চল্লিশে পা দেওয়ার আগেই এত ঘুরেছি যে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মনে হল, এ জায়গা সে জায়গা ঘুরে দেখার পালা এ বার শেষ হোক। এ বার যাই সেই গন্তব্যে, যেখানে সব শেষে পৌঁছতে চেয়েছি মক্কা। পুবের দিকে ফিরে যাওয়ার একটা টান আমার বরাবরই ছিল। আমাদের পরম্পরায় সফর বলতে একটিরই কথা ছিল, হজ করতে মক্কায় যাওয়া। মক্কাতেই আল্লাহর প্রথম ঘরটি গড়েছিলেন ইব্রাহিম। আল্লাহ তাঁকে বলেছিলেন, “মানুষের কাছে হজের ডাক দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর আসবে শীর্ণ উটের পিঠে চেপে, দূরদূরান্তের গিরিপথ পেরিয়ে।” সব আত্মাই সেখানে ফিরে যায়। এ যেন নিজের ঘরে ফেরা। যেই বললাম আমি যাব, বাবা বললেন, “বেশ, তা হলে আমিও যাব।”

হজ শুরুর এক সপ্তাহ আগে বিমানে মদিনায় পৌঁছলাম। বাবার সঙ্গে দেখা হল সেখানেই। মদিনায় ক’টা দিন যেন প্রস্তুতির সময়। কী কী আচার পালন করতে হবে শেখেন, কেন করছেন, তা-ও বোঝেন। শরীরের স্নায়ুগুলো যেন অন্য এক ছন্দে অভ্যস্ত হয়ে ওঠে। কী শান্ত চারদিক! রোদ ঠেকাতে সেখানে বিশেষ ধরনের ছাতা বসানো হয়েছে। ছাতার গায়ে রোদ আটকানোর প্রলেপ। দুপুর নাগাদ গরম বাড়লে সেখান থেকে কুয়াশার মতো ঠান্ডা জলের কণা ছড়িয়ে পড়ে। মাথার উপরে ছায়া, গায়ে জল লাগছে। বাইরে যে কতটা গরম, টেরই পান না।

হজের শুরুতে মক্কার মসজিদুল হারামে গিয়ে কাবাঘর সাত বার প্রদক্ষিণ করতে হয়। সাদা পোশাকে লক্ষ লক্ষ মানুষ নদীর স্রোতের মতো এগিয়ে চলেছেন। নিচু স্বরে আল্লাহর কাছে দোয়া করছেন, চারদিকে তারই গুঞ্জন। মনে আছে, সারা গায়ে সানস্ক্রিন মাখতে মাখতে ভাবছিলাম, “কী গরমই না লাগবে!” খোলা চত্বর। মাথার উপরে ছাদ নেই, শীতাতপ নিয়ন্ত্রণেরও ব্যবস্থা নেই। অথচ আশ্চর্য, বেশ ঠান্ডা লাগছিল। এ-ও কি আল্লাহর রহমত? ভাবছিলাম, “এক হাতে ছাতা ধরে অন্য হাতে বাবার হুইলচেয়ার ঠেলব কী করে?” ছাতাটা ফেলেই দিলাম।

ছবি। ১৬ জুন ২০২৪। সৌদি আরবের পবিত্র শহর মক্কার কাছে মিনায় শয়তানকে প্রতীকী পাথর ছোড়ার আচার পালন করতে আসছেন হজযাত্রীরা। ফাদেল সেনা/এএফপি/গেটি ইমেজেস।

দ্বিতীয় দিন সব বদলে গেল। সে দিন আরাফাতের দিন। হজের পবিত্রতম দিন। রওনা হতে হয় মক্কার উপকণ্ঠ থেকে। সূর্য ওঠার দু’ঘণ্টার মধ্যেই তার তেজ টের পেতে শুরু করলাম। বেলা যত বাড়ল, আমাদের দলের প্রায় সবাই ঠিক করলেন, কিছু আচার ছাউনির ভিতরেই সারবেন। বিরাট ছাউনি, ভিতরে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। ওঁদের সুবুদ্ধি ছিল। আমার ছিল জেদ। এমন পবিত্র দিনটা গরমের ভয়ে ভিতরে কাটাতে মন চাইল না।

আপনার দল যাতায়াতের ব্যবস্থা না করে থাকলে স্যান্ডেল পায়ে হেঁটেই তিন জায়গায় যেতে হয়। জায়গাগুলো পরস্পরের বেশ কাছে। অথচ যানজট আর গাড়ির অভাবে আধঘণ্টার পথ পেরোতে চার ঘণ্টা লেগে যায়। এসি-র হাওয়ায় ভিতরের যাত্রীরা একটু ঠান্ডায় আছেন বলে বাসে, গাড়িতে কেউ ইঞ্জিন বন্ধ করেন না। দুই বাসের ফাঁক দিয়ে হাঁটতে গেলে ডিজেল ইঞ্জিনের গরম হলকা এসে লাগে। ধোঁয়া নাকে ঢোকে, চামড়ায় মিশে যায়।

দুপুর থেকে বিকেল চারটের মধ্যে যখন নামাজের সময় হয়, তখনই তাপ সবচেয়ে বেশি। শরীর থেকে যতটা জল বেরিয়ে যাচ্ছে, খেয়ে তার ঘাটতি মেটাতে পারছেন না। কোথাও একটু ছায়াও জোটে না। দেখতে দেখতে গরম বিপজ্জনক হয়ে ওঠে। স্বেচ্ছাসেবকেরা ঠান্ডা জল বিলোচ্ছিলেন। এক-একটা বোতল হাতে পেয়ে পাঁচ সেকেন্ডে শেষ করে ফেলছিলাম। মনে হচ্ছিল, এই বুঝি জ্ঞান হারাব। মাটিতে যে কত জলের বোতল পড়ে ছিল, চোখে না দেখলে বিশ্বাস করতাম না। গরমে কারও কথা বলার শক্তিটুকুও নেই। শুধু ভারী পায়ের আওয়াজ, আর পায়ের নীচে প্লাস্টিকের বোতল মচমচ করে পিষে যাওয়ার শব্দ।

এক চিলতে ছায়ার জন্যও কাড়াকাড়ি। বাসের নীচে যেখানে মালপত্র রাখা হয়, সেখানে মানুষ শুয়ে ঘুমোচ্ছেন। কেউ খুঁজে বেড়াচ্ছেন, ট্রাক বা গাড়ির কোন কোণটায় একটু ছায়া পড়েছে। ওই ছায়াটুকুর উপরেই নির্ভর করছে হিটস্ট্রোক হবে কি না। গাছের তলায়, মসজিদের দরজার কাছে বয়স্ক মানুষ অজ্ঞান হয়ে পড়ছেন।

রাস্তায় কোনও বয়স্ক মানুষ হোঁচট খেয়ে পড়লে সাধারণত সবাই ছুটে যান। “লেগেছে? আসুন, হাতটা ধরুন।” এখানে মানুষের সেই স্বাভাবিক তাগিদটুকুও যেন ফুরিয়ে গিয়েছিল। দেখেছি, মানুষ প্রিয়জনের কোলে ঢলে পড়ছেন। যেন বুঝে গিয়েছেন, “হয় এই হিটস্ট্রোক সামলে উঠব, নয়তো এখানেই শেষ।” চোখে দেখতে পাচ্ছিলাম সেই মেনে নেওয়ার ভাব। জীবনে সেই প্রথম দেখলাম, মানুষ বেঁচে থাকার হাল ছেড়ে দিচ্ছেন।

যে সব জায়গা দিয়ে গিয়েছি, মনে আছে, অ্যাম্বুল্যান্স দেখেছি, অথচ কাউকে সাহায্য করতে এগিয়ে আসতে দেখিনি। কিছুতেই মাথায় ঢুকছিল না। মানুষকে বাঁচানো ছাড়া ওদের আর কী কাজ? কত মানুষ সারা জীবন টাকা জমিয়ে হজে আসেন। ধরে নেন, এখানে তাঁদের দেখাশোনা করার কেউ থাকবেন। অথচ এসে দেখছি, এমন প্রচণ্ড গরমের মধ্যে জলের অভাব, ছায়ার অভাব, ডাক্তারেরও অভাব।

বাবাকে হারাতে চাইনি। এই বয়সে ওই গরমে এক মাইল হাঁটাও তাঁর পক্ষে বিপজ্জনক। হঠাৎ বুঝলাম, বাবাকে দেখার ভার এখন আমার। আমি যেন বাবা হয়ে গিয়েছি, আর বাবা আমার ছেলে। গরমের জন্য বাবাকে হোটেলে রেখে যেতাম। হজের যে আচারগুলি নিজে পালন করা অপরিহার্য, সেগুলি বাবা নিজেই করেছেন। অন্যগুলি ছেলে হিসেবে আমি তাঁর হয়ে করেছি।

মনে আছে, আমারও চোখ জুড়ে ঘুম আসছিল। মনে হচ্ছিল, “পাঁচ মিনিটের জন্য একটু বসি।” পরক্ষণেই নিজেকে বললাম, “না, বোসো না।” হিটস্ট্রোক নিয়ে পড়েছি। ভয় হচ্ছিল, এ ঘুম আর ভাঙবে না। একটু ছায়া না পেলে, জল না পেলে, আমিও তো অজ্ঞান হয়ে পড়তে পারি। আর পড়লে কেউ যে সাহায্য করতে আসবেন, সে ভরসা ছিল না। চারপাশে লক্ষ লক্ষ মানুষ, তারই মধ্যে গরমে আমার মৃত্যু হতে পারে। কী অদ্ভুত সেই অনুভূতি! টের পেলাম, আমি নিজেও কত দুর্বল, কত অসহায়। মনে আছে, তখন বাঁচার তাগিদেই নিজেকে বলছিলাম, “চলতে থাকো। চলতে থাকো।”

সন্ধ্যা এগিয়ে এলে গরমটা একটু একটু করে কমতে থাকে। বিকেল চারটে নাগাদ আরাফাত পাহাড়ে উঠলাম। কাছেই সেই জায়গা যেখানে নবী মুহাম্মদ তাঁর বিদায় ভাষণ দিয়েছিলেন। সেখানে দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। গরমের জন্য কেউ কেউ পাহাড়ে উঠলেন না। আমি উঠলাম। পাহাড়ে উঠে চারদিকে তাকিয়ে দেখি, মানুষ হাসছেন, কথা বলছেন, দোয়া করছেন। আকাশের দিকে তোলা লক্ষ লক্ষ হাত। এখানে গরমের কথা যেন কারও মনেই নেই। নিজের সঙ্গে, আল্লাহর সঙ্গে, এমনকি মৃত্যুর সঙ্গেও যেন সবার বোঝাপড়া হয়ে গিয়েছে। এই প্রথম আমার নিজের মনেও শান্তি এল। দিনের সবচেয়ে গরম সময়টা আমি পেরিয়ে এসেছি।

সে রাত কাটাতে হয় খোলা আকাশের নীচে, নুড়ি আর ধুলোমাটির উপর শুয়ে, হাজার হাজার মানুষের পাশে। শুরুতে আমরা প্রত্যেকে নিজেরটুকু নিয়েই ব্যস্ত ছিলাম। শেষে যেন সবাই মিলে এক শরীর হয়ে উঠলাম। হজের গোড়ায় দেখেছি, বাসে উঠতে মানুষ লাইন ভেঙে এগিয়ে যাচ্ছেন, মারামারি করছেন। পাঁচ দিনের শেষে এসে বুঝলাম, “আমাদের সাহায্য করতে আর কেউ আসবে না। আমাদেরই পরস্পরকে সাহায্য করতে হবে।” তখন আর কারও মনে হয় না, “আমি অমুক দেশ থেকে এসেছি, কাজেই তোমার চেয়ে আমার দাবি বেশি।” কাউকে পথ বাতলে দিচ্ছেন, কারও হাতে নিজের ছাতাটা তুলে দিচ্ছেন, কাউকে জল দিচ্ছেন। তখন বুঝলাম, এই জন্যই তো এসেছিলাম।

হজে গেলে নিজের জীবনের কিছু কষ্ট সামনে এসে দাঁড়ায়। নিজেকে বড় অসহায় লাগতে পারে। ফিরে আসেন অনেকটা ভারমুক্ত হয়ে। পরে খবরে দেখেছি, কত মানুষ তাঁদের স্বজন হারিয়েছেন। খুব মনখারাপ হয়েছিল। হজের কষ্ট কারও কাছে এমন হোক, চাইনি। হজের ইতিহাসে বহু বিপর্যয় ঘটেছে। কখনও ভিড়ের চাপে, কখনও ক্রেন ভেঙে পড়ে, কখনও ঝড়বৃষ্টিতে। কিন্তু এত মানুষের হতাহত হওয়ার কথা আগে শুনিনি। অসহায় মানুষগুলো মারা যাচ্ছেন। আমি যেখানে ছিলাম, সেখানে পর্যাপ্ত জল ছিল না, ছায়া ছিল না, চিকিৎসারও যথেষ্ট ব্যবস্থা ছিল না। আমার মনে হয়েছে, এই মৃত্যুর অনেকগুলিই এড়ানো যেত।

আমার মনে হয় না, বেশির ভাগ মানুষ তাঁদের দোয়ায় জলবায়ু পরিবর্তনের কথা ভাবেন। অথচ যা ঘটছে, চোখ খুলে তা দেখা জরুরি। ইসলামে আমাদের চারপাশের এই জগৎ আল্লাহর নিদর্শনে ভরা। যা কিছু সুন্দর, তা আমাদের তাঁর কথাই মনে করায়। অথচ তাঁর সেই আশীর্বাদগুলো আমরা হারাচ্ছি। যাঁরা মানেন যে জলবায়ু বদলাচ্ছে, তাঁদের মধ্যেও এক ধরনের হতাশা টের পাই। “আমি তো চেষ্টা করছি। কিন্তু সত্যিই কি কিছু বদলাবে? এ সব করে কী হবে?” সব ব্যাপারেই যেন হাত গুটিয়ে থাকার একটা প্রবণতা। আমরা বলি, “এটাই আল্লাহর ইচ্ছা।” আল্লাহর উপর ভরসা রেখেও তো নিজের করণীয়টুকু করতে হয়। নবী বলেছিলেন, “আগে তোমার উটটা বেঁধে রাখো, তার পর আল্লাহর উপর ভরসা করো।”