২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারের বক্তৃতা লিখতেন স্টিফেন মিলার। দশ বছর পরে সেই মিলারেরই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে যোগ দেওয়ার কথা। বয়স ৪১। ট্রাম্পের প্রথম দফায় মেক্সিকো সীমান্তে অভিবাসী শিশুদের বাবা-মায়ের কাছ থেকে আলাদা করার নীতি এবং বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। মিলারের হাতে আরও ক্ষমতা যাওয়ায় কেন এত উদ্বেগ, তাঁর নিজের কয়েকটি মন্তব্যেই তার আঁচ মেলে।

২০২৩ সালে এক সাক্ষাৎকারে আমেরিকায় অভিবাসন বোঝাতে মিলার যে শব্দটি বেছেছিলেন, তা হল ‘দখল’। তাঁর যুক্তি ছিল, ঔপনিবেশিক আমল থেকে কয়েকশো বছর ধরে যে দেশ গড়ে উঠেছে, ভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের লক্ষ লক্ষ মানুষ এসে তার চরিত্র পাল্টে দিচ্ছেন। তাঁরা নিজেদের বিশ্বাস সঙ্গে নিয়েই আসবেন। মিলারের আশঙ্কা, আর এক প্রজন্ম পরে আমেরিকানরা নিজেদের দেশকেই চিনতে পারবেন না। তাঁর দাওয়াই ছিল লক্ষ লক্ষ অভিবাসীকে দেশ থেকে বার করে দেওয়া।

সেই ভাবনা কত দূর যায়, বোঝা গিয়েছিল জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বিতর্কে। আমেরিকার মাটিতে জন্মালে প্রায় সব শিশুই সে দেশের নাগরিক হয়। জুনে সুপ্রিম কোর্ট এই অধিকার খর্ব করার ট্রাম্পের চেষ্টা আটকে দিলে মিলার বলেন, এ যেন মার্কিন প্রজাতন্ত্রের বুকে ছুরি বসানো। ফক্স নিউজে তাঁর প্রশ্ন ছিল, করদাতার টাকায় চলা হাসপাতালে কোনও অভিবাসীর সন্তান জন্মালেই সে নাগরিক হয়ে যাবে? আঠারো বছর বয়সে জুরিতে বসে তাঁর বা তাঁর প্রিয়জনের বিচার করবে? মেয়র থেকে প্রেসিডেন্ট, কে হবেন, তা ঠিক করতে ভোট দেবে? অভিবাসীদের জন্মভূমি সম্পর্কে তাঁর তাচ্ছিল্যও ছিল প্রকাশ্য। তাঁর দাবি, এমনও দেশ আছে যারা নিজের চেষ্টায় চাকা পর্যন্ত আবিষ্কার করতে পারত না।

জানুয়ারিতে মিনিয়াপোলিসে অভিবাসন দপ্তরের এজেন্টদের গুলিতে নিহত হন ৩৭ বছরের অ্যালেক্স প্রেটি। হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগের এই নার্স সেখানে দাঁড়িয়ে এজেন্টদের কাজ দেখছিলেন। মিলার এক্সে তাঁকে ‘দেশীয় সন্ত্রাসবাদী’ বলেন। হত্যার সমালোচনার জবাবে তাঁর দাবি ছিল, প্রেটি নিজেই এক জন আততায়ী, তিনি এজেন্টদের খুন করতে গিয়েছিলেন। ঘটনার ভিডিও সেই দাবিকে সমর্থন করে না। তাতে দেখা যায়, সীমান্তরক্ষীরা প্রেটিকে মাটিতে ফেলে দেন এবং তাঁকে গুলি করা হয়।

বিদেশে মার্কিন শক্তি প্রয়োগ নিয়ে মিলারের বক্তব্য অবশ্য দেশভেদে বদলেছে। ২০১৮ সালে সিরিয়া থেকে আচমকা সেনা সরানোর ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সিএনএন তাঁকে প্রশ্ন করেছিল। মিলারের উত্তর ছিল, ইসলামিক স্টেট পরাজিত। তারা ফের সংগঠিত হলে তাদের মোকাবিলার দায় ওই অঞ্চলের দেশগুলির। পৃথিবীর সর্বত্র, প্রতিটি যুদ্ধে জড়ানোর অঙ্গীকার আমেরিকার মানুষ কবে করলেন, পাল্টা প্রশ্ন তুলেছিলেন তিনি।

গ্রিনল্যান্ডের বেলায় তাঁর যুক্তি অন্য। মিলারের মতে, ন্যাটোর সামরিক শক্তির প্রধান ভরসা আমেরিকা। অতএব আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও ন্যাটোর স্বার্থরক্ষায় গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হওয়া উচিত। দ্বীপটি দখলে প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন কি না, জানতে চেয়েছিলেন সিএনএনের জেক ট্যাপার। মিলার সেই আশ্বাস দেননি। তাঁর জবাব ছিল, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে কে আসবে?

ভেনেজুয়েলার ক্ষেত্রে মিলার সামনে এনেছিলেন তেলের মালিকানার প্রশ্ন। জানুয়ারিতে মার্কিন হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করা হয়। সেনা ও সাধারণ নাগরিক মিলিয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয় ওই অভিযানে। তার দু’সপ্তাহ আগেই মিলার দাবি করেছিলেন, আমেরিকানদের শ্রম আর উদ্ভাবনী শক্তিতে ভেনেজুয়েলার তেলশিল্প গড়ে উঠেছিল। সেই শিল্প রাষ্ট্রের হাতে নেওয়াকে তিনি আমেরিকার সম্পত্তি লুটের বৃহত্তম নজির বলেছিলেন। তাঁর আরও অভিযোগ ছিল, সেই সম্পদের টাকাতেই সন্ত্রাসবাদে মদত দেওয়া হয়েছে, আমেরিকায় ঢুকেছে খুনি, ভাড়াটে যোদ্ধা আর মাদক।