ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো—কোনো রাজনৈতিক শক্তিকে তার সাময়িক পরাজয়ের মধ্য দিয়ে চূড়ান্তভাবে বিচার করা। ক্ষমতার পতন মানেই রাজনৈতিক অস্তিত্বের অবসান নয়, নেতৃত্বের অনুপস্থিতি মানেই নেতৃত্বের মৃত্যু নয়, আর রাজপথের সাময়িক নীরবতা মানেই মানুষের রাজনৈতিক চেতনার মৃত্যু নয়। কখনো কখনো পরাজয়ের ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় নতুন প্রত্যাবর্তনের আখ্যান। বাংলাদেশের রাজনীতিতে ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময় সেই বাস্তবতারই এক জটিল, বিতর্কিত এবং নাটকীয় অধ্যায়।
একটি রাজনৈতিক দলের ক্ষমতাচ্যুতি, সাংগঠনিক বিপর্যয়, নেতৃত্বের নির্বাসিত অবস্থান এবং নেতাকর্মীদের ওপর ধারাবাহিক চাপ—সবকিছু মিলিয়ে অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় বুঝি চিরতরে বন্ধ হয়ে গেছে। কেউ কেউ রাজনৈতিক সমীকরণ কষে ঘোষণা দিয়েছিলেন, এই দল আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু রাজনীতির অঙ্ক কখনো স্থির থাকে না। যে সমীকরণ আজ অপরিবর্তনীয় বলে মনে হয়, কাল ইতিহাসের একটি ঘটনাই তাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সেই সমীকরণের সামনে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।
ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে ড. মুহাম্মদ ইউনূসের মুখে উচ্চারিত 'মেটিকুলাস ডিজাইন' শব্দবন্ধটি বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বিশেষ তাৎপর্য পেয়েছে। ৫ আগস্টের ঘটনাপ্রবাহকে ঘিরে এই শব্দবন্ধ এখনো নানা রাজনৈতিক ব্যাখ্যা ও বিতর্কের কেন্দ্রে রয়েছে। একটি সরকার পতনের পেছনে কত স্তরের রাজনৈতিক, সাংগঠনিক, কৌশলগত এবং সামাজিক উপাদান কাজ করেছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পাঠক, গবেষক বা কোন রাজনৈতিক নিশ্চয়ই এই শব্দবন্ধটি ধরেই এগোবেন।
তবে একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই—আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের কিছু রাজনৈতিক ভুল, সাংগঠনিক দুর্বলতা, অনুপ্রবেশ, জনবিচ্ছিন্নতার অভিযোগ, নির্বাচনকেন্দ্রিক বিতর্ক এবং নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব দলটির রাজনৈতিক অবস্থানকে সংকটাপন্ন করেছিল। প্রতিপক্ষের আন্দোলনের পাশাপাশি এই অভ্যন্তরীণ দুর্বলতাগুলোও ৫ আগস্টের পরিণতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি দলের রাজনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটানো আর একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা কি একই বিষয়?
নিশ্চয়ই নয়।
সরকার পরিবর্তনের পর জনগণ প্রত্যাশা করে নিরাপত্তা, ন্যায়বিচার, কর্মসংস্থান, অর্থনৈতিক স্বস্তি এবং আইনের শাসন। তারা চায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হোক, প্রতিহিংসার রাজনীতি থেকে দেশ বেরিয়ে আসুক। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর যদি জনজীবনে নিরাপত্তাহীনতা, রাজনৈতিক সহিংসতা, দখলদারি, চাঁদাবাজি, সংখ্যালঘুদের ওপর হামলা, বিচারহীনতার অভিযোগ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকে, তাহলে নতুন ক্ষমতাকাঠামোকেও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়।
৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে মব সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, রাজনৈতিক প্রতিহিংসা, মামলা ও গ্রেপ্তার, নারী ও শিশু নির্যাতন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হত্যা ও হামলার অভিযোগ দেশের রাজনৈতিক বাস্তবতাকে গভীরভাবে আলোচিত করেছে। সাধারণ মানুষ আজ বুঝতে শুরু করেছে, কোনো অপরাধের দায় রাজনৈতিক পরিচয় দিয়ে নির্ধারিত হতে পারে না।
একই সঙ্গে অর্থনীতি, বিনিয়োগ, শিল্পকারখানা, কর্মসংস্থান এবং শ্রমবাজারের সংকটও রাজনৈতিক আলোচনার বাইরে থাকতে পারে না। একজন শ্রমিকের কাছে রাজনীতির সাফল্য মানে তার মাস শেষে বেতন পাওয়া। একজন তরুণের কাছে রাষ্ট্রের সাফল্য মানে একটি সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ। একজন মায়ের কাছে রাষ্ট্রের সাফল্য মানে সন্তানের নিরাপদে ঘরে ফিরে আসা।
রাজনীতির মঞ্চে যারা বিজয়ের উল্লাস করেন, তাঁদের মনে রাখা উচিত—রাষ্ট্রের প্রকৃত বিজয় মাপা হয় মানুষের নিরাপত্তা ও জীবনযাত্রার মান দিয়ে।
এই বাস্তবতার মধ্যেই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা একটি নতুন রাজনৈতিক অভিঘাত তৈরি করেছে। তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরও দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবে তাঁর প্রত্যাবর্তনের ঘোসনা বাংলাদেশের অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিকামী সাধারণ মানুষকে নবজাগরণে জাগিয়ে তুলেছে।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পর রাজনৈতিক প্রতিক্রিয়াগুলোও বিশেষভাবে লক্ষণীয়। প্রতিপক্ষের বক্তব্যে যদি রাজনৈতিক যুক্তির পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ, হুমকি কিংবা সহিংসতার ভাষা প্রাধান্য পায়, তাহলে সেটি আত্মবিশ্বাসের চেয়ে রাজনৈতিক অস্বস্তিরই ইঙ্গিত দিতে পারে।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির জন্যও এটি একটি বড় রাজনৈতিক পরীক্ষা। দীর্ঘদিনের আন্দোলন, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা—সবকিছুর পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তারা কি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারবে? বিরোধী মতকে সহ্য করা, রাজনৈতিক প্রতিপক্ষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া—এসবই একটি রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতার পরীক্ষা।
মনে রাখতে হবে, প্রতিপক্ষকে ভয় দেখিয়ে সাময়িকভাবে নীরব করা যায়, কিন্তু তার রাজনৈতিক অস্তিত্বকে চিরতরে মুছে ফেলা যায় না।
বাঙালির ইতিহাস শুধু আত্মসমর্পণের ইতিহাস নয়। এই জাতি কখনো কখনো দীর্ঘ সময় অন্যায়ের সঙ্গে আপস করেছে, আবার কোনো এক ঐতিহাসিক মুহূর্তে বুকের ভেতর জমে থাকা প্রতিবাদের আগুন নিয়ে রাজপথে নেমেছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন তার প্রথম আধুনিক রাষ্ট্রীয় দলিল। রাষ্ট্রের চোখরাঙানি, শাসকের নিষেধাজ্ঞা এবং বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও বাঙালি মাতৃভাষার অধিকার বিসর্জন দেয়নি।
ছয় দফা আন্দোলন বাঙালির রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাকে নতুন ভাষা দিয়েছিল। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান দেখিয়েছিল, জনতার সম্মিলিত শক্তির কাছে স্বৈরশাসনের প্রাচীরও ভেঙে পড়তে পারে। আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রমাণ করেছিল, একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সামরিক শক্তি দিয়ে চিরকাল দমন করা যায় না।
এই ইতিহাসের সঙ্গে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলন এবং ২০১৩ সালের শাহবাগের গণজাগরণ মঞ্চের কথাও স্মরণ করতে হয়। ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এসব আন্দোলন বাংলাদেশের মানুষের প্রতিবাদী চেতনার বহুমাত্রিক প্রকাশ ঘটিয়েছে।
বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের ভেতরেও রয়েছে এই দ্বৈত সত্তা। একদিকে লালনের মানবতাবাদী দর্শন, বাউলের উদাসী সুর, রবীন্দ্রনাথের বিশ্বমানবতা; অন্যদিকে নজরুলের বিদ্রোহী উচ্চারণ, শোষণের বিরুদ্ধে অগ্নিমন্ত্র। এই জাতির ইতিহাসে প্রেম যেমন আছে, তেমনি প্রতিবাদও আছে। আত্মসমর্পণের অন্ধকার যেমন আছে, তেমনি জেগে ওঠার সূর্যও আছে।
তবে এই জেগে ওঠার শক্তি যেন কখনো প্রতিহিংসা, প্রতিশোধ কিংবা আরেকটি রাজনৈতিক সহিংসতার জন্ম না দেয়। বাঙালির বিদ্রোহের সবচেয়ে বড় সার্থকতা হবে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে নিপীড়িত হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তাঁর রাজনৈতিক সমর্থকদের কাছে সাহস ও প্রত্যাবর্তনের বার্তা নিয়ে এসেছে। বিরোধীদের কাছে এটি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। আর নিরপেক্ষ পর্যবেক্ষকদের কাছে এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।
রাজনীতির সবচেয়ে বড় শিক্ষা হলো, আজ যে বিজয়ী, কাল সে-ও পরাজিত হতে পারে। আজ যে ক্ষমতার শীর্ষে, কাল তাকেও জনতার আদালতে দাঁড়াতে হতে পারে।
সুতরাং 'মেটিকুলাস ডিজাইন' যদি কোনো রাজনৈতিক কৌশলের প্রতীক হয়ে থাকে, তবে তার বিপরীতে সবচেয়ে বড় শক্তি হতে পারে জনগণের স্বাধীন রাজনৈতিক সিদ্ধান্ত, গণতান্ত্রিক অধিকার এবং ইতিহাসের প্রতি দায়বদ্ধতা। কারণ ইতিহাসের কোনো নকশাই জনগণের ভবিষ্যৎকে চিরকালের জন্য বন্দি করে রাখতে পারে না।
আমার দৃঢ় বিশ্বাস, ডিসেম্বরে রাজনীতির মঞ্চে নতুন সমীকরণ তৈরি হবে। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থেকে যাবে—কে ক্ষমতায় এল, কে ক্ষমতা হারাল, সেটি নয়; কে মানুষের স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করল?
ইতিহাসের শেষ বাক্য কোনো রাজনৈতিক দলের হাতে লেখা থাকে না। ইতিহাসের শেষ বাক্য লেখে জনগণ। আর সেই জনগণের রায়কে অস্বীকার করার সাহস কোনো ক্ষমতাই টিকে থাকতে পারেনি আর আগামীতেও পারবে না ।
— এফ এম শাহীন
লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।