বইবিক্রেতাদের দাবি, হ্যারি পটারের পর এমন ভিড় আর দেখেননি তাঁরা। এর মধ্যেই ১,২৯৯ টাকার হার্ডকভার ব্লিঙ্কিটে মিলছে ৮৪৯ টাকায়, ছড়িয়ে পড়ছে ওয়াটারমার্কবিহীন বেআইনি পিডিএফও।
অ্যামাজনে আগাম অর্ডার দেওয়া সনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ পৌঁছতে দেরি হচ্ছিল। তাই এক এক্স ব্যবহারকারী ভরসা করলেন দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার একটি অ্যাপের উপর। মাত্র ১৯ মিনিটে বই পৌঁছে গেল তাঁর হাতে। দামেও মিলল ৪৫০ টাকা ছাড়।
এক্সে তিনি লিখলেন, “এ বার জয় ব্লিঙ্কিটেরই! অ্যামাজনে আমার প্রি-অর্ডার পৌঁছতে এত দেরি হচ্ছিল! তা হলে আগে থেকে অর্ডার দেওয়ার মানেটা কী?” সঙ্গে তাঁর মন্তব্য, “আমি নিশ্চিত, এক দিনেই বইটা শেষ করে ফেলব।”
১০ নভেম্বর প্রকাশের দু’দিন পরেও স্মৃতিকথাটি ঘিরে কৌতূহল তুঙ্গে। পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর পরে ভারতে বইটি প্রকাশ করেছে হার্পারকলিন্স। পাঠকেরা এখনও বইটির খোঁজ করছেন—কেউ বইয়ের দোকানে, কেউ আবার বেআইনি পিডিএফের মাধ্যমে।
‘এত বড় উন্মাদনা আর দেখিনি’
বইবিক্রেতা বামহি জানান, এমন উত্তেজনা তিনি শেষ দেখেছিলেন ছোটবেলায়, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ প্রকাশের সময়।
তাঁর কথায়, “মনে আছে, সকাল সাতটায় দোকানের বাইরে লাইন পড়েছিল। বইটা নিয়ে মানুষের কী উত্তেজনা! কয়েক মাস ধরে তাঁরা অপেক্ষা করছিলেন। তার পরে এই প্রথম কোনও বই নিয়ে পাঠকদের মধ্যে এমন উত্তেজনা দেখছি।”
সাম্প্রতিক বছরগুলিতে আর কোনও বই ঘিরেই এমন পরিস্থিতি তৈরি হয়নি বলে তাঁর দাবি। এমনকি অরুন্ধতী রায়ের ‘মাদার মেরি কামস টু মি’-ও এর ধারেকাছে আসেনি।
দেশের ৪৭টি শহরে ১৫০টি দোকান রয়েছে ক্রসওয়ার্ড বুকস্টোরসের। সংস্থার সিইও আকাশ গুপ্ত আরও এক ধাপ এগিয়ে বলেন, “হ্যারি পটারের সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না… তবে তার পরে সম্ভবত সবচেয়ে বড় উন্মাদনা আমরা দেখলাম সনিয়া গান্ধীর বই নিয়ে।” এ বছরের ‘ওডিসি’, ‘ডিউন’ এবং সারা জে. মাসের সাম্প্রতিক বই প্রকাশের চেয়েও এগিয়ে রাখছেন তিনি এই স্মৃতিকথাকে।
বইটি প্রকাশের দিন দেশজুড়ে দোকানে পৌঁছে দেওয়ার জন্য বড়সড় ব্যবস্থাপনা করতে হয়েছে ক্রসওয়ার্ডকে। কড়া নিষেধাজ্ঞা ছিল, সকাল দশটার আগে কোনও বইয়ের বাক্স খোলা যাবে না। গুপ্ত জানান, সকাল দশটার মধ্যেই তাঁদের একশোর বেশি দোকানের তাকে বই পৌঁছে গিয়েছিল। কয়েকটি শহরে পরিবহণের সমস্যায় বাকি দোকানগুলিতে বই পৌঁছয় সে দিন পরে অথবা পরের দিন। বহু দোকানে দরজা খোলার সময় থেকেই পাঠকেরা বাইরে অপেক্ষা করছিলেন।
ক্রসওয়ার্ডের ওয়েবসাইটে এক হাজার থেকে দু’হাজার আগাম অর্ডার এসেছিল। ইতিমধ্যে দু’দফায় নতুন করে বই আনানোর অর্ডার দিয়েছে সংস্থা। গুপ্তের কথায়, বিক্রি “আট হাজারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে”। তাঁর আশা, আগামী সপ্তাহে বিক্রি দশ হাজার ছাড়িয়ে যাবে।
শহরাঞ্চলের দোকানগুলিতে এবং উত্তর ভারতে চাহিদা সবচেয়ে বেশি। উত্তর ভারতের পাঠকদের “রাজনীতির প্রতি বেশি আগ্রহী” বলে বর্ণনা করেন গুপ্ত। তবে কেরলেও বইটি ভাল বিক্রি হয়েছে।
দিল্লির বাইরে বেঙ্গালুরুর চম্পকা বইয়ের দোকানও জানিয়েছে, বইটি নিয়ে ধারাবাহিক আগ্রহ রয়েছে। কিছু আগাম অর্ডারও পেয়েছিল তারা।
কারা কিনছেন
হার্ডকভারের দাম ১,২৯৯ টাকা। ফলে হঠাৎ ইচ্ছে হল আর কিনে ফেললেন—অনেকের পক্ষে এমন বই এটি নয়।
বামহি বলেন, “অনেক তরুণ-তরুণী বইটা কিনতে আসছেন। কিন্তু তাঁদের কেউ কেউ দাম দেখে রেখে চলে যাচ্ছেন। পরে কিনবেন, অথবা অন্য কোনও সূত্র থেকে সংগ্রহ করবেন।”
তাঁর কথায়, ক্রেতাদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁরা মূলত “কর্মজীবী মানুষ, কর্পোরেট সংস্থার কর্মী, বিশেষ করে আইনজীবী”। কিছু প্রবীণ পাঠকও কিনছেন।
তেমনই এক ক্রেতা সুপ্রিম কোর্টের আইনজীবী আকবর খান। খান মার্কেটের বাহরিসন্স থেকে বইটির একটি কপি কিনেছেন তিনি। বছরের পর বছর সমালোচনার মুখে পড়া সনিয়াকে তিনি বর্ণনা করেন “লৌহমানবী” হিসেবে।
তাঁর কথায়, “এক জন ইতালীয় মহিলা কী ভাবে নিজের দেশ ছেড়ে ভারতে এসে এখানকার সংস্কৃতিকে গ্রহণ করলেন, সমাজের তা থেকে শেখা উচিত। কাজটা অত্যন্ত কঠিন।”
তরুণ ভারতীয়দের মধ্যে রাজনীতি নিয়ে আগ্রহকেও বইটির সাফল্যের অন্যতম কারণ মনে করেন বামহি। তিনি বলেন, “সবাই এখন রাজনীতির জগতে সক্রিয় ভাবে যুক্ত। সশরীরে কোথাও না গেলেও অন্তত মানসিক ভাবে তাঁরা যুক্ত থাকছেন। বইটির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে এটা সাহায্য করেছে।”
ভারতে কোনও আত্মজীবনীকে ঘিরে এমন আগ্রহ অভূতপূর্ব। গুপ্তের বক্তব্য, পশ্চিমি দুনিয়ায় রাজনৈতিক স্মৃতিকথা বইয়ের বাজারের একটি বড় অংশ। কিন্তু ভারতে তা বিরল, বিশেষত রাজনীতির একেবারে শীর্ষস্তরের মানুষদের লেখা।
তিনি বলেন, “এই বইটির জন্য সবাই অপেক্ষা করছিলেন—তাঁর নিজের মুখ থেকে কথাগুলি শোনার জন্য।”
৪৫০ টাকা ছাড়ের প্রশ্ন
বইটির সর্বোচ্চ খুচরো মূল্য ১,২৯৯ টাকা। অথচ ব্লিঙ্কিটে দাম ৮৪৯ টাকা। এই ফারাক বইবিক্রেতাদের নজর এড়ায়নি।
গুপ্ত বলেন, “অর্থনৈতিক দিক থেকে এর কোনও যুক্তিই হয় না। কোনও কিছুর মূল্য এ ভাবে কমিয়ে দেওয়া কেন?” তাঁর ধারণা, ক্রেতা টানতে দ্রুত পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্মগুলি বইটি লোকসান স্বীকার করে বিক্রি করে থাকতে পারে।
তাঁর কথায়, “এই বইয়ের মূল্য ১,২৯৯ টাকার চেয়ে অনেক বেশি… আমরা বইকে নিছক পণ্য হিসেবে দেখছি না।”
তবে এই ছাড়ের কারণে ক্রসওয়ার্ডের ব্যবসায় প্রভাব পড়ছে না বলেই জানান তিনি। ক্রসওয়ার্ড নিজেও কখনও কখনও দ্রুত পণ্য সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে কাজ করে। গুপ্ত বলেন, “আমরা মুক্তবাজার অর্থনীতিতে বাস করি। কাউকে কোনও কিছু করা থেকে আটকাতে পারি না।”
স্বাধীন বইয়ের দোকানগুলির পরিস্থিতি আরও কঠিন।
বামহি বলেন, “আমাদের কিছু করার নেই। ওরা বিরাট সংস্থা। এই বহুজাতিক দৈত্যদের সামনে স্বাধীন বইয়ের দোকানগুলির কোনও কথাই চলে না। এটা মেনে নিয়েই আমাদের চলতে হয়। আমরা নির্ভর করি আমাদের নিয়মিত ক্রেতাদের উপর, যাঁরা বইয়ের দোকানকে সমর্থন করতে চান। তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ।”
দাম সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়নি ব্লিঙ্কিট।
ঘুরছে বেআইনি পিডিএফও
বইটির একটি বিনামূল্যের সংস্করণও ঘুরছে। চণ্ডীগড়ের ব্রাউজার বইয়ের দোকানের মালিক পঙ্কজ পি সিংহ জানান, কোনও ওয়াটারমার্ক ছাড়াই বইটির একটি বেআইনি পিডিএফ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।
তবু বহু মানুষ বই কিনছেন। সিংহের বক্তব্য, পিডিএফ যতই ছড়িয়ে পড়ুক, তা সকলের হাতে পৌঁছয়নি। তা ছাড়া এ ধরনের বইয়ের ক্ষেত্রে দাম কোনও বাধা নয়।
তবে এই ভিড় দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন না তিনি। তাঁর কথায়, “এ এমন এক ধরনের বই, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার বিষয় হয়ে ওঠে। আগামী কয়েক সপ্তাহে বিক্রি কমে আসার সম্ভাবনা রয়েছে।”
বেআইনি পিডিএফ এবং দ্রুত পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্মে ছাড় দিয়ে বিক্রি—কোনও বিষয়েই প্রশ্নের উত্তর দেয়নি হার্পারকলিন্স ইন্ডিয়া।
সাময়িক উন্মাদনা, না বাজারের নতুন সম্ভাবনা?
আপাতত দোকানের বাইরে লাইন যত দিন থাকছে, তা উপভোগ করছেন বইবিক্রেতারা। ডিসেম্বরে হ্যারি পটারের টেলিভিশন সিরিজ আসছে। গুপ্ত ইতিমধ্যেই আশা করছেন, তখন ফের ক্রেতাদের ঢল নামবে।
তাঁর কথায়, “হ্যারি পটার বইয়ের দোকানকে ঘিরেই একটা ঘটনা হয়ে উঠেছিল। হ্যারি পটারের আকর্ষণের অর্ধেকটাই ছিল দোকানে এসে বই কেনা।”
এ সপ্তাহের কয়েকটি দিনের জন্য সনিয়া গান্ধীর স্মৃতিকথাও তেমনই এক ঘটনা হয়ে উঠেছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।