাতেও উৎসাহিত হতে পারেন।

বৈঠকে উত্তরপ্রদেশের চলতি পর্যটন প্রকল্পগুলি ও ২০২৬–২৭ সালের কর্মপরিকল্পনার অগ্রগতিও খতিয়ে দেখা হয়। আধিকারিকেরা জানান, রায়বরেলিতে ‘অবধ কেশরী রানা বেণীমাধব বখ্‌শ সিংহ গ্রন্থাগার’-এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। বারাণসীর লমহিতে প্রস্তাবিত মুন্সি প্রেমচন্দ স্মৃতি সংগ্রহশালা ও গ্রন্থাগারের জন্য নতুন করে গবেষণা চালিয়ে আরও কিছু উপাদান পাওয়া গিয়েছে। সেগুলি দর্শকদের সামনে তুলে ধরা যাবে।

লখনউয়ের ‘ভারতরত্ন ড. ভীমরাও আম্বেদকর স্মারক ও সংস্কৃতি কেন্দ্র’ হস্তান্তরের প্রক্রিয়া কত দূর এগিয়েছে, তা নিয়েও আলোচনা হয়। সেখানে প্রেক্ষাগৃহ নির্মাণ, ভবনের সামনের অংশের সংস্কার এবং চত্বর সাজানোর কাজ শেষ হয়েছে।

এ ছাড়াও, প্রয়াগরাজে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য বাস পরিষেবা চালু করা সম্ভব কি না, তা খতিয়ে দেখছে পর্যটন দফতর। লখনউয়ে প্রস্তাবিত ‘পরম্পরা ভবন’-এর জন্যও জমি চিহ্নিত করার কাজ চলছে। ভবনটিকে পর্যটন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।