সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর কয়েক দিন আগে মুম্বইয়ের ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন আইপিএস অফিসার মনোজ শর্মা ও তাঁর স্ত্রী শ্রদ্ধা। জানালেন, বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছনোর পাশাপাশি সাফল্যের পরেও বিনয়ী থাকা জরুরি।
ওয়াংখেড়ের সাজঘরে এক ঘণ্টারও বেশি সময় ধরে অন্য এক জীবনের গল্প শুনলেন মুম্বইয়ের ক্রিকেটাররা। বক্তা আইপিএস অফিসার মনোজ শর্মা—‘টুয়েলভথ ফেল’ ছবির বাস্তব জীবনের নায়ক—এবং তাঁর স্ত্রী, আইআরএস অফিসার শ্রদ্ধা শর্মা। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর কয়েক দিন আগে এই কথোপকথনের আয়োজন করেছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এমসিএ।
ভাবনাটি ছিল, খেলাধুলোর বাইরের জগৎ থেকে এক নায়ককে ক্রিকেটারদের সামনে হাজির করা।
এমসিএ সভাপতি অজিঙ্ক্য নায়েক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, “আমাদের যে ক্রিকেটার ও সহায়ক কর্মীরা জীবনে উৎকর্ষ অর্জনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন, তাঁদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন। ঘরোয়া ক্রিকেট মরসুমে মাঠের বাইরেও কিছু কর্মসূচি নেয় এমসিএ। এটি তারই একটি।”
তিনি আরও বলেন, “জীবনের সমস্ত বাধা পেরিয়ে কী ভাবে লক্ষ্যে পৌঁছনো যায়, সে বিষয়ে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য মনোজ স্যর ও শ্রদ্ধা ম্যাডামকে আমন্ত্রণ জানানোর কথা ভেবেছিলাম। আমরা চেয়েছিলাম, ক্রিকেটাররা বুঝুন—নিষ্ঠা থাকলে জীবনে যে কোনও লক্ষ্য অর্জন করা সম্ভব। ব্যক্তিগত জীবনে প্রতিকূল পরিস্থিতি থাকলেও স্বপ্নের পিছনে ছুটতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। মনোজ স্যরের ব্যক্তিগত অভিজ্ঞতা মুম্বইয়ের ক্রিকেটাররা নিজেদের ক্রিকেটজীবনে কী ভাবে কাজে লাগাতে পারেন, সেটিই ছিল আলোচনার বিষয়।”
মনোজ বর্তমানে মুম্বই পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের যুগ্ম কমিশনার পদে কর্মরত। শ্রদ্ধা কর্মরত মুম্বই কাস্টমসে। মনোজের জীবন নিয়ে তৈরি ছবিটি বিপুল সাফল্য পেয়েছিল, সারা দেশের দর্শকের ভালবাসাও কুড়িয়েছিল। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বইয়ের অধিনায়ক সূর্যকুমার যাদব, সরফরাজ খান, শার্দূল ঠাকুর-সহ দলের অন্য ক্রিকেটাররা।
সাফল্য পাওয়ার পরেও কেন বিনয়ী থাকা প্রয়োজন, সে কথা বলেন মনোজ। ক্রিকেটারদের বলা হয়, দুঃসময়েও মাথা ঠান্ডা রাখতে হবে, মনকে লক্ষ্য থেকে সরে যেতে দেওয়া চলবে না।
মুম্বইয়ের ব্যাটসম্যান মুশির খান বলেন, “আমাদের কাছে অনুষ্ঠানটি খুবই উপভোগ্য ছিল। আমরা ছবিটা দেখেছিলাম। কিন্তু তাঁর মুখ থেকে সরাসরি সেই অভিজ্ঞতা শোনা সত্যিই অনুপ্রেরণা জুগিয়েছে। মনোজ স্যর বললেন, জীবনে কী ভাবে বিনয়ী থাকতে হয়। দীর্ঘদিন ধরে যাঁরা আমাদের চেনেন, সেই কাছের মানুষদের প্রতি আমাদের আচরণ যেন কখনও বদলে না যায়।”
মুশিরের সবচেয়ে মনে ধরেছে শ্রদ্ধার একটি কথা।
“শ্রদ্ধা ম্যাডামই সবচেয়ে ভাল কথাটি বলেছেন। আমি সেটা অবশ্যই মনে রাখব। তিনি বললেন, ত্যাগ না করলে স্বর্গ পাওয়া যায় না। সাফল্য পেতে অনেক কিছু ত্যাগ করতে হয়। আর লক্ষ্যে পৌঁছতে হলে প্রত্যেক মানুষকেই পুড়তে হবে,” বলেন মুশির।
লাল বলের ক্রিকেটে এ বার ভাল ছন্দে রয়েছে মুম্বই। এখনও পর্যন্ত রঞ্জি ট্রফির সব ম্যাচই জিতেছে তারা। সামনে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা। তারকাখচিত দল নিয়ে সেখানেও ভাল ফলের আশা করবে মুম্বই।
সাফল্যের শিখরে পৌঁছে মানুষের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়েও কথা বলেন মনোজ ও শ্রদ্ধা। তাঁদের পরামর্শ—বিনয়ী থাকতে হবে, আর লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে।
আগামী দিনে একটি তথ্যচিত্রে ব্যবহারের জন্য গোটা অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করেছে এমসিএ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।