বাংলাস্ফিয়ার: পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম এবং লোক ভবনের (সাবেক রাজভবন) আধিকারিকদের পরিচয় ব্যবহার করে ভুয়ো ফোন করার অভিযোগ সামনে এসেছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে লোক ভবন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
লোক ভবনের তরফে জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে কখনও রাজ্যপাল, কখনও আবার লোক ভবনের কোনও আধিকারিক বলে পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং অন্যদের সঙ্গে যোগাযোগ করছে। এই ধরনের ফোনের উদ্দেশ্য এখনও স্পষ্ট না হলেও, বিষয়টি প্রতারণার সম্ভাবনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সরকারি আধিকারিক এবং সাধারণ নাগরিক— উভয়ের প্রতিই বিশেষ সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছে লোক ভবন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যপাল বা লোক ভবনের কোনও আধিকারিকের পরিচয়ে যদি কোনও অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক ফোন, বার্তা বা অন্য কোনও যোগাযোগ আসে, তবে তার সত্যতা যাচাই না করে কোনও পদক্ষেপ করা যাবে না। প্রয়োজনে সরাসরি লোক ভবনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
লোক ভবন আরও জানিয়েছে, কারও কাছে যদি এ ধরনের ফোন আসে অথবা এ ধরনের প্রতারণা সম্পর্কে কোনও তথ্য জানা থাকে, তবে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে সরকারি প্রতিষ্ঠান এবং উচ্চপদস্থ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে প্রতারণার প্রবণতা বেড়েছে। সেই প্রেক্ষাপটে রাজ্যপালের দপ্তরের এই সতর্কবার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা ফোন নম্বরের উৎস, কলের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনও বৃহত্তর প্রতারণা চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছেন।