প্রায় একশো বছর আগে দিল্লির আজকের রাইসিনা রোডের কাছে তৎকালীন সরবান গ্রামের এক ধাপকুয়ো থেকে উদ্ধার হয়েছিল একটি শিলালিপি। পাথরে নাগরী হরফে খোদাই করা সংস্কৃত লিপিটির তারিখ ১৩২৮ খ্রিস্টাব্দ। সেখানে দিল্লির নাম ‘ইন্দ্রপ্রস্থ’। মহাভারতেও এই নামের উল্লেখ রয়েছে। উদ্ধারের পর থেকে শিলালিপিটি সংরক্ষণ করে আসছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। এ বার সেটি দেখানো হবে দিল্লির পুরানা কিলায় এক বিশেষ প্রদর্শনীতে। সেখানেই বসছে ভারতের আয়োজনে প্রথম এসসিও সভ্যতা সংলাপ ফোরাম।
প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে ১০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া একটি জায়গা, যেখানে এখনও খনন চলছে। তাকে ঘিরেই সাজানো হচ্ছে দিল্লির দু’হাজার বছরেরও বেশি সময়ের সাংস্কৃতিক ইতিহাস। শিলালিপিটির পাশাপাশি প্রতিনিধিরা দেখতে পাবেন পুরানা কিলায় আগের দফার খননে পাওয়া নকশা-আঁকা ধূসর মাটির পাত্রের টুকরো। থাকবে অশ্বমেধ যজ্ঞের একটি দৃশ্যরূপও।
হেঁটে ঘুরে ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এই আয়োজনের নাম ‘অস্তিত্ব’। দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম। শুক্রবারের উদ্বোধনের আগে মঙ্গলবার পুরানা কিলায় ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। কর্মীরা কাজে শেষ হাত দিচ্ছিলেন। তদারক করছিলেন এএসআইয়ের আধিকারিক ও প্রত্নতাত্ত্বিকেরা।
এ বারের খননে নেতৃত্ব দিচ্ছেন এএসআইয়ের সংগ্রহশালা বিভাগের অধিকর্তা বসন্ত স্বর্ণকার। তিনি বলেন, “এ বার আমরা সাড়ে ছয় মিটার গভীর পর্যন্ত খুঁড়েছি। তাতে মৌর্য যুগ থেকে মোগল আমল পর্যন্ত ২,১০০ বছরের ধারাবাহিক ইতিহাসের স্তর উন্মোচিত হয়েছে। এসসিও ফোরাম শেষ হলেই সাধারণ মানুষ এসে তা দেখতে পারবেন।”
এর আগেও পুরানা কিলায় একাধিক দফার খননে নেতৃত্ব দিয়েছেন স্বর্ণকার। তাঁর কথায়, “এই একই ঢিবির অন্য কয়েকটি অংশে আগের বার আমরা আরও গভীরে পৌঁছেছিলাম। সেখানে তিন হাজার বছর ধরে সভ্যতার ধারাবাহিক চিহ্ন পাওয়া গিয়েছে।”
পুরানা কিলার যে দুর্গ আজ দেখা যায়, তা শের শাহ সুরির আমলে তৈরি বলে মনে করা হয়। স্বর্ণকার জানিয়েছেন, খননে আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের নিদর্শন মিলেছে। এই স্তরটিকে তিনি প্রাক্-মৌর্য পর্বের বলে চিহ্নিত করেছেন।
এএসআইয়ের ওয়েবসাইটে পুরানা কিলার বিবরণে বলা হয়েছে, “মনে হয়, হুমায়ুনের তৈরি দীনপনাহ নগরী মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন শের শাহ সুরি। সেই একই জায়গায় তিনি পুরানা কিলা দুর্গ গড়ে তোলেন। দুর্গকে ঘিরে বহুদূর পর্যন্ত ছড়িয়ে ছিল শহর। সম্ভবত এখানেই ছিল ইন্দ্রপ্রস্থ, যাকে পাণ্ডবদের রাজধানী বলে মনে করা হয়।”
পুরানা কিলায় প্রথম দু’দফার খনন হয় ১৯৫৪–৫৫ এবং ১৯৬৯–৭২ সালে। তখন এএসআইয়ের অধিকর্তা বি বি লাল এই ঢিবির নীচে নকশা-আঁকা ধূসর মৃৎপাত্রের সন্ধান পান। মহাভারতে উল্লিখিত বিভিন্ন স্থানে খননের উদ্যোগ নিয়েছিলেন লাল। তাঁর দাবি ছিল, ওই সব স্থানে এই একই ধরনের মৃৎপাত্রের চিহ্ন মিলেছে।
খনন করে যে পরিখা কাটা হয়েছে, লেজার আলোর সাহায্যে দর্শকদের সামনে তুলে ধরা হবে তার বিভিন্ন স্তরের ইতিহাস। ফোরাম উপলক্ষে একটি অস্থায়ী প্রদর্শনীও তৈরি হচ্ছে। আধিকারিকেরা জানিয়েছেন, পুরানা কিলার পাশাপাশি হস্তিনাপুর ও একই প্রত্নসংস্কৃতির অন্য স্থানগুলি থেকে পাওয়া মৃৎপাত্রের টুকরোও সেখানে রাখা হবে।
স্বর্ণকারের বক্তব্য, আগের এক দফার খননে পুরানা কিলায় অশ্বমেধ যজ্ঞের প্রমাণ মিলেছিল। তারই ভিত্তিতে প্রদর্শনীতে যজ্ঞের দৃশ্যটি ফুটিয়ে তোলা হবে। আধিকারিকেরা জানিয়েছেন, কুষাণ যুগের চার কামরার একটি বাড়ির প্রতিরূপও থাকবে। সঙ্গে থাকবে বণিকদের ব্যবহৃত মুদ্রা।
গত সপ্তাহে ফোরামের কথা ঘোষণা করতে গিয়ে মন্ত্রকের আধিকারিকেরা জানিয়েছিলেন, চিন, পাকিস্তান ও ইরান-সহ এসসিও দেশগুলি থেকে ভারতে আসা প্রতিনিধিরা পুরানা কিলায় ঘুরে ভারতের সভ্যতার ইতিহাসের নিদর্শনগুলি প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।