মধ্যপ্রাচ্যের চলমান তীব্র যুদ্ধের চরম প্রভাব এবার এসে পড়ল ভারতীয় জলযানের ওপর। ওমান উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে আকাশপথে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিহত নাবিকের নাম গন্ধার নাহিম আজিজ (Gandhar Nahim Ajij)। তিনি গুজরাতের বাসিন্দা ছিলেন। তবে জাহাজে থাকা অন্য ১৩ জন ভারতীয় নাবিককে অলৌকিকভাবে উদ্ধার করে নিরাপদে নিয়ে এসেছে ওমান উপকূলরক্ষী বাহিনী (Omani Coast Guard)।

মঙ্গলবার কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই মর্মান্তিক ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২ নভেম্বর ‘এমএসভি আল জুসুফি’ (MSV Al JusuFi) নামের ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের (UAE) হামরিয়া বন্দর থেকে গুজরাতের পোরবন্দরের দিকে যাত্রা করছিল। গুজরাতের দেবভূমি দ্বারকা জেলার সালায়া অঞ্চলের এই জাহাজে মোট ১৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। ওমান উপকূলের কাছাকাছি পৌঁছালে একটি "অজ্ঞাত উড়ন্ত বস্তু" (Unidentified aerial object) সরাসরি জাহাজটিতে আঘাত হানে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ঘটনার পরই ওমানি উপকূলরক্ষী বাহিনী দ্রুত উদ্ধারকাজ চালিয়ে ১৩ জন নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। কিন্তু মারাত্মক চোট পেয়ে আশঙ্কাজনক অবস্থায় থাকা গন্ধার নাহিম আজিজ শেষ পর্যন্ত প্রাণ হারান। কেন্দ্র সরকার ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। জীবিত ১৩ জন নাবিককে দেশে ফিরিয়ে আনা এবং নিহত আজিজের নশ্বর দেহ স্বদেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, লোহিত সাগর ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলির ওপর ক্রমাগত হামলার ঘটনায় ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রক (MEA) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাণিজ্যিক জাহাজগুলির ওপর আক্রমণ বন্ধ করা এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচলের জন্য অবিলম্বে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ বিরতির ওপর জোর দিয়েছে ভারত।