পাঞ্জাবে বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। শাসক আম আদমি পার্টি (আপ) ও প্রধান বিরোধী দল কংগ্রেসের মোকাবিলায় পুরনো জোট ফেরাতে বিজেপি ও শিরোমণি অকালি দলের আলোচনা অনেক দূর এগিয়েছে বলে সূত্রের খবর। চলতি সপ্তাহের শেষ দিকে দুই দলের শীর্ষ নেতারা বৈঠকে বসতে পারেন। কেন্দ্রের তিন কৃষি আইন ঘিরে ২০২০ সালে জোট ভেঙেছিল। পরে ওই আইনগুলি প্রত্যাহার করে কেন্দ্র।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করে অকালি দল। ২০১৭ সালে তাদের হাতে ছিল ১৫টি আসন। পাঁচ বছর পরে তা নেমে আসে তিনে। তার পর বিধায়ক মনপ্রীত আয়ালি দল ছেড়ে জেলবন্দি খাদুর সাহিবের সাংসদ অমৃতপাল সিংয়ের নেতৃত্বাধীন অকালি দল (ওয়ারিস পাঞ্জাব দে)-তে যোগ দেন। বিধানসভার বর্তমান তালিকায় তাই সুখবীর সিং বাদলের দলের বিধায়ক দু’জন। একসময় পাঞ্জাবের রাজনীতিতে প্রবল প্রভাব ছিল যে দলের, গত নির্বাচনে তাকেও ভাসিয়ে নিয়ে যায় আপের ঢেউ। ১১৭টি আসনের মধ্যে ৯২টি জেতে আপ।
কংগ্রেসের আসনও ২০১৭ সালের ৭৭ থেকে ২০২২-এ নেমে আসে ১৮টিতে। অকালি জোটের ছোট শরিক হিসেবে বিজেপি ২০০৭ সালে ১৯টি এবং ২০১২ সালে ১২টি আসন জিতেছিল। ২০১৭ সালে তারা জেতে তিনটি আসনে। ২০২২ সালে অকালিদের ছাড়া লড়ে বিজেপি পায় মাত্র দু’টি আসন।
ভোটের হিসাবেও ধরা পড়ে এই পালাবদল। ২০১৭ থেকে ২০২২-এর মধ্যে অকালি দলের ভোট ২৫.২৪ শতাংশ থেকে নেমে আসে ১৮.৩৮ শতাংশে। প্রধান দলগুলির মধ্যে তাদের ভোটই কমেছিল সবচেয়ে বেশি। কংগ্রেসের ভোট ৩০.৫ শতাংশ থেকে কমে হয় ২২.৯৮ শতাংশ। একই সময়ে আপের ভোট ২৩.৭২ শতাংশ থেকে বেড়ে হয় ৪২.০১ শতাংশ। বিজেপির ভোট সামান্য বেড়েছিল, ৫.৩৯ শতাংশ থেকে ৬.৬ শতাংশে।
জোটে কার কী স্বার্থ?
অকালি দলের সামনে প্রথম কাজ নির্বাচনী বিপর্যয় কাটিয়ে পাঞ্জাবের রাজনীতিতে নিজেদের জায়গা ফিরে পাওয়া। দলের ভিতরে অসন্তোষ ও ভাঙন সামলে সুখবীর এখন পুরনো সমর্থকদের ফেরাতে চাইছেন। বিশেষ করে চাষি, গ্রামবাসী এবং শিখ ভোটারদের একাংশের সমর্থন ফিরে পেতে চায় তাঁর দল।
বিজেপির অঙ্ক পাঞ্জাবের সীমানা ছাড়িয়েও। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলে উৎসাহিত বিজেপি দেশ জুড়ে প্রভাব বাড়ানোর পাশাপাশি রাজ্যসভাতেও নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে। ২০২৮ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে পাঞ্জাবের সাতটি রাজ্যসভা আসন খালি হবে। এর ছ’টি বর্তমানে এমন সাংসদদের দখলে, যাঁরা এ বছরের এপ্রিলে আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের যোগদানে ২৪৫ আসনের রাজ্যসভায় এনডিএর শক্তি বেড়েছে। সেখানে জোটের সদস্যসংখ্যা এখন দেড়শোর বেশি।
লোকসভাতেও অকালিদের সমর্থন বিজেপির কাজে লাগতে পারে। হরসিমরত কৌর বাদল সেখানে অকালি দলের একমাত্র সাংসদ। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যখন নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ ও মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত বিলগুলি এগিয়ে নিয়ে যেতে চাইছে, তখন হরসিমরতের সমর্থনে এনডিএর পক্ষে আরও একটি ভোট বাড়তে পারে।
আসন ভাগে গ্রামের ওজন
পাঞ্জাবের ২ কোটি ৭৭ লক্ষ মানুষের মধ্যে ১ কোটি ৭৩ লক্ষের বাস গ্রামে। গ্রামীণ ভোটারদের বড় অংশ কৃষির সঙ্গে যুক্ত। অকালি দল এবং কংগ্রেস বরাবরই এই ভোটারদের সমর্থন পেয়ে এসেছে। শিখ ভোটারদের একাংশের মধ্যেও অকালিদের প্রভাব এখনও রয়েছে। বিজেপির পুরনো ভোটভিত্তি মূলত শহর ও শিল্পাঞ্চলে। তবে ২০২২ সালের জয় দেখিয়েছিল, এই চেনা বিভাজন পেরিয়েও ভোট টানতে পারে আপ।
রাজ্যের ১১৭টি বিধানসভা আসনের অর্ধেকেরও বেশি গ্রামাঞ্চলে। তার মধ্যে রয়েছে ফাজিলকা, জিরা, জালালাবাদ, সুলতানপুর লোধি ও শাহকোট। আরও প্রায় ৩০টি আসন আধা-গ্রামীণ। মানসা, ফাগওয়াড়া, গুরুদাসপুর ও ফরিদকোট এই তালিকায় পড়ে।
বাটালা, খরড়, মোগা, খান্না ও মালেরকোটলা আধা-শহুরে কেন্দ্র। শহুরে আসনের সংখ্যা এক ডজনের কিছু বেশি। লুধিয়ানার উত্তর, দক্ষিণ, মধ্য, পূর্ব ও পশ্চিম কেন্দ্র, অমৃতসর উত্তর, জলন্ধর উত্তর, এসএএস নগর এবং হোশিয়ারপুর তার মধ্যে পড়ে। ফলে কোন দলের ভাগে কোন আসন যাবে, সেই আলোচনায় এই নির্বাচনী ভূগোল বড় হয়ে উঠবে।
বিজেপি চায় প্রায় দ্বিগুণ আসন, মুখ্যমন্ত্রীর মুখ কে?
জোট গড়ার পথে বড় বাধা হল, বিজেপি আর ছোট শরিকের পুরনো ভূমিকায় ফিরতে চায় না। দেশ জুড়ে দলের প্রভাব ও সাংগঠনিক শক্তি যে ভাবে বেড়েছে, তাতে পাঞ্জাবেও আগের চেয়ে অনেক বেশি আসন তাদের প্রাপ্য বলে মনে করেন বিজেপি নেতৃত্ব।
ঋণে জর্জরিত পাঞ্জাবের জন্য কেন্দ্রীয় সহায়তা আনা, পরিকাঠামোর উন্নয়ন এবং মাদকের সমস্যা মোকাবিলার ক্ষমতার কথাই বিজেপি সামনে রাখতে পারে। সীমান্ত রাজ্য হিসেবে পাঞ্জাবের কৌশলগত গুরুত্ব তুলে ধরে জাতীয় নিরাপত্তার প্রশ্নেও জোর দিতে পারে দল।
অকালিদের দরকষাকষির জোর তাদের পুরনো কৃষক সমর্থন এবং শিখ ভোটারদের একাংশের মধ্যে প্রভাব। গ্রামাঞ্চলে অকালিদের এই ভিত বিজেপির বিশেষ কাজে আসতে পারে। সম্প্রতি ভারতীয় কিসান ইউনিয়নের কাদিয়ান গোষ্ঠী অকালি দলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। তাতেও আলোচনায় অকালিদের হাত কিছুটা শক্ত হতে পারে।
পুরনো সমঝোতায় বিজেপি সাধারণত ২৩টি আসনে লড়ত। বাকি ৯৪টি থাকত অকালিদের হাতে। সূত্রের খবর, সেই সমীকরণ বদলানোর কথা ভাবছে দুই দল। বিজেপি চাইছে আগের প্রায় দ্বিগুণ আসন। সে ক্ষেত্রে অকালি দল লড়তে পারে ৭০ থেকে ৭৫টি আসনে। চলতি সপ্তাহে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির নির্বাচনের ফলও অকালিদের দরকষাকষির ক্ষমতায় প্রভাব ফেলতে পারে বলে সূত্রের ধারণা।
তবে সবচেয়ে বেশি টানাপড়েন হতে পারে মুখ্যমন্ত্রীর মুখ বাছাই নিয়ে। আগের চেয়ে কম আসনে লড়তে রাজি হলে অকালি দল চাইবে, তাদের নেতাকেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হোক। পাঞ্জাবে আরও বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চাওয়া বিজেপির পক্ষে সেই দাবি মেনে নেওয়া কঠিন হতে পারে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।