শুভ্রাংশু মুখোপাধ্যায় | ডেটলাইন মিউনিখ
২০১০ সাল। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আছি। জীবনে প্রথম বিদেশযাত্রা। গন্তব্য ফ্রাঙ্কফুর্ট, বিমান লুফথানসা। তখন কলকাতা থেকে ফ্রাঙ্কফুর্টে সরাসরি উড়ান চলত।
সেই সময় কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনাল ছিল আলাদা। এর আগে বিমানবন্দরে এসেছি, কিন্তু আন্তর্জাতিক টার্মিনালে পা রাখা এই প্রথম। মনে হচ্ছিল, বিদেশযাত্রার উত্তেজনাটা যেন বিমান ওঠার আগেই শুরু হয়ে গেছে!
মনে মনে ভাবছি, ‘এই তো, এবার সত্যিই বিদেশ যাচ্ছি!’
পরক্ষণেই আর একটা চিন্তা, ‘জার্মানিতে গিয়ে সব সামলাতে পারব তো?’
প্রথম বিদেশযাত্রা বলে কথা! উত্তেজনা আর দুশ্চিন্তা তখন সমান তালে চলছে। তবে সেদিন একটা প্রশ্ন একবারও মাথায় আসেনি। লুফথানসা নামটার মানে কী?
সেই প্রশ্ন এল অনেক বছর পরে।
এখন থাকি মিউনিখে। কলকাতা যেতে হলে লুফথানসায় প্রথমে দিল্লি, তারপর সেখান থেকে কলকাতার বিমান। মিউনিখ বিমানবন্দরে সংস্থাটির নাম দেখতে দেখতে একদিন হঠাৎ মনে হল, ‘আচ্ছা, লুফথানসার ওই হানসা কি আমাদের সংস্কৃত হংস?’
তারপর নিজেই নিজেকে বললাম, ‘বাহ্! জার্মান বিমান সংস্থার নামেও তা হলে ভারতীয় যোগ!’
কিন্তু ইতিহাস ঘাঁটতে গিয়ে সে আনন্দ বেশিক্ষণ টিকল না।
জার্মান ভাষায় ‘Luft’ মানে বায়ু। আর ‘Hansa’ এসেছে মধ্যযুগের উত্তর ইউরোপের বিখ্যাত বণিকসংঘ ‘Hanseatic League’-এর ঐতিহ্য থেকে। সেই বণিকসংঘের সঙ্গে জড়িয়ে ছিল ব্যবসা, সমুদ্রপথ আর বহু শহরের যোগাযোগের ইতিহাস।
‘তা হলে আমাদের হংস?’
‘না মশাই, এই হানসা সেই হংস নয়!’
একটু মন খারাপই হল। ভেবেছিলাম, বেশ একটা আবিষ্কার করে ফেলেছি। দেখা গেল, জার্মান বণিকেরা বহু আগেই সেখানে নিজেদের জায়গা পাকা করে রেখেছেন!
তবে গল্প এখানেই শেষ নয়।
সংস্কৃত ‘হংস’ আর জার্মান ‘Gans’, অর্থাৎ হাঁসজাতীয় পাখি বোঝানো শব্দটি, একই প্রাচীন ইন্দো-ইউরোপীয় শব্দমূলের আত্মীয়। অর্থাৎ লুফথানসার নামের সঙ্গে সংস্কৃতের সরাসরি সম্পর্ক না থাকলেও দুই ভাষার মধ্যে বহু পুরোনো এক আত্মীয়তা রয়েছে।
‘বাঃ! তা হলে আত্মীয় পাওয়া গেল?’
‘গেল বটে, তবে বিমান সংস্থার নামে নয়, জার্মান অভিধানে!’
এরপর চোখ গেল লুফথানসার লোগোর দিকে। ওখানেও তো একটা পাখি!
ভাবলাম, ‘এইবার নিশ্চয়ই হংস!’
কিন্তু সেখানেও ভুল। লোগোর পাখিটি রাজহাঁস নয়, সারস। জার্মান ভাষায় যাকে বলে ‘Kranich’। ১৯১৮ সালে শিল্পী অটো ফিরলে যে প্রতীকটি তৈরি করেছিলেন, সেটিই পরে লুফথানসার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
বুঝলাম, আমার হংস খোঁজার অভিযানটা বেশ কঠিন!
তবে এর পরেই এমন একটা তথ্য পেলাম, যা সত্যিই চমকে দিল।
১৯৫৯ সালের ১ নভেম্বর লুফথানসার এশিয়াগামী ঐতিহাসিক উড়ানের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল কলকাতা। তখন অবশ্য নাম ক্যালকাটা। হামবুর্গ থেকে যাত্রা শুরু করে বিমানটি ডুসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট, রোম, কায়রো ও করাচি হয়ে কলকাতায় পৌঁছত। তারপর যেত ব্যাংকক। সেই সময় ব্যবহৃত হত লকহিড সুপার কনস্টেলেশন বিমান।
‘মানে! ভারতে লুফথানসার প্রথম নিয়মিত পরিষেবার গন্তব্য ছিল কলকাতা?’
ঠিক তাই!
বেশ গর্বই হল। এতক্ষণ হংসের খোঁজে ঘুরছিলাম, আর দেখা গেল কলকাতাই লুফথানসার ভারতযাত্রার প্রথম ঠিকানা!
সেই সময় বিমানযাত্রাও ছিল অন্যরকম। আজকের মতো একটানা দীর্ঘ উড়ান নয়। মাঝপথে একাধিক শহরে থামতে হত। ইউরোপ থেকে এশিয়ায় পৌঁছতেই কেটে যেত দীর্ঘ সময়।
ভাবলাম, ‘এখনকার যাত্রীরা একটা সংযোগকারী উড়ান ধরতেই কত চিন্তা করেন। তখন এতগুলো জায়গায় থেমে যেতে হলে কী হত কে জানে!’
১৯৭১ সালে কলকাতায় লুফথানসার পরিষেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর, ২০০৬ সালের ডিসেম্বরে আবার কলকাতা ও ফ্রাঙ্কফুর্টের মধ্যে সরাসরি উড়ান চালু হয়।
আর সেই বিমানেই ২০১০ সালে আমার প্রথম বিদেশযাত্রা!
এতদিন ভেবেছি, লুফথানসার সঙ্গে আমার পরিচয় ২০১০ সালে। এখন দেখছি, কলকাতার সঙ্গে তার পরিচয় আমার জন্মেরও বহু আগে!
অবশ্য সেই সরাসরি পরিষেবাও ২০১২ সালের মার্চে বন্ধ হয়ে যায়। ফলে কলকাতার সঙ্গে জার্মানির সেই পুরোনো আকাশপথের যোগাযোগ আবারও থেমে যায়।
এখন তাই মিউনিখ থেকে দিল্লি হয়ে কলকাতা ফিরতে হয়।
মিউনিখ বিমানবন্দরে চারদিকে জার্মান ঘোষণা, যাত্রীদের ব্যস্ততা। সবই এখন বেশ পরিচিত। দিল্লিতে নামলেই অবশ্য পরিবেশটা বদলে যায়।
মনে হয়, ‘আহা, দেশে এসে গেছি!’
পরক্ষণেই মনে পড়ে, ‘দাঁড়াও, কলকাতার বিমান তো এখনও বাকি!’
দিল্লিতে চারপাশের পরিচিত ভারতীয় উচ্চারণ, হিন্দি-বাংলা কথাবার্তা আর চেনা ব্যস্ততার মধ্যে বাড়ি ফেরার আনন্দটা বাড়তে থাকে। আর কলকাতার বিমানে ওঠার সময় মনে হয়, ‘এই তো, আর একটু!’
কতবার যে এই পথে যাতায়াত করেছি! তবু কলকাতায় ফেরার আগে সেই পুরোনো উত্তেজনাটা যায় না।
২০২৬ সালে লুফথানসার ঐতিহাসিক যাত্রার একশো বছর পূর্ণ হচ্ছে। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত ‘Deutsche Luft Hansa’-র ঐতিহ্যকে ঘিরেই এই শতবর্ষ উদ্যাপন। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমান লুফথানসার নতুন করে পথচলা শুরু হয়েছিল।
এই শতবর্ষের ইতিহাস পড়তে গিয়ে একদিকে পেলাম মধ্যযুগের ইউরোপীয় বণিকদের গল্প, অন্যদিকে সংস্কৃত আর জার্মান ভাষার আত্মীয়তা। সঙ্গে কলকাতার এক বিস্মৃত বিমানযোগ।
সব মিলিয়ে ভাবলাম, ‘বাহ্! একটা নামের মধ্যে এত গল্প লুকিয়ে থাকতে পারে!’
তবে আমার কাছে লুফথানসার সবচেয়ে বড় ভারত-যোগটা অন্য জায়গায়।
২০১০ সালে এই সংস্থার বিমানে উঠেছিলাম কলকাতা ছেড়ে প্রথম বিদেশ যাওয়ার জন্য। আর এখন মিউনিখ থেকে সেই সংস্থার বিমানেই যাত্রা শুরু করি কলকাতায় ফেরার জন্য।
একসময় ভাবতাম, ‘বিদেশে গিয়ে কী আছে?’
এখন ভাবি, ‘কবে আবার কলকাতা যাব?’
সময়ের সঙ্গে প্রশ্নটাই বদলে গেছে।
মাঝেমধ্যে ভাবি, কলকাতা আর ফ্রাঙ্কফুর্টের সেই সরাসরি উড়ানটা যদি আবার ফিরে আসত! শুধু আমার মতো প্রবাসীদের সুবিধাই হত না, দুই শহরের পুরোনো আকাশপথের সম্পর্কটাও যেন নতুন জীবন পেত।
তাই লুফথানসার ‘হানসা’ সংস্কৃত ‘হংস’ থেকে না এলেও আমার আর কোনও আপত্তি নেই।
কারণ নামের মধ্যে ভারতের যোগ খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত খুঁজে পেলাম নিজের শহরটাকেই।
আর কলকাতার সঙ্গে সেই সম্পর্ক বোঝার জন্য কোনও অভিধানের প্রয়োজন নেই।
মনের মধ্যে একটা কথাই যথেষ্ট, ‘আবার কবে বাড়ি ফিরব?’
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।