Home খবর তীব্র তাপপ্রবাহে আগেভাগেই বন্ধ আইফেল টাওয়ার, ল্যুভর; বাস্তিল দিবসের আতশবাজিও বাতিল বহু শহরে

তীব্র তাপপ্রবাহে আগেভাগেই বন্ধ আইফেল টাওয়ার, ল্যুভর; বাস্তিল দিবসের আতশবাজিও বাতিল বহু শহরে

Authored By বাংলাস্ফিয়ার ডেস্ক
111 views 2 minutes read
A+A-
Reset

তীব্র তাপপ্রবাহে আগেভাগেই বন্ধ আইফেল টাওয়ার, ল্যুভর; বাস্তিল দিবসের আতশবাজিও বাতিল বহু শহরে

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের জেরে সপ্তাহান্তে নির্ধারিত সময়ের অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে প্যারিসের দুই প্রধান পর্যটনকেন্দ্র—আইফেল টাওয়ার ও ল্যুভর জাদুঘর। শনিবার ও রবিবার বিকেল ৪টায় আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণত গ্রীষ্মকালে এই স্মৃতিস্তম্ভ মধ্যরাতেরও পরে পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

বিশ্বের সর্বাধিক দর্শকসমৃদ্ধ জাদুঘর ল্যুভরও শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় বন্ধ হচ্ছে। একই কারণে মিউজে দ’অরসে শনিবার থেকে বুধবার পর্যন্ত বিকেল ৫টায় কার্যক্রম শেষ করবে।

শনিবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ২৪টি প্রশাসনিক অঞ্চল সর্বোচ্চ তাপপ্রবাহ সতর্কতার আওতায় ছিল। আরও ৫৯টি অঞ্চলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ১৪ জুলাই জাতীয় দিবস বাস্তিল দিবসের দীর্ঘ ছুটির আগে দেশজুড়ে রেলস্টেশন ও মহাসড়কে ভিড় বেড়ে গেছে।

প্রবল গরম, খরা এবং দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশের বহু শহর বাস্তিল দিবস উপলক্ষে নির্ধারিত আতশবাজির অনুষ্ঠান বাতিল করেছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ফ্রান্সে দাবানলে যে পরিমাণ জমি পুড়েছে, তা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।

রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতি ১০টি দাবানলের মধ্যে ৯টিই মানুষের অসাবধানতার ফল। তাঁর কথায়, “এক মুহূর্তের অসতর্কতা পরিবারকে বিপদে ফেলতে পারে, উদ্ধারকর্মীদের ঝুঁকিতে ফেলতে পারে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করতে পারে।”

মে মাসের পর এটি ফ্রান্সের তৃতীয় তাপপ্রবাহ। জুনের তাপপ্রবাহে দেশের বহু স্থানে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। সরকারি হিসাবে, জুনের তাপপ্রবাহে অতিরিক্ত দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মে মাসের শেষের দফার তাপপ্রবাহেও প্রায় ৩০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।

চরম আবহাওয়া মোকাবিলায় সরকার যথেষ্ট প্রস্তুত ছিল না বলে সমালোচনা চলছে। বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে এ ধরনের তাপপ্রবাহ ক্রমশ আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles