দাবার দুনিয়ায় লাসলো নাগির একটি পরিচিত ডাকনাম আছে—‘মিস্টার ফার্স্ট স্যাটারডে’। বুদাপেস্টে তাঁর আয়োজিত দাবা প্রতিযোগিতার সুবাদেই এই নাম। গত ৩৫ বছর ধরে প্রতি মাসের প্রথম শনিবার নিয়ম করে বসছে তাঁর ‘ফার্স্ট স্যাটারডে’ প্রতিযোগিতার আসর। দাবার ক্যালেন্ডারে এই আয়োজন এখন এক দীর্ঘদিনের ঐতিহ্য।
বিশ্বের প্রথম সারির বহু গ্র্যান্ডমাস্টার এই প্রতিযোগিতায় খেলেছেন। ফাবিয়ানো কারুয়ানা তাঁর গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় তিনটি নর্মই অর্জন করেছিলেন এখানে। কেরিয়ারের গোড়ার দিকে এই আসরে খেলেছেন ম্যাগনাস কার্লসেন, হিকারু নাকামুরা, সোফিয়া পোলগার এবং পিটার লেকোর মতো প্রতিভারা। গত পাঁচ বছরে ভারতের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে দিব্যা দেশমুখ, লিয়ন মেন্ডোনকা, সবিতা শ্রী, শ্রীহরি এলআর, ভিএস রথনভেল এবং রক্ষিতা রবিও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
নাগির হিসাব অনুযায়ী, এখন তাঁর ‘ফার্স্ট স্যাটারডে’ প্রতিযোগিতাগুলির প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ খেলোয়াড়ই ভারতীয়। কেউ আসেন নর্ম অর্জনের লক্ষ্যে, কেউ নিজের রেটিং বাড়াতে।
নাগি বলেন, “আমার প্রতিযোগিতায় এত ভারতীয় খেলেছে যে সবার নাম মনে রাখা আমার পক্ষে অসম্ভব। অক্টোবরে আমার সাম্প্রতিক প্রতিযোগিতায় শ্রীহরি এলআর খেলেছিল এবং গ্র্যান্ডমাস্টার বিভাগে জিতেছিল। প্রতি মাসেই আমার প্রতিযোগিতায় অনেক ভারতীয় আসে। কখনও কখনও মোট খেলোয়াড়ের অর্ধেকই ছিল ভারতীয়।”
ভারতীয় দাবাড়ুদের সঙ্গে মেলামেশা করতে করতে হিন্দিতে কয়েকটি কথাও শিখে নিয়েছেন তিনি।
হাসিমুখে নাগি বলেন, “আমার ভারতীয় দাবাড়ুদের সম্মান জানাতে আমিও একটু হিন্দি শিখেছি। ওদের বলি, ‘মুঝে হিন্দুস্তানি শতরঞ্জ খিলাড়ি পসন্দ হ্যায়’—আমার ভারতীয় দাবাড়ুদের ভাল লাগে। আর বলি, ‘সব ঠিক হ্যায়?’—সব ঠিক আছে তো?”
তবে তাঁর প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা এত বেড়েছে যে কিছু ইউরোপীয় দাবাড়ু সেখানে খেলতে ইতস্তত করেন বলেও জানান নাগি।
তাঁর কথায়, “ইউরোপীয় দাবাড়ুরা কখনও কখনও আমার প্রতিযোগিতায় খেলতে ভয় পায়। বলে, এখানে বড্ড বেশি ভারতীয়। ওরা ভারতীয় খেলোয়াড়দের ভয় পায়। আমি ওদের বলি, ‘ভারতীয়দের হারাতে না পারলে এই খেলায় শক্তিশালী খেলোয়াড় হওয়া যাবে না।’ কখনও কখনও ইউরোপীয়রা এমন প্রতিপক্ষ চায়, যাদের রেটিং বেশি অথচ আসলে দুর্বল খেলোয়াড়। আমি সবসময় বলি, তুমি ভাল খেলোয়াড় হলে ভারতীয়দেরও হারাতে পারবে।”
নাগির মতে, যাঁদের এলো রেটিং এখনও প্রায় ২৫০০-এর সীমা পেরোয়নি, কিংবা যাঁরা গ্র্যান্ডমাস্টার বা ইন্টারন্যাশনাল মাস্টার হওয়ার নর্ম অর্জনের চেষ্টা করছেন, তাঁদের জন্য তাঁর প্রতিযোগিতাগুলি ভাল সুযোগ।
দাবার প্রতিযোগিতা আয়োজনের আগে নাগি ছিলেন হাঙ্গেরির সেনাবাহিনীর ক্যাপ্টেন। বুদাপেস্টের বোলিয়াই মিলিটারি কলেজে সামরিক রসায়ন পড়াতেন। তাঁর কথায়, ১৯৯১ সালে কমিউনিস্ট ব্যবস্থার পতনের পরে সেনাবাহিনী ছেড়ে বুদাপেস্টে দাবা প্রতিযোগিতা আয়োজনের পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নেন।
নাগি জানান, ঊর্ধ্বতন কর্তাদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, সেনাবাহিনীতে তাঁকে অন্য কোনও কাজ দেওয়া যায় কি না। তাঁরা জানিয়েছিলেন, তা সম্ভব নয়। অবসর নেওয়া পর্যন্ত একই কাজ করে যেতে তাঁর মন চাইছিল না। তাই চাকরি ছেড়ে এমন কিছু করার সিদ্ধান্ত নেন, যাতে আনন্দ পাওয়া যায়।
নাগি বলেন, “আমি তো আগেই দাবা খেলতাম। আমার রেটিং ছিল ২২২০, আমি ছিলাম ক্যান্ডিডেট মাস্টার। হাঙ্গেরিতে অনেক দাবা সংগঠক ছিলেন, যাঁরা ভাল প্রতিযোগিতার আয়োজন করতেন। কিন্তু আমার মনে হয়েছিল, আমি আরও ভালভাবে করতে পারব।”
কার্লসেনকে নিয়েও স্মৃতিচারণ করেন তিনি। “ম্যাগনাস যখন ১৪ বছরের ইন্টারন্যাশনাল মাস্টার হিসেবে আমার প্রতিযোগিতার গ্র্যান্ডমাস্টার বিভাগে খেলেছিল, তখন ওর রেটিং ছিল প্রায় ২৪০০। ছেলেটি ছিল খুবই মনোযোগী। এমনকি পুরোপুরি ড্র হওয়ার মতো অবস্থাতেও জেতার জন্য লড়ে যেত।”
ভারতের ভাষার মধ্যে শুধু হিন্দি শিখেই থেমে থাকেননি নাগি। দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে আসা অনেক খেলোয়াড় হিন্দি জানেন না বুঝতে পেরে তামিলেও একটি কথা শিখে নিয়েছেন। সেটিই আসলে তাঁর জীবনের মূলমন্ত্র—“এনাক্কু সন্তোষম, উনাক্কু সন্তোষম।”
অর্থাৎ, তুমি খুশি, আমিও খুশি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।