২০০৯ সালের ছবি ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর শুটিং শুরুর আগেই মেলানি লরঁ ও ইজাবেল উপেরকে কেন বাদ দিয়েছিলেন, তা নিয়ে অকপটে মুখ খুলেছেন কুয়েন্টিন ট্যারান্টিনো। জে গ্লেনির নতুন বই ‘দ্য মেকিং অব কুয়েন্টিন ট্যারান্টিনো’স ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এ উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসকে কল্পনার সাহায্যে নতুনভাবে সাজানো এই ছবির নেপথ্যকাহিনি। অবশ্য পরে লরঁকেই ফিরিয়ে আনা হয় শোসানা ড্রেফুসের প্রধান চরিত্রে। ফ্রান্সে একটি সিনেমা হলের মালিক শোসানা তাঁর পরিবারকে হত্যাকারী নাৎসি অফিসারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান।

‘পিপল’ পত্রিকায় উদ্ধৃত বইয়ের অংশ অনুযায়ী, ট্যারান্টিনো লেখককে বলেছেন, “মেলানি লরঁর টেবিল রিড ছিল জঘন্য। ‘জঘন্য’ বলার যোগ্যও ছিল না। শুটিংয়ের প্রস্তুতিপর্বে আমার কাছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিন হল টেবিল রিডের দিন। প্রথমবার ছবিটা দেখার অনুভূতির সবচেয়ে কাছাকাছি পৌঁছই সেদিনই। তার আগে পর্যন্ত তো আমি নিজেই সব দৃশ্য পড়ে শুনিয়েছি নিজেকে, কিংবা কোনও বন্ধুকে… তাই সব অভিনেতাকে নিয়ে একসঙ্গে চিত্রনাট্য পড়ার অভিজ্ঞতা আমার কাছে এত রোমাঞ্চকর, এত গুরুত্বপূর্ণ। কিন্তু মেলানির পাঠ ছিল জঘন্য। তাই ওকে বাদ দিয়েছিলাম।”

‘টেবিল রিড’ হল শুটিংয়ের আগে অভিনেতাদের একসঙ্গে বসে নিজ নিজ চরিত্রের সংলাপসহ চিত্রনাট্য পড়ে শোনানোর পর্ব।

ওই ঘটনার কয়েক দিন পরে কাজটি ফিরে পাওয়ার আশায় ট্যারান্টিনোকে ফোন করেন লরঁ। পরিচালককে তিনি জানান, চিত্রনাট্য পাঠের দিন তাঁর শরীর ভাল ছিল না। নিজের খরচে আবার জার্মানি গিয়ে হোটেলে উঠবেন এবং পরিচালকের সামনে ফের চিত্রনাট্য পড়ে শোনাবেন বলেও জানান তিনি।

লরঁর এই আগ্রহ ও নিষ্ঠা ট্যারান্টিনোর ভাল লাগে। তিনি রাজি হন ‘ঘড়ির কাঁটা পিছিয়ে’ একেবারে ‘গোড়া থেকে শুরু করতে’। তবে শর্ত ছিল, অভিনেত্রীকে তাঁর সঙ্গে তিন দিন মহড়া দিতে হবে। সেই নির্ণায়ক তিন দিনে লরঁর কাজে এতটাই সন্তুষ্ট হন ট্যারান্টিনো যে শোসানার চরিত্রটি তাঁকেই ফিরিয়ে দেন।

ট্যারান্টিনো বলেছেন, “সকলের জানার জন্য স্পষ্ট করে বলতে চাই: আমি মেলানিকে ভালবাসি। সত্যি কথা হল, আমরা যদি ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ তৈরির ইতিহাস নিয়ে আলোচনা না করতাম, তা হলে ওই টেবিল রিডের কথা আমার আর মনেই পড়ত না। কারণটা খুব সহজ—মেলানিই আমার শোসানা। ও অসাধারণ কাজ করেছে। কিন্তু এই বইয়ে আমরা ছবিটি তৈরির খুঁটিনাটির গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই ঘটনাও তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আমরা তো ঠিকই করেছিলাম, দোষত্রুটি কিছুই আড়াল করব না। তাই ছবির শুটিং নিয়ে কথা বলার সিদ্ধান্ত না হলে ঘটনাটা আমার মাথা থেকেই বেরিয়ে যেত। আর কখনও ভাবতাম না।”

ইজাবেল উপের অবশ্য ততটা সৌভাগ্যবান ছিলেন না। তাঁকে বাদ দিয়ে মাদাম আদা মিমিয়োর চরিত্রে নেওয়া হয় ‘ইন দ্য মুড ফর লাভ’-খ্যাত অভিনেত্রী ম্যাগি চেউংকে। এই চরিত্রটি প্যারিসে শোসানাকে আশ্রয় দেয়।

ট্যারান্টিনোর কথায়, উপের টেবিল রিডে “হাজিরই হননি”। তিনি বলেন, “তাই চুলোয় যাক, ওঁকে বাদ দিলাম। মানে, ইজাবেল উপেরকে আমার খুবই ভাল লাগে—‘হেভেন’স গেট’ আর অন্য সব কাজের জন্য। কিন্তু ওঁর চুক্তি নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। বিষয়টা বারবার আটকে যাচ্ছিল। তার পরে টেবিল রিডেও এলেন না। তাই ওঁর বদলে ম্যাগিকে নিলাম।”

পরিচালক আরও বলেন, “এমনটা হয়েই থাকে। আমার কথা হল, তোমাকে কোনও চরিত্রে নেওয়া হয়েছে অথচ তুমি সেই টেবিলে নেই—তা হলে তোমার প্রতি আমার কোনও দায় নেই! তোমাকে বাদ দেওয়া যেতেই পারে। বিশেষ করে তোমার অনুপস্থিতিতে অন্য কারও কাজ যদি আমাকে মুগ্ধ করে।”

দুর্ভাগ্যবশত, শেষ পর্যন্ত মাদাম আদা মিমিয়োকে নিয়ে শুট করা সব দৃশ্যই ছবি থেকে বাদ পড়ে। ট্যারান্টিনোর মনে হয়েছিল, ওই দৃশ্যগুলি দর্শককে অপ্রয়োজনীয়ভাবে বেশি ব্যাখ্যা দিচ্ছে।

তাঁর কথায়, “ছবিতে ম্যাগি দুর্দান্ত কাজ করেছিল। কিন্তু শোসানা কীভাবে সিনেমা হলটি পেল, সেটা জানার কোনও প্রয়োজনই ছিল না। পর্দায় শুধু ‘চার বছর পরে’ লেখাটা দেখালেই চলত। আর শোসানা জানিয়ে দেবে, হলটি সে তার মাসির কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে।”

২০০৯ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর প্রথম প্রদর্শন হয়। সেখানেই সেরা অভিনেতার সম্মান পান ক্রিস্টফ ওয়াল্টজ। ওই বছরের অগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ছবিটি বাণিজ্যিক সাফল্য অর্জন করে। বিশ্বজুড়ে তার আয় হয় ৩২ কোটি ১০ লক্ষ ডলার। শোসানা এখনও লরঁর অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় চরিত্র।

অভিনেতা নেওয়া এবং বাদ দেওয়ার ব্যাপারে নিজের বেপরোয়া মনোভাব ব্যাখ্যা করে ট্যারান্টিনো বলেন, “অভিনেতাদের চরিত্র দেওয়ার ক্ষেত্রে আমার কোনও নৈতিক দিকনির্দেশ নেই। তাঁদের উপযুক্ত হতে হবে। আমার তৈরি করা জগতের সঙ্গে তাঁদের মানানসই বলে মনে হতে হবে। আগেও আমি অভিনেতাদের বাদ দিয়েছি। ঠিক না হলে, ঠিক নয়। তাঁদের প্রতি আমার কোনও দায় নেই। আমার দায় আমার ছবির প্রতি—যত ভাল অভিনেতা খুঁজে পাওয়া সম্ভব, তাঁদের ছবিতে নেওয়া। ব্যস।”

‘দ্য মেকিং অব কুয়েন্টিন ট্যারান্টিনো’স ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ বইটি এখন কিনতে পাওয়া যাচ্ছে।