পুনর্নির্বাচনের লড়াইয়ে নতুন সুযোগ পেলেন কিংবদন্তি স্প্রিন্টার; সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে গগন নারাং, অঞ্জু ববি জর্জ ও সাইনা নেহওয়াল। দৌড়ে রয়েছেন দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি বীরেন্দ্র সচদেবও।
ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) নির্বাচন ক্রমেই জমজমাট হয়ে উঠছে। সংস্থার সভাপতি পদের লড়াইয়ে ‘স্প্রিন্টের রানি’ পি টি ঊষার মুখোমুখি হতে পারেন অ্যাথলেটিক্সের আর এক তারকা অঞ্জু ববি জর্জ এবং একাধিক অলিম্পিক পদকজয়ী।
নির্বাচনী প্রক্রিয়ায় বাইরের চাপের অভিযোগ এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মধ্যেই তিন দিন আগে ধাক্কা খেয়েছিল ঊষার পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা। আইওএ-র সাধারণ পরিষদে নির্বাচিত আট জন কৃতী ক্রীড়াবিদের—চার জন পুরুষ ও চার জন মহিলা—মধ্যে জায়গা পাননি তিনি। কিন্তু ভারতের আইস হকি ফেডারেশন তাঁকে সাধারণ পরিষদে মনোনীত করায় ফের লড়াইয়ে ফিরেছেন ঊষা।
আইওএ-র কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ ছাড়াও ন’টি পদাধিকারীর পদে নির্বাচন হবে। সংস্থার সংবিধান অনুযায়ী, সভাপতি পদে যোগ্য প্রার্থী হতে হলে অসামান্য কৃতিত্বসম্পন্ন ক্রীড়াবিদদের (স্পোর্টসপার্সনস অব আউটস্ট্যান্ডিং মেরিট বা এসওএম) ভোটে সাধারণ পরিষদে নির্বাচিত হতে হবে, অথবা কোনও জাতীয় ক্রীড়া ফেডারেশনের মনোনয়ন পেতে হবে।
তবে ঊষা ফিরে আসায় কেরলের দুই তারকা—তিনি এবং অঞ্জু—সরাসরি দ্বিমুখী লড়াইয়ে নামবেন, এমন নয়। একাধিক অলিম্পিক পদকজয়ীও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী।
সোমবার বর্তমান ৮০ জন এসওএম-এর ভোটে অঞ্জু প্রাথমিক পর্যায়েই অন্যতম এগিয়ে থাকা মুখ হিসেবে উঠে এসেছেন। অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী একমাত্র ভারতীয় মহিলা, প্রাক্তন এই লংজাম্পার পেয়েছেন ৫৩টি ভোট। তাঁর পরে রয়েছেন ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল (৫০), তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় (৪৫) এবং ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (৪৩)। ঊষা ৪০টি ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
আইওএ-র প্রথম মহিলা সভাপতি ঊষা শুরুতে ভেবেছিলেন, দ্বিতীয় বার নির্বাচিত হওয়ার পথ তুলনামূলক মসৃণ হবে। এখন তাঁকে শুধু অঞ্জুই নন, অলিম্পিক পদকজয়ী শুটার গগন নারাং, সাইনা নেহওয়াল, বক্সার বিজেন্দ্র সিংহ এবং কুস্তিগির যোগেশ্বর দত্তের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় নামতে হতে পারে।
সোমবারের ভোটের আগে আট জন পুরুষ ও পাঁচ জন মহিলা প্রার্থী এসওএম নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় গোটা প্রক্রিয়াই বিতর্কে জড়িয়েছে। সূত্রের খবর, ঊষাকেও সরে দাঁড়াতে বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। সভাপতি হিসেবে তাঁর মেয়াদে আইওএ-র কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন চলেছে। পরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) চিঠি লিখে ঊষা এসওএম নির্বাচনে সম্ভাব্য সরকারি হস্তক্ষেপ বা বাইরের চাপের তদন্ত চেয়েছেন।
অন্য দিকে, অঞ্জুর বিশ্বাস, ক্রীড়াবিদ এবং প্রশাসক হিসেবে তাঁর অভিজ্ঞতা তাঁকে আইওএ-তে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ দেবে। তবে ঊষার উত্তরসূরি হিসেবে সভাপতি হতে তিনি আগ্রহী কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি।
অঞ্জু বলেন, “আমি দু’দফায় ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ছিলাম। আইওএ-র এই দলটি ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের জন্য কাজ করবে। প্রাক্তন প্রথম সারির ক্রীড়াবিদ এবং প্রশাসক হিসেবে আমার মনে হয়, আমি অনেক কিছু করতে পারব এবং কাজের ফলের উপর জোর দিতে পারব। ক্রীড়া প্রশাসনে আমার এই আসা হঠাৎ করে নয়। বহু বছর ধরে এএফআই-তে কাজ করেছি। আইওএ-র অংশ হওয়ার সুযোগটা খুব বড়।”
২০০৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী অঞ্জু জানান, এএফআইয়ের সহ-সভাপতি হিসেবে তাঁর সবচেয়ে বড় শিক্ষা হল, সকলকে সঙ্গে নিয়ে চলার গুরুত্ব। তাঁর কথায়, “এএফআই থেকে যা শিখেছি, তা আইওএ-তে আমার কাজে লাগবে।”
ঊষার তোলা বাইরের চাপের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে অঞ্জু বলেন, “ওটা আইওএ-র দেখার বিষয়, আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। যাঁদের উপর নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে, তাঁদের বিষয়টি দেখতে হবে।”
বৃহস্পতিবার ঊষাকে ফোন করা এবং বার্তা পাঠানো হলেও তাঁর কোনও জবাব পাওয়া যায়নি।
সোমবারের ভোট থেকে সরে দাঁড়ানো প্রার্থীদের তরফেও চাপের অভিযোগ উঠেছে। প্রার্থিতা প্রত্যাহার করা ১৩ জনের অন্যতম, এশিয়ান গেমসে শুটিংয়ে সোনাজয়ী রঞ্জন সিং সোধি ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন, সহক্রীড়াবিদ এবং প্রতিষ্ঠিত খেলোয়াড়দের কাছ থেকে তিনি সরে দাঁড়ানোর অনুরোধ পেয়েছিলেন।
সোধি বলেন, “এই গোটা ব্যাপারটায় আমি একেবারেই নতুন। কী ভাবে এগোতে হয়, সে সম্পর্কে বিশেষ কিছু জানতাম না। আমার কাছেও এটা শেখার একটা প্রক্রিয়া। আমাকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়নি। তবে ক্রীড়াবিদদের কাছ থেকে, প্রতিষ্ঠিত নামগুলির কাছ থেকে, বিশেষ করে অন্য খেলার ক্রীড়াবিদদের কাছ থেকে সরে দাঁড়ানোর একাধিক অনুরোধ পেয়েছিলাম। কেন, তা বুঝতে পারিনি। কেন আমার সরে দাঁড়ানো উচিত, কিংবা কার অনুরোধে তাঁরা আমাকে সরে দাঁড়াতে বলছেন, কেউ কিছু জানাননি। শুধু বলেছেন, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে কোনও লাভ নেই। শেষ পর্যন্ত আমি বিরক্ত হয়ে পড়েছিলাম।”
তিনি আরও বলেন, “কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসতে চাইনি। ভারতীয় খেলাধুলোর জন্য ভাল কিছু করতে চেয়েছিলাম। ব্যবস্থাকে বদলাতে হলে তার অংশ হওয়াটা জরুরি। কিন্তু যা ঘটেছে, তা ভাল হয়নি। কেউ মনোনয়ন জমা দিলে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক। আমি কখনও কাউকে ফোন করে সরে দাঁড়াতে বলিনি। অন্য ক্রীড়াবিদদের ফোন করলে নিজের জন্য সমর্থন চাইতাম, তাঁদের সরে দাঁড়াতে বলতাম না।”
নির্ধারিত নিয়ম মেনে নির্বাচনী প্রক্রিয়া চলেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সোধি। তাঁর বক্তব্য, “প্রক্রিয়া নির্দিষ্ট করে দেওয়া ছিল। যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তা সে ভাবেই মানা উচিত। আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, ভোটের জন্য প্রচার করা যাবে না। সেটাই যদি না মানা হয়, তা হলে আর কোনও অর্থ থাকে না।”
বুধবার প্রাক্তন স্প্রিন্টার অশ্বিনী নাচাপ্পাও এসওএম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরে বাইরের চাপের অভিযোগ করেছিলেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছিলেন, “আমাকে সরে দাঁড়াতে বলা হয়েছিল। যাঁরা সরে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকেই বাইরের চাপে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছিল। এটা স্বেচ্ছায় হয়নি, অন্তত এটুকু বলতে পারি… স্বচ্ছতা কতটা ছিল, তা এর থেকেই অনেকটা বোঝা যায়।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।