একসময় ছবিটির অস্কার জয় নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু মুক্তির পরে ‘রামায়ণ’ দেখে গভীর হতাশা প্রকাশ করলেন অভিনেতা নীতীশ ভরদ্বাজ। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে ছবিতে যে ভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মুক্তির পরে ‘রামায়ণ পার্ট ১—দ্য রাইজ অব দ্য লেজেন্ড’ দেখে হতাশ নীতীশ ভরদ্বাজ। ছবিটির আগে করা প্রশংসা প্রত্যাহার করে এই হিন্দু মহাকাব্যের চলচ্চিত্রায়ণ নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি কড়া বিবৃতি দিয়ে ছবির প্রধান চরিত্রগুলির উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা। বিশেষ করে যশ অভিনীত রাবণকে যে ভাবে দেখানো হয়েছে, তা নিয়ে তাঁর আপত্তি। নীতীশের বক্তব্য, চোখধাঁধানো দৃশ্যের আয়োজন কখনও রামায়ণের দার্শনিক ও আধ্যাত্মিক মর্মবস্তুর বিকল্প হতে পারে না।

নিজের পোস্টে নীতীশ জোর দিয়ে বলেছেন, ভারতের সভ্যতাগত ও আধ্যাত্মিক চেতনার গভীরে প্রোথিত রামায়ণ। ফলে তার চরিত্রগুলিকে খেয়ালখুশিমতো নতুন করে সংজ্ঞায়িত করা চলে না। ছবির ব্যাখ্যা নিয়ে আপত্তি জানিয়ে তিনি লিখেছেন, “রাবণকে অত্যন্ত উদার, সামাজিক ন্যায়বিচারের পক্ষে থাকা এবং ন্যায়পরায়ণ এক চরিত্র হিসেবে তুলে ধরে ছবিটি, আমার মতে, রামায়ণের নৈতিক কাঠামোকেই বদলে দিয়েছে। এতে অবতার গ্রহণের মূল উদ্দেশ্যই ক্ষুণ্ণ হয়েছে।”

অভিনেতা আরও ব্যাখ্যা করেছেন, ধর্ম, ঐতিহ্য এবং মর্যাদা রক্ষাই ছিল ভগবান রামের অবতার গ্রহণের উদ্দেশ্য। তাঁর বক্তব্য, মহাকাব্যটিকে পর্দায় তুলে ধরার সময় তার চরিত্রগুলির সঙ্গে যুক্ত মূল্যবোধ ও দার্শনিক তাৎপর্যের কথা মাথায় রাখা উচিত।

নীতীশের সাম্প্রতিক পোস্টের অন্যতম উল্লেখযোগ্য দিক হল, ছবিটিকে নিয়ে নিজের আগের প্রশংসা প্রত্যাহার করার সিদ্ধান্ত। হতাশা প্রকাশ করে তিনি দ্ব্যর্থহীন ভাষায় লিখেছেন, “এই ছবি দেখে আমি গভীরভাবে ব্যথিত ও হতাশ। ছবিটি নিয়ে আমার আগের পোস্ট প্রত্যাহার করছি। এর সম্পর্কে ভাল বলার মতো একটি কথাও খুঁজে পাচ্ছি না।”

ছবিটির ভিজ়ুয়াল এফেক্টসের উপর নির্ভরতারও সমালোচনা করেছেন নীতীশ। তাঁর কথায়, “ভিএফএক্সের চোখধাঁধানো আয়োজন কখনও এই মহাকাব্যের মৌলিক মূল্যবোধ, দার্শনিক গভীরতা এবং আধ্যাত্মিক মর্মবস্তুর বিকল্প হতে পারে না।”

আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করার যোগ্যতা ছবিটির রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন অভিনেতা। তাঁর মতে, ছবির আখ্যান ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং মৌলিক আধ্যাত্মিক মূল্যবোধকে ভুল ভাবে উপস্থাপন করেছে। দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তার কথা বলে নিজের বক্তব্য শেষ করেছেন তিনি।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘রামায়ণ’ নিয়ে নীতীশের প্রাথমিক প্রতিক্রিয়ার সঙ্গে তাঁর এই সাম্প্রতিক মন্তব্যের বিস্তর ফারাক রয়েছে। কয়েক মাস আগে ছবির ট্রেলার প্রকাশের পরে সমাজমাধ্যমে এর বিশাল আয়োজন ও প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করেছিলেন তিনি। প্রযোজক নমিত মলহোত্র এবং পরিচালক নীতেশ তিওয়ারিকে অভিনন্দন জানিয়ে এমনও বলেছিলেন, “সেরা বিদেশি ছবির অস্কার একশো শতাংশ নিশ্চিত।”

সেই পোস্টে ছবির প্রোডাকশন ডিজ়াইন ও চিত্রগ্রহণের প্রশংসা করেছিলেন নীতীশ। ভারতীয় সিনেমার সঙ্গে হান্স জ়িমারের যুক্ত হওয়ার বিষয়টিকেও সাধুবাদ জানিয়েছিলেন। বিশ্বসিনেমার আঙিনায় স্বাগত জানিয়েছিলেন যশকে। রণবীর কপূরের অভিনয়দক্ষতার উপর আস্থা প্রকাশের পাশাপাশি তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন, চরিত্র নির্বাচনের মাধ্যমে ভারতের ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরার দায়িত্বও তাঁর রয়েছে। সে সময় ছবিটি একাধিক বার দেখার ইচ্ছাও প্রকাশ করেছিলেন নীতীশ।

কিন্তু ছবি দেখার পরে অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন, মহাকাব্যের সৃজনশীল ব্যাখ্যা নিয়ে তাঁর আপত্তির জেরে প্রাথমিক উৎসাহ এখন হতাশায় পরিণত হয়েছে।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১—দ্য রাইজ অব দ্য লেজেন্ড’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর। সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং শূর্পণখার ভূমিকায় রয়েছেন রকুল প্রীত সিংহ। এই উচ্চাভিলাষী মহাকাব্য-অবলম্বিত ছবি ৫ নভেম্বর একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভারতের অন্যতম শ্রদ্ধেয় মহাকাব্যের এই চলচ্চিত্রায়ণ ঘিরে চলতে থাকা আলোচনায় নীতীশ ভরদ্বাজের সাম্প্রতিক প্রতিক্রিয়া আরও একটি দৃষ্টিভঙ্গি যোগ করল।