ইংল্যান্ডের পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েও হ্যারি কেনের মনে হয়, নিজের যোগ্যতা তাঁকে এখনও প্রমাণ করতে হবে। ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, এমন সব রেকর্ড গড়ে যেতে চান তিনি, যা বহু বছর অক্ষত থাকবে।

বৃহস্পতিবার রাতে ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দেশের হয়ে ১২৬তম ম্যাচ খেলবেন কেন। এর সঙ্গেই সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় পিটার শিলটনকে পেরিয়ে যাবেন তিনি। ৯১টি গোল করে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইতিমধ্যেই কেন। তাঁর অনেক পিছনে ওয়েন রুনি, যিনি ৫৩টি আন্তর্জাতিক গোল নিয়ে অবসর নিয়েছিলেন।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে কেনের হাতে স্মারক তুলে দেবেন শিলটন। ১৯৯০ সালে নিজের ২০ বছরের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার পর থেকে এত দিন রেকর্ডটি তাঁরই দখলে ছিল। গত মাসে কেনের ব্যালন ডি’অর জয়ের কৃতিত্বকেও এই অনুষ্ঠানে স্বীকৃতি জানানো হবে।

এখনও কি তাঁর কিছু প্রমাণ করার তাগিদ রয়েছে? কেনের জবাব, “আমার মনে হয় না, এই অনুভূতি কোনও দিন আমাকে ছেড়ে যাবে। সম্ভবত এটাই আমাকে নিজের সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়ার অন্যতম কারণ। কারণ, ফুটবলে কখনও বলা যায় না, সব কিছু অর্জন করে ফেলেছি। আপনি যত কিছুই অর্জন করুন, সব সময় এমন কোনও ট্রফি থাকবে, যা অন্য কেউ জিতেছে, কিংবা গোলের কোনও রেকর্ড থাকবে অন্য কারও দখলে।”

“বাইরে থেকে যা-ই বলা হোক, সংবাদমাধ্যম থেকে হোক বা সমর্থকদের কাছ থেকে—সেটা আমাকে আরও প্রেরণা দেয়। মনে করিয়ে দেয়, এখনও অনেক কিছু অর্জন করার আছে। আমার সবচেয়ে বড় ভয় হল, কেরিয়ার শেষ করার পরে যেন মনে না হয়, আর একটু বেশি করতে পারতাম… যদি শুধু এটা করতাম, কিংবা ওটা করতাম। আমি নিশ্চিত করতে চাই, সব পথ পেরিয়ে, যা কিছু করা সম্ভব, তার সবটাই যেন করে যাই। যাতে সেই দিনটা যখনই আসুক, বলতে পারি, সম্ভবপর সব কিছুই করেছি। আর রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি।”

৩৩ বছরের কেন জানেন, ইংল্যান্ড দলে তাঁর দুই সতীর্থ ইতিমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। ২৭ বছরের ডেক্লান রাইসের ম্যাচের সংখ্যা ৮০; ২৩ বছরের জুড বেলিংহ্যামের ৬০।

কেন বলেন, “ওদের তাড়া করার জন্য বেশ বড় একটা সংখ্যা রেখে যাওয়ার চেষ্টা করব। আর গোলের রেকর্ডটা তো অবশ্যই কিছু দিন ভাঙা কঠিন হবে।”

“নিজে উদাহরণ তৈরি করে নেতৃত্ব দেওয়ার কথা আমি বলেছি। এই তরুণ ফুটবলারদের অনেককেই আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করার কথা বলেছি। সেটা করতে হয় মানদণ্ড তৈরি করে, প্রতিবার খেলার জন্য প্রস্তুত থেকে, দেশের হয়ে ম্যাচ খেলে এবং গোল করে। এতে তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত হওয়ার কথা। আমি যদি ওদের বয়সে থাকতাম, আর আমার সামনে এমন কোনও ফুটবলার থাকত যে এখন আমার মতো কাজগুলো করছে, তা হলে জানি, সেটা আমাকে ভাবতে উদ্বুদ্ধ করত: ‘ঠিক আছে, আমিও ওই গোলগুলো করতে পারি, আমিও ব্যালন ডি’অর জিততে পারি, আমিও সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ভাঙতে পারি।’ যত দিন এই জায়গায় আছি, চেষ্টা করব রেকর্ডগুলোকে যতটা সম্ভব উঁচুতে নিয়ে যেতে। তার পরে একদিন পিছন ফিরে দেখব, কেউ সেগুলো ছুঁতে পারে কি না।”

কেরিয়ারের নানা পর্যায়ে কেনের সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। শুরুটা সেই আট বছর বয়সে, যখন আর্সেনাল তাঁকে ছেড়ে দেয়। ২০১২-১৩ মরসুমে টটেনহ্যাম থেকে লোনে নরউইচ ও লেস্টারে গিয়ে কঠিন সময় কাটিয়েছিলেন তিনি। তার পরে ২০১৪-১৫ মরসুমে স্পার্স ও ইংল্যান্ডের হয়ে নজর কাড়ার পরেও শুনতে হয়েছিল, তিনি নাকি এক মরসুমের চমক।

বড় লক্ষ্য স্থির করার জন্যও উপহাস সহ্য করতে হয়েছে কেনকে। যেমন ২০১৭ সালে, যখন তিনি বলেছিলেন, লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো গোলের পরিসংখ্যান গড়তে চান। কিংবা যখন ২০১৮ সালের বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার ইচ্ছের কথা জানিয়েছিলেন। আবার ২০২৪ সালের সেপ্টেম্বরে, দেশের হয়ে শততম ম্যাচ খেলার মুখে দাঁড়িয়ে, তাঁর গোলসংখ্যা যখন ৬৬, তখন বলেছিলেন, ইংল্যান্ডের হয়ে ১০০ গোল করতে চান।

২০২৪ সালের ইউরোতেও তাঁর পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফাইনালে তাঁকে তুলে নেওয়া হয়েছিল। তার পরে দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন ওঠে। প্রতিবারই জবাব দিয়েছেন কেন।

তিনি বলেন, “এটাই আমার মানসিকতা। কারণ, গোটা কেরিয়ার জুড়েই আমাকে মানুষকে ভুল প্রমাণ করতে হয়েছে। অ্যাকাডেমির শুরুর দিনগুলো থেকে কোচদের ভুল প্রমাণ করা, প্রতিভা অন্বেষণকারীদের ভুল প্রমাণ করা—এটা আমার ভিতরে গেঁথে গিয়েছে। কেউ যদি বলেন, আমি কিছু করতে পারব না, তা হলে সেটা করে দেখানোর প্রেরণা আরও বেড়ে যায়।”

“সব মহান ক্রীড়াবিদের দিকে তাকান। আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডির কথা আমি আগেও বলেছি। সেরা হওয়ার সেই অবিচল মানসিকতাটাই আসল। হয়তো আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম দেখায়, কারণ আমি শান্ত স্বভাবের মানুষ। এই মহান খেলোয়াড়দের কারও কারও মধ্যে যে অহংবোধ দেখা যায়, আমার মধ্যে হয়তো সেটা দেখা যায় না। আমি একটু বেশি নির্ভার। কিন্তু তার মানে এই নয় যে, বাকিদের তুলনায় আমার চাওয়াটা কম। কিংবা আমি পরিশ্রম করি না, নিজেকে ও আমার চারপাশের সবাইকে সেরা হওয়ার জন্য তাগিদ দিই না।”

“হয়তো এত ছোট বয়সে আর্সেনাল আমাকে ছেড়ে দেওয়ার পর ওদের ভুল প্রমাণ করার তাগিদ থেকেই এটা এসেছে। তার পরে টটেনহ্যামে শুরুর দিকের সেই কোচদের ভুল প্রমাণ করার তাগিদ, যাঁদের অধীনে তেমন খেলার সুযোগ পেতাম না। লোনে গিয়ে যে সময়গুলো ভাল কাটেনি, সেখানেও একই কথা মনে হয়েছে: ‘আমি ওদের দেখিয়ে দেব।’”

ইংল্যান্ডের হয়ে নিজের কেরিয়ারের সম্ভবত সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যক্তিগত মুহূর্তটির কথাও তুলেছেন কেন। ২০২২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন তিনি। সেই ম্যাচে ইংল্যান্ড হেরে যায় ২-১ গোলে।

কেন বলেন, “সেটা সত্যিই খুব কঠিন ছিল। কিন্তু সেখান থেকেও আমি কী ভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেটাই দেখুন।”

“এমনকি তার পরে আমার কেরিয়ারের টানা ৩০টি [আসলে ৩১টি] পেনাল্টিতে গোল করার বিষয়টাও দেখুন। নিজের পেনাল্টি নেওয়ার কৌশল একটু বদলেছিলাম। তাতে আমার উন্নতি হয়েছিল। অনেক খারাপ সময় এসেছে। কিন্তু হয়তো সেই অভিজ্ঞতাগুলোই আমাকে আজকের এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে।”