নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ শুরুর আগেই যেন একটা পূর্বাভাস দিয়েছিলেন গৌতম গম্ভীর। সিরিজের ভাগ্য নির্ধারিত হয়ে যাওয়ার পরে সেডন পার্কে একটি টি-টোয়েন্টি ম্যাচে হারের পর তিনি বলেছিলেন, “এক দিনের সিরিজে আমরা ভাল করলে তার কৃতিত্ব যাবে এই বোলিং আক্রমণের কাছে। ব্যাটিংয়ে আমাদের অভিজ্ঞতা আছে।”

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের প্রথম তিরিশে রয়েছেন মাত্র দু’জন এখনও খেলে চলা ক্রিকেটার। দু’জনই ভারতীয়। ১৫,১৯০ রান নিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি এবং ১২,১৪৩ রান নিয়ে সপ্তম স্থানে রোহিত শর্মা। এর পরে আছেন শুভমন গিল। আট বছর আগে তাঁর অভিষেকের পর থেকে এক দিনের ক্রিকেটে ৬০ গড়ে তিন হাজারের বেশি রান করেছেন—ভারত অধিনায়ক ছাড়া এমন ব্যাটসম্যান আর কেউ নেই।

এই হল ভারতের ‘এসআরকে’ সমাবেশ—শুভমন, রোহিত, কোহলি। এগারো মাস পরে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে সম্ভবত এই ত্রয়ীই পা রাখবেন। অতীতের ভুল শুধরে নেওয়ার, ভেঙে যাওয়া হৃদয় জোড়া লাগানোর বিশ্বকাপ।

কাগজে-কলমে তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন চলে না। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায়, ছবিটা ততটা নির্ভরযোগ্য নয়। শুক্রবার গম্ভীর নিজেও তা স্বীকার করেছেন। ৩৩৪ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে গিয়েছে ৮৯ রানে।

বিষণ্ণ সাংবাদিক বৈঠকে বিপর্যয়ের ময়নাতদন্ত করতে বসে গম্ভীর যেন নিজের সঙ্গেই কথা বলছিলেন।

এ ভাবে ব্যাটিং ভেঙে পড়ার কারণ কী হতে পারে? এমন সব বল, যা খেলা সম্ভব ছিল না? সেই যুক্তি মানতে নারাজ তিনি।

“সত্যি বলতে, খেলা যায় না এমন কোনও বল হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে খেললে যে কোনও ধরনের বল সামলাতে পারা উচিত।”

তবে কি ‘ওয়বল সিম’—বলের সিম দুলতে দুলতে আসা—সমস্যার কারণ? সেই ব্যাখ্যাতেও সায় নেই।

“আমরাই এই সব পরিভাষা তৈরি করি—ওয়বল সিম, স্ক্র্যাম্বলড সিম, ক্রস সিম। শেষ পর্যন্ত বলের নড়াচড়া সামলানো ব্যাটসম্যানের কাজ। আমরা জানি, প্রথম দশ ওভারে বোলাররা সব সময়ই কিছুটা সাহায্য পায়।”

এর পরে সমস্যাটির ধারাবাহিকতার দিকে আঙুল তুললেন তিনি।

“শুধু এই ম্যাচে হয়নি। আগের ম্যাচটার দিকে ফিরে তাকালেও দেখবেন, সেখানেও ১১১ রানে আমাদের সাত উইকেট পড়ে গিয়েছিল।”

সমস্যা মেনে নেওয়াই সংশোধনের প্রথম ধাপ। কোচের প্রতিশ্রুতি, সেই সংশোধনের কাজ তিনি আজ থেকেই শুরু করবেন।

অথচ ভারতের সাম্প্রতিক রেকর্ডের পাশে রাখলে সমস্যাটা বেশ বেমানান ঠেকে। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে ব্যাটিং ভারতের অন্যতম শক্তির জায়গা। দেশের মাঠে ভারতের ব্যাটিং গড় ৪৭.০৭, স্ট্রাইক রেট ১১০.২৭—দু’টি ক্ষেত্রেই অন্য সব দলের চেয়ে এগিয়ে ভারত। দেশের মাঠে প্রথম দশ ওভারে ব্যাটিং গড় ৬৬.৪৫, স্ট্রাইক রেট ১০১.৫৩।

বিদেশের বাস্তবতা

কিন্তু ‘সেনা’ দেশগুলিতে—অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়—ছবিটা এতটাই বদলে যায় যে, শুধু ‘আকাশ-পাতাল তফাত’ বললেও তার মাত্রা বোঝানো কঠিন।

ওই দেশগুলিতে পাওয়ারপ্লেতে ভারতের ব্যাটিং গড় নেমে আসে ২৫.৭০-এ, স্ট্রাইক রেট ৭১.৩৯-এ। দু’টি মাপকাঠিতেই ভারতের স্থান তৃতীয়—তবে তালিকার নীচের দিক থেকে।

ব্যক্তিগত পরিসংখ্যানগুলিও, গম্ভীরের ভাষা ধার করে বললে, “উদ্বেগজনক”।

দেশের মাঠে প্রথম দশ ওভারে ৫৯.৩ গড় এবং ১০৪.৪ স্ট্রাইক রেটে ৩৫৬ রান করে রোহিত যতবার তাঁর অবসরের দাবির বিরুদ্ধে যুক্তি জুগিয়েছেন, ‘সেনা’ দেশগুলিতে তাঁর পারফরম্যান্স ততবারই উল্টো পক্ষের হাতে সমান, হয়তো আরও বেশি অস্ত্র তুলে দিয়েছে। সেখানে প্রথম দশ ওভারে তাঁর সংগ্রহ ১২৬ রান; গড় ২৫.২০, স্ট্রাইক রেট ৬৬.৩২।

শুক্রবার গতি ও আউটসুইংয়ের যুগল আক্রমণে রোহিতের আউট হওয়ার ধরনে ২৯৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতার বিশেষ ছাপ পাওয়া যায়নি। এই সিরিজে দ্বিতীয় বার শূন্য রানে ফিরলেন তিনি। গত চার বছরে ‘সেনা’ দেশগুলিতে মাত্র ছ’টি ম্যাচের মধ্যেই এই নিয়ে চতুর্থ বার পাওয়ারপ্লেতে আউট হলেন রোহিত।

কোহলির পরিসংখ্যান আরও উদ্বেগের।

২০২৩ সালের ১৯ নভেম্বরের পর থেকে ৩৮ বছরের কোহলির চেয়ে বেশি শতরান বা অর্ধশতরান আর কোনও ভারতীয় ব্যাটসম্যান করেননি। অথচ ‘সেনা’ দেশগুলিতে প্রথম দশ ওভারে তাঁর রেকর্ড যেন যুক্তির অতীত। পাঁচ বার আউট হয়ে করেছেন মাত্র ৫১ রান। গড় ১০.২০, স্ট্রাইক রেট ৭৮.৪৬।

শুক্রবার তাঁর আউট হওয়ার দৃশ্যেও ছিল সেই সব উপাদান, যা দর্শকদের ক্রমশ চেনা হয়ে উঠেছে—ইনসুইঙ্গারে পরাস্ত এক হতবুদ্ধি ব্যাটসম্যান, আর পিছনে স্টাম্প ভাঙার শব্দ।

গিল তখন টেস্টের প্রস্তুতি নিতে তৌরাঙ্গায়। এই বিপর্যয়ের বাইরে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন তিনি।

‘সেনা’ পরিবেশে পাওয়ারপ্লেতে তাঁর পরিসংখ্যান ভারতীয় অধিনায়কত্বের উত্তরাধিকারে তাঁর দুই পূর্বসূরির মতো তীব্র বিপদসংকেত দিচ্ছে না। তা বলে সেগুলিও খতিয়ে দেখার প্রয়োজন নেই, এমন নয়।

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে ওই দেশগুলিতে প্রথম দশ ওভারে চার বার আউট হয়ে ১৪৪ রান করেছেন গিল। গড় ৩৬। দেশের মাঠের সঙ্গে তফাতটা স্পষ্ট: সেখানে প্রথম দশ ওভারে ২৬৪ রান করতে আউট হয়েছেন মাত্র দু’বার। গড় ১৩২।

সমস্যার একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন গম্ভীর। যদিও সেটিই একমাত্র কারণ, এমন নয়।

“বলগুলো এমন লেংথে পড়ছিল, যেখানে সামনে এগোনোও যাচ্ছিল না, পিছিয়ে যাওয়াও যাচ্ছিল না। অর্থাৎ, মাঝামাঝি একটা লেংথ। তাই ক্রিজে আটকে থাকার বদলে আমাদের সম্ভবত আরও দৃঢ় সিদ্ধান্ত নিয়ে খেলতে হত।”

সমস্যা চিহ্নিত করা এক কথা। তার প্রতিকার খুঁজে পাওয়া সম্পূর্ণ অন্য।

গম্ভীর এবং এই ত্রয়ী—কারও কাছেই অফুরন্ত সময় নেই। উল্টোগোনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা ডাকছে।