৯ নভেম্বর ২০২৬, শেখ হাসিনা নিয়োজিত ব্রিটিশ ল ফার্ম ম্যাট্রিক্সের পক্ষ থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করা হয়েছে। রয়টার্স ওই তারিখে ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।
বাংলাদেশের পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার যথাযথ কর্তৃপক্ষ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই লেখা যখন লিখছি, তখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীর বক্তব্য ছিল অত্যন্ত ধীরস্থির। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বিষয়টি তিনিও সাংবাদিকদের মতো সংবাদমাধ্যমে শুনেছেন। বিষয়টির আইনগত দিক খতিয়ে দেখে উত্তর দেবেন।
শেখ হাসিনা কীভাবে ভারতে আছেন, তা বাংলাদেশ নিয়ে যারা কমবেশি খবর রাখেন, তারা জানেন। তারপরও সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মি. ত্রিবেদী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের সৃষ্ট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাঁকে ভারতে নিয়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনী যে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবেই ভারতে নিয়ে যায় এবং সেখানে একটি সামরিক ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পৌঁছালে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, যিনি পূর্ণ মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত, তাঁকে বিমানঘাঁটিতে রিসিভ করেন।
তবে এই ঘটনার পরে বাংলাদেশের ওপর দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে। শেখ হাসিনাকে নিরাপত্তার কারণে ভারতে রেখে আসার পর এখানে ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ‘ডকট্রিন অব নেসেসিটি’র আওতায় একটি সরকার গঠিত হয়। ওই সরকার ১৮ মাস পরে একটি নির্বাচন দেয়। ওই নির্বাচনে বিএনপি ও তার স্বাভাবিক রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী অংশ নেয় এবং বিএনপি সরকার গঠন করে। জামায়াতে ইসলামী এখন সংসদে বিরোধী দল।
এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক এবং বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম বিষয় হলো, নির্বাচনের আগে ইউনূস সরকার নির্বাহী আদেশের মাধ্যমে শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর বাংলাদেশের একটি বিশেষ আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারকাজ শেষ করে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে।
শেখ হাসিনাকে নিরাপত্তার জন্য বাংলাদেশ থেকে ভারতে রেখে আসার পর এক বছর পর্যন্ত তিনি কোনো নিবন্ধিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কর্মীদের সঙ্গে সরব ছিলেন। এক বছর পরে তিনি রয়টার্সকেই প্রথম সাক্ষাৎকার দিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে কিছুটা জানান। এরপর থেকে পর্যায়ক্রমে তিনি বিভিন্ন আন্তর্জাতিক মানের, এমনকি ভারতীয় স্থানীয় গণমাধ্যমেও দেওয়া সাক্ষাৎকারে জানাচ্ছেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন এবং সব ধরনের আইনি মোকাবিলা দেশে উপস্থিত থেকে যেকোনো পরিস্থিতি মেনে নিয়ে করবেন।
বাংলাদেশ সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাইছে। যদিও তিনি ৯ তারিখ নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে বাংলাদেশের সংসদে ধর্মমন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন। সেই দোয়ায় সংসদ সদস্যরাও অংশগ্রহণ করেছেন। তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ যেন বাংলাদেশ ও তাদের প্রতি সদয় হন এবং ফ্যাসিস্টকে দেশে ফেরার সুযোগ না দেন। বাংলাদেশের সরকার ও বিরোধী দলসহ একটি অংশ শেখ হাসিনাকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করে। ধর্মমন্ত্রীর কাজটি আধ্যাত্মিক বিষয়।
কিন্তু জাগতিক রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাংলাদেশ সরকার চাইছে ভারত যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়। অন্যদিকে শেখ হাসিনা নিজেও ডিসেম্বরের মধ্যে তাঁর দেশে আসবেন বলে ঘোষণা দিয়েছেন।
কিন্তু এখানে যে মতপার্থক্যটি হচ্ছে, তা শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় জেল, শাস্তি বা যা-ই হোক, তিনি সেটা মেনে নেবেন। তাই ফেরার পরে সম্ভাব্য যা যা ঘটবে বলে এ মুহূর্তের বাস্তবতায় বলা হচ্ছে, তা নিয়েও খুব একটা মতপার্থক্য নেই। মতপার্থক্য হচ্ছে, বাংলাদেশ চাইছে ভারত সরকারের কাছে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বন্দি হিসেবে বাংলাদেশে পাঠানো হোক।
ভারত সরকার এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু বলেনি। তবে এখনও পর্যন্ত আইনগতভাবে বন্দি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর কোনো অধিকার ভারত সরকারের নেই। কারণ, ভারতের লোকসভা ও রাজ্যসভার সর্বদলীয় সিদ্ধান্তে শেখ হাসিনাকে সে দেশে সম্মানিত রাষ্ট্রীয় অতিথি হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি সেই মর্যাদায় সেখানে আছেন। রাষ্ট্রের অতিথিকে গ্রেপ্তার করার ক্ষমতা সংসদীয় গণতন্ত্রের কোনো সরকারের নির্বাহী বিভাগের নেই।
যাহোক, এই বিতর্ক ও আইনগত দিক ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। এ মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োজিত ব্রিটিশ ল ফার্ম ম্যাট্রিক্সের আইনজীবীরা তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। এই ঘটনার সবচেয়ে বড় দিক হলো, বাংলাদেশের রাজনীতিতে যেমন অনেক পানি গড়িয়ে গেছে, তেমনি দীর্ঘ প্রায় ২৬ মাস পরে শেখ হাসিনার পক্ষ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করার মধ্য দিয়ে সরকারের সঙ্গে প্রথম প্রথাগত যোগাযোগ ।
শেখ হাসিনার রাজনৈতিক দলের কার্যক্রম এখন নির্বাহী আদেশে নিষিদ্ধ। তিনি সেই কার্যক্রম নিষিদ্ধ দলের প্রধান হিসেবেই দেশে ফিরতে চাইছেন। তাঁর দলের রাজনীতি পুনরুদ্ধার করতে পারেন বা না পারেন, তা ছাড়া তাঁর বিরুদ্ধে যে সাজা এবং তাঁর দলের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো তিনি দেশের মাটিতে এসেই মোকাবিলা করতে চাইছেন। দৃশ্যত মনে করা যেতে পারে, সে কারণেই সরকারের সঙ্গে তাঁর পক্ষ থেকে এই নিয়মমাফিক যোগাযোগ করা হয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এ মুহূর্তে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারপ্রধান ও সংসদের বিরোধীদলীয় নেতা। তা ছাড়া তাঁর ছাত্রজীবনের রাজনীতি থেকে হিসাব করলে মোট রাজনৈতিক জীবনের বয়স ৬০ বছরের ওপরে। তাই যেকোনো রাজনৈতিক বিশ্লেষক শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর নিজ দেশের সরকারের সঙ্গে এই যোগাযোগকে একটি রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও দেখতে পারেন। আর যেকোনো রাজনীতিবিদ তাঁর দল ও নিজের রাজনৈতিক সংকট মোকাবিলায় রাজনৈতিক পদক্ষেপই নেবেন।
অন্যদিকে সরকারের যথাযথ কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী যেভাবে ধীরস্থিরভাবে কথা বলেছেন, তাঁর ভাষা ও শারীরিক অভিব্যক্তি বিশ্লেষণ করে যেকোনো রাজনৈতিক বিশ্লেষক বলবেন, তিনিও বিষয়টি শান্ত মাথায় রাজনৈতিকভাবে নিয়েছেন।
শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর ল ফার্মের আবেদনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার মধ্য দিয়ে দুটি বিষয় পরিষ্কার হয়। শেখ হাসিনা তাঁর আগের অবস্থার পাসপোর্টের পরিবর্তে বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পাসপোর্ট চান এবং জাতীয় পরিচয়পত্রেও তাঁর বর্তমান পরিচিতি চান।
শেখ হাসিনার আইনজীবীদের এই আবেদনের পরে গত কয়েক ঘণ্টায় দেশি ও বিদেশি অনেক কূটনীতিকের সঙ্গে কথা হয়েছে। তাঁদের বক্তব্য, এ ক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হলো ওয়ান-ওয়ে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা। সেটাই যেকোনো দূতাবাসের পক্ষে সহজ। কারণ, পাসপোর্টের বিষয়টি দেশে ফেরার পরে যথাযথ কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়া দূতাবাসের জন্যই সহজ পথ।
যাহোক, এই লেখা শেষ করার আগে দেখছি, রয়টার্সের সংবাদে বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ শেখ হাসিনার পক্ষ থেকে করা আবেদন প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানের সমর্থনে রয়টার্স শুধু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য উদ্ধৃত করেছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই।
বিষয়টি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন, তাই এখনও শেখ হাসিনার পক্ষের আবেদনের আইনগত দিক বিশ্লেষণ করার পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার আগে সরকারের পূর্ণাঙ্গ অবস্থান সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়।
তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করতে পারেন, শেখ হাসিনা দেশের প্রবীণতম রাজনীতিক ও দীর্ঘকালীন সরকারপ্রধান। তাই বাস্তবে তাঁর পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু নিয়ে নিয়মমাফিক যোগাযোগের মাধ্যমে তিনি মূলত সরকারের কোর্টে প্রথম একটি রাজনৈতিক বল ঠেলে দিয়েছেন। এখন হয়তো তিনি অপেক্ষা করছেন, সরকার বলটি কোন জায়গায়, কোন অ্যাঙ্গেলে ব্যাট দিয়ে খেলেন।
লেখক: সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, সম্পাদক, সারাক্ষণ ও The Present World.
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।