বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর সাফল্য চমকে দিয়েছে চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ থেকে গোটা বিনোদন জগৎকে। গত ৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিকে দর্শক টানতে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু তৃতীয় সপ্তাহে নাটকীয় ভাবে ভাগ্য বদলে যায়। চতুর্থ ও পঞ্চম সপ্তাহে বক্স অফিসে কার্যত ঝড় তোলে ছবিটি। ‘টক্সিক’ এবং ‘মির্জাপুর দ্য মুভি’-র মতো ছবির সঙ্গে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও প্রেক্ষাগৃহে তার দাপট বজায় ছিল। শেষ পর্যন্ত অত্যন্ত স্বল্প বাজেটে তৈরি ছবিটি বক্স অফিসে ৩০০ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে।
এই বিরল ও অসাধারণ সাফল্য উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা। সেই উপলক্ষে কয়েক দিনের মধ্যেই মুম্বইয়ে একটি জমকালো সাফল্য-উৎসবের আয়োজন করা হচ্ছে।
একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, “চলতি সপ্তাহান্তে মুম্বইয়ে ‘হনুমান অংশ’-এর সাফল্যের পার্টি হবে। প্রযোজক, পরিচালক বিশাল চতুর্বেদী এবং অভিনেতা-অভিনেত্রী-সহ ছবির গোটা দল সেখানে উপস্থিত থাকবে। ছবির পরিবেশক সিনেপোলিস ইন্ডিয়ার প্রতিনিধিরাও আসবেন। ছবিটি যাতে যথাযথ ভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তা নিশ্চিত করে এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাঁরা।”
তবে এই আয়োজন বলিউডের চেনা সাফল্যের পার্টির মতো হবে না। ওই সূত্রের কথায়, “মজার বিষয় হল, অনুষ্ঠানে কোনও মদ বা আমিষ খাবার পরিবেশন করা হবে না। অতিথিদের দেওয়া হবে সম্পূর্ণ নিরামিষ, সাত্ত্বিক খাবার। ছবির সঙ্গে যুক্ত মানুষদের বিশ্বাস এবং ‘হনুমান অংশ’-এর আধ্যাত্মিক বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্য রেখেই এই সিদ্ধান্ত। নির্মাতারা চান, ছবির সঙ্গে জড়িয়ে থাকা মূল্যবোধ ও আবেগ যেন এই উদ্যাপনেও ফুটে ওঠে।”
‘হনুমান অংশ’-এ তুলে ধরা হয়েছে নীব করোরি বাবা, যিনি নিম করোলি বাবা নামেও পরিচিত, তাঁর জীবনকাহিনি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। অন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চন্দন কে আনন্দ, অনিল রস্তোগি, ভগবানদাস পটেল, নিখিল দুবে, পূর্ণিমা তিওয়ারি প্রমুখ। তিন পর্বের একটি চলচ্চিত্র-সিরিজের প্রথম ছবি হিসেবে ‘হনুমান অংশ’-কে ভাবা হচ্ছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবির অন্যতম প্রযোজক নম্রতা সিংহ প্রথম বার এর প্রকৃত নির্মাণ ব্যয় এবং বিভিন্ন খাতে খরচের বিস্তারিত হিসাব প্রকাশ করেছেন।
দ্য ইকনমিক টাইমসকে তিনি বলেছেন, “ছবিটি তৈরি করতে মোট ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হয়েছিল। সহ-প্রযোজনার চুক্তি অনুযায়ী প্রিন্ট ও বিজ্ঞাপন খাতে হালদিরামস ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়েছিল। ওই বাজেটের মধ্যে বিপণনে আমরা প্রায় ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা খরচ করেছি। বাকি টাকা ব্যয় হয়েছে ছবিটি মুক্তি দেওয়ার কাজে।”
নম্রতা আরও বলেন, “আমরা চেয়েছিলাম, ছবিটি যেন অন্তত তিন সপ্তাহ প্রেক্ষাগৃহে থাকে। তা নিশ্চিত করতে ৪০ লক্ষ টাকারও বেশি অতিরিক্ত খরচ হয়েছিল। নির্মাণ এবং প্রিন্ট ও বিজ্ঞাপন মিলিয়ে মোট ব্যয় হয়েছিল প্রায় ২ কোটি ৯৫ লক্ষ টাকা, অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।