“আমি স্ত্রীর বিশ্বাস ভেঙেছি।” রবিবার, ৮ নভেম্বর, এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো ইমেলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং। কার সঙ্গে সম্পর্ক ছিল, তাঁর নাম লেখেননি তিনি। সেই দিনই এনভিডিয়ার পরিচালন পর্ষদ জানায়, বিদেশি কোনও গোয়েন্দা সংস্থা হুয়াংকে নিশানা করেছিল কি না, তা জানতে স্বাধীন তদন্ত শুরু হচ্ছে। ওই মহিলাকে অ্যালিস হুয়াং নামে চিহ্নিত করা হয়েছে। বেজিং গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

অ্যালিস সিঙ্গাপুরের ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিডের প্রাক্তন শীর্ষকর্তা। এনভিডিয়ার সঙ্গে তাঁর সংস্থার ব্যবসায়িক সম্পর্ক ছিল। অক্টোবরে ব্লুমবার্গকে জেনসেন বলেছিলেন, অ্যালিসের সঙ্গে তাঁর যোগাযোগ মেগাস্পিডের কাজের সূত্রে এবং তাঁদের মেলামেশা স্বাভাবিক। রবিবারের ইমেলে তিনি লিখেছেন, তাঁর আচরণে স্ত্রী ও সন্তানেরা আঘাত পেয়েছেন। এর সম্পূর্ণ দায় তাঁর। যে সহকর্মীরা কয়েক দশক ধরে তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি।

মেগাস্পিডের ব্যবসা নিয়ে মার্কিন কর্তৃপক্ষের আগে থেকেই প্রশ্ন ছিল। সংস্থাটি এনভিডিয়ার কাছ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহৃত চিপ কিনত। যেসব উন্নত চিপ সরাসরি চিনে রপ্তানির উপরে মার্কিন বিধিনিষেধ রয়েছে, মেগাস্পিডের মাধ্যমে সেগুলি বেজিংয়ের নাগালে পৌঁছেছিল কি না, তা নিয়ে অনুসন্ধান চলছিল। মার্কিন গোয়েন্দারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে অ্যালিস বেজিংকে তথ্য দিচ্ছিলেন। গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবহিত ব্যক্তিদের দাবি, বেজিংয়ের আগ্রহ ছিল দু’টি বিষয়ে। মার্কিন চিপ প্রযুক্তি সম্পর্কে আরও তথ্য পেতে চেয়েছিল তারা। সেই সঙ্গে চিনে সবচেয়ে উন্নত চিপ বিক্রির পক্ষে এনভিডিয়াকে দিয়ে ওয়াশিংটনে দরবার করানো যায় কি না, তা-ও দেখতে চেয়েছিল। সোমবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গো জিয়াকুন অভিযোগটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তাঁর বক্তব্য, চিনের বদনাম করতেই এই প্রচার।

চিপ রপ্তানি নিয়ে ওয়াশিংটনে জেনসেনের নিজেরও অবস্থান রয়েছে। চিনের বাজারে এনভিডিয়ার চিপ বিক্রির উপর কড়াকড়ি শিথিল করতে তিনি দীর্ঘদিন মার্কিন প্রশাসনের কাছে সওয়াল করেছেন। জানুয়ারিতে সংস্থার এইচ২০০ চিপ চিনে বিক্রির অনুমোদনও পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, তিনি জেনসেনকে জিজ্ঞাসা করেছেন, অ্যালিসের কথিত গোয়েন্দা ভূমিকার কথা তিনি জানতেন কি না। প্রেসিডেন্টের কথায়, জেনসেন তাঁকে বলেছেন, এ বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না। ট্রাম্প জানান, তিনি জেনসেনের কথা বিশ্বাস করেন। এফবিআইও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

এনভিডিয়ার পর্ষদ জানিয়েছে, এখনও পর্যন্ত আমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা সংস্থার গোপন তথ্য ফাঁস হয়েছে বলে মনে করার কারণ তারা দেখছে না। বাইরের স্বাধীন আইনজীবীদের সহায়তায় তদন্তের তদারকি করবেন সংস্থার স্বাধীন পরিচালকেরা। হুয়াং সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তদন্ত চলাকালীন তিনিই সিইও থাকছেন।

সোমবার মার্কিন শেয়ারবাজারে লেনদেন শেষে এনভিডিয়ার শেয়ারদর ৪.৩ শতাংশ পড়ে। সংস্থার বাজারমূল্য কমে প্রায় ১৯ হাজার কোটি ডলার। বাজার বন্ধের কয়েক মিনিটের মধ্যেই ক্যালিফোর্নিয়ার সান হোসের ফেডারেল আদালতে এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করেন এক শেয়ারহোল্ডার। তাঁর অভিযোগ, অ্যালিসের সঙ্গে জেনসেনের কথিত সম্পর্ক এবং তা থেকে সংস্থার ব্যবসায় কী ঝুঁকি তৈরি হতে পারে, সে বিষয়ে বিনিয়োগকারীদের অন্ধকারে রাখা হয়েছিল।

ওয়াশিংটনে এ বার হুয়াংয়ের বক্তব্য শুনতে চেয়েছেন মার্কিন প্রতিনিধি সভার তিনটি কমিটির চেয়ারম্যান। তাঁরা ১৮ নভেম্বর রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব দিয়েছেন। ওই দিন উপস্থিত থাকতে পারবেন কি না, অথবা কোন দিন তাঁর পক্ষে সুবিধাজনক, ১১ নভেম্বরের মধ্যে তা জানাতে অনুরোধ করেছেন তাঁরা। অ্যালিসের সঙ্গে তাঁর কী ধরনের যোগাযোগ ছিল এবং বিদেশি গোয়েন্দাদের হাত থেকে নিজেদের প্রযুক্তি ও তথ্য সুরক্ষিত রাখতে এনভিডিয়া কী ব্যবস্থা নিয়েছে, দু’টি বিষয়েই হুয়াংয়ের কাছে জবাব চেয়েছেন তিন চেয়ারম্যান।