আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, তাঁকে প্রত্যর্পণ করার জন্য নয়াদিল্লির কাছে একাধিকবার আবেদন জানিয়েছে ঢাকা। এই দুই বিষয়কে এক করে দেখতে নারাজ ভারত। বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের অনুরোধ সম্পূর্ণ আলাদা দু’টি বিষয়।
জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের তরফে যে অনুরোধ জানানো হয়েছে, তা ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, কোনও নাগরিক প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়। প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে তার সরাসরি সম্পর্ক নেই।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতেই রয়েছেন। জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একাধিকবার নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার।
এর মধ্যেই মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে। তাঁর মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন সাবেক প্রধানমন্ত্রী। নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার এই পরিকল্পনা প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানায় ঢাকা। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরিয়ে আনা হবে। এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
বুধবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রকের সাংবাদিক বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রসঙ্গ। তাঁকে প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনও অগ্রগতি হয়েছে কি না, জানতে চাওয়া হলে জয়সওয়াল জানান, বিষয়টি বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে।
এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনার সহযোগীরা তাঁকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকারকে বিমান পাঠাতে বলছেন। অন্যদিকে, বাংলাদেশ সরকারের তরফে তাঁকে হাতকড়া পরিয়ে দেশে নিয়ে যাওয়ার কথাও বলা হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে জয়সওয়াল জানান, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সে দেশের বর্তমান সরকারের মধ্যেকার বিষয়। এখানে ভারতের কিছু করার নেই। এর পরেই প্রত্যর্পণ এবং স্বেচ্ছায় স্বদেশে ফেরার মধ্যে পার্থক্য স্পষ্ট করেন তিনি।
তবে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ভারত কী ভূমিকা নেবে, তাঁকে ভারত ছাড়ার অনুমতি দেওয়া হবে কি না কিংবা প্রত্যর্পণের আবেদন বিবেচনার কোনও নির্দিষ্ট সময়সীমা রয়েছে কি না, সে বিষয়ে এ দিনের বৈঠকে কোনও ঘোষণা করেনি নয়াদিল্লি।
শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়াও এ দিনের সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত, গঙ্গার জলবণ্টন চুক্তির নবীকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রসঙ্গ উঠে আসে।
বাংলাদেশের নড়াইল ও পাবনায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা বাংলাদেশ সরকারের উচিত।
যদিও নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হামলার অভিযোগ আগেই খারিজ করেছে জেলা পুলিশ। পুলিশের তরফে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে, বেন্দারচর এলাকায় কোনও হিন্দু বসতি নেই। সেখানে কোনও হিন্দু পরিবারের বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সাম্প্রতিক পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গও ওঠে সাংবাদিক বৈঠকে। ওই নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনার স্থলপথে বাংলাদেশে ফেরার সম্ভাবনা খতিয়ে দেখতে তাঁরা অন্যান্য সীমান্ত এলাকাতেও যাবেন।
এই উদ্যোগে ভারত সরকারের কোনও সহযোগিতা রয়েছে কি না, জানতে চাওয়া হলেও সরাসরি উত্তর দেননি পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র।
ভারত-বাংলাদেশ গঙ্গার জলবণ্টন চুক্তির নবীকরণ নিয়েও নতুন কোনও তথ্য দেননি জয়সওয়াল। তিনি জানান, গঙ্গা-সহ দুই দেশের অভিন্ন নদীগুলির জলবণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত যৌথ নদী কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই গ্রহণ করা হয়।
এ ছাড়াও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে বাংলাদেশগামী একটি জাহাজ আটক এবং তাতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়ার খবর নিয়েও প্রশ্ন করা হয়। জয়সওয়াল জানান, এ সংক্রান্ত একটি প্রতিবেদন ভারত সরকারের নজরে এসেছে। প্রতিবেশী দেশগুলির ঘটনাপ্রবাহের ওপর ভারত নিয়মিত নজর রাখে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।