বিপুল প্রত্যাশা নিয়ে মুক্তি পেলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল গীতু মোহনদাস পরিচালিত, যশ অভিনীত ‘টক্সিক’। সমালোচকদের অধিকাংশের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। বাণিজ্যিক ব্যর্থতার পাশাপাশি নানা বিষয় নিয়ে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়ে এই ক্রাইম থ্রিলার। উগ্র পৌরুষ ও নারীবিদ্বেষকে মহিমান্বিত করার অভিযোগেও সমালোচিত হয় ছবিটি। সম্প্রতি ‘টক্সিক’ এবং নিজের অভিনয় ঘিরে ওঠা সমালোচনা নিয়ে মুখ খুললেন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী কিয়ারা আডবাণী।

স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ‘কফি উইথ করণ’-এর নবম মরসুমে অতিথি হয়ে এসেছিলেন কিয়ারা। সেখানেই ছবির ব্যর্থতা তাঁকে কতটা আঘাত করেছিল, তা জানান তিনি।

কিয়ারার কথায়, “শুরুতে ছবিটা যে ব্যবসা করেছিল, তার পরেও যে এ ভাবে ব্যর্থ হবে, আমাদের দলের কেউই বোধ হয় তা ভাবিনি। মন ভেঙে গিয়েছিল, বিশেষ করে মুক্তির পর প্রথম সপ্তাহান্তে। খুব মনখারাপ ছিল। কিন্তু তার পর দেখলাম, নিজের চেনা স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসার জন্য অনেকেই আমার প্রশংসা করছেন। আমার মনে হয়, এই ছবি এবং নাদিয়ার চরিত্রটি আমার অভিনয়জীবনে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

কথোপকথন এগোতে যশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যগুলি নিয়ে হওয়া সমালোচনার প্রসঙ্গও ওঠে। সঞ্চালক করণ জোহর বলেন, কেউ কেউ এমনকি জানতে চাইছিলেন, ওই দৃশ্যগুলি দেখে সিদ্ধার্থ মলহোত্রার প্রতিক্রিয়া কী হয়েছিল। কিয়ারা জানান, তাঁর স্বামী বিষয়টিকে কোনও গুরুত্বই দেননি।

তিনি বলেন, “ওর মনোভাব থেকেই আমি শক্তি পেয়েছিলাম, কারণ ও বিষয়টা নিয়ে মাথাই ঘামায়নি। কখনও প্রসঙ্গটাও তোলেনি। এ নিয়ে আমাদের কোনও কথাই হয়নি। বিষয়টা ওকে প্রভাবিতও করেনি, ও বিচলিতও হয়নি।”

কিয়ারা আরও বলেন, “তা ছাড়া, এ ধরনের সমালোচনা তো কয়েক দশক ধরেই হচ্ছে। ঐশ্বর্যা রাই থেকে শুরু করে বহু অসাধারণ অভিনেত্রীকে এর মুখোমুখি হতে হয়েছে। ইন্টারনেটে কী চলছে, যখন দেখলাম… দেখলাম, ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। মানুষ ইতিমধ্যেই এই ‘দ্বিচারিতা’র বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। তাই আমার আর নিজের পক্ষে সাফাই দেওয়ার প্রয়োজন মনে হয়নি।”

যশ ও কিয়ারা ছাড়াও ‘টক্সিক’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। প্রকাশিত তথ্য অনুযায়ী, ছবিটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা। কিন্তু চলচ্চিত্রের ব্যবসার হিসাবরক্ষাকারী সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়ায় মাত্র ৩৪২ কোটি ২৬ লক্ষ টাকা।

সিদ্ধার্থ ও কিয়ারা দু’জনেই এর আগে ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এলেও, এই প্রথম একসঙ্গে অনুষ্ঠানে হাজির হলেন তাঁরা। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে ২০১২ সালে বলিউডে অভিষেক হয়েছিল সিদ্ধার্থের। ২০১৩ সালে অনুষ্ঠানের চতুর্থ মরসুমে প্রথম অতিথি হয়ে আসেন তিনি। সে বার তাঁর সঙ্গে ছিলেন ওই ছবির দুই সহ-অভিনেতা আলিয়া ভট্ট ও বরুণ ধাওয়ান।

তার পর থেকে প্রতিটি মরসুমেই এই অনুষ্ঠানে এসেছেন সিদ্ধার্থ। বিভিন্ন সময়ে তাঁর সঙ্গী হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, আদিত্য রায় কপূর, ভিকি কৌশল এবং বরুণ ধাওয়ান।

অন্য দিকে, কিয়ারা প্রথম ‘কফি উইথ করণ’-এ আসেন ২০২২ সালে, অনুষ্ঠানের সপ্তম মরসুমে। সে বার তাঁর সঙ্গে ছিলেন ‘কবীর সিং’-এর সহ-অভিনেতা শাহিদ কপূর। অষ্টম মরসুমে কিয়ারা এসেছিলেন ভিকি কৌশলের সঙ্গে।