গত সপ্তাহে বিজেপিতে যোগ দিয়েছেন ক্রিকেটার যুজবেন্দ্র চহাল।

সম্প্রতি দিল্লিতে বিজেপি ওবিসি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমরপাল মৌর্যের সঙ্গে দেখা করেন চহাল। শনিবার মোর্চার নতুন জাতীয় পদাধিকারী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মৌর্য। তিন বিশেষ আমন্ত্রিতের মধ্যে রয়েছেন চহাল।

বিজেপির এক নেতা জানিয়েছেন, চহাল ওবিসি জাঠ সম্প্রদায়ের মানুষ। দলকে দিল্লির ঠিকানা দেওয়ায় তাঁকে দিল্লি থেকেই মনোনীত করা হয়েছে। দিল্লিতে আপাতত কোনও নির্বাচন নেই, তাই মোর্চার বৈঠকে চহালকে আমন্ত্রণ জানিয়ে যুবসমাজের কাছে পৌঁছনোর কাজে তাঁকে লাগাতে চায় দল। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে রাজ্যের পশ্চিমাঞ্চলে, যেখানে জাঠরা সংখ্যায় ভারী, তাঁদের ভূমিকা নির্ণায়ক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লির মতো রাজ্যে জাঠরা ইতিমধ্যেই ওবিসি তালিকাভুক্ত। ধোলপুর ও ভরতপুর বাদে রাজস্থানের জাঠরা কেন্দ্রীয় তালিকাতেও ওবিসি। তবে চহালের নিজের রাজ্য হরিয়ানায় তাঁরা সাধারণ শ্রেণিভুক্ত। জাঠরা রাজনৈতিক ভাবে প্রভাবশালী সম্প্রদায়। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও দিল্লি মিলিয়ে প্রায় ৪০টি লোকসভা আসন এবং প্রায় ১৬০টি বিধানসভা আসনের ফলাফলে তাঁদের প্রভাব রয়েছে বলে অনুমান। উত্তরপ্রদেশে তাঁরা মূলত পশ্চিমের জেলাগুলিতে কেন্দ্রীভূত, প্রধানত আখ চাষ করেন এবং রাজ্যের সবচেয়ে সচ্ছল কৃষক সম্প্রদায় তাঁরাই।

“বিজেপি পরিবারে আমাকে স্থান ও মান-সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, বিজেপির জাতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি শ্রী অমরপাল মৌর্যজিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

🙏🏻

”
— যুজবেন্দ্র চহাল (@yuzi_chahal), ২১ নভেম্বর, ২০২৬

বিজেপির আর এক নেতার কথায়, “তারকাদের নিজস্ব অনুরাগী মহল থাকে, ভাবমূর্তির দিক থেকেও তাঁরা গুরুত্বপূর্ণ। ভিন্ন বয়স বা ভিন্ন সামাজিক গোষ্ঠী থেকে দল নতুন একদল ভোটারও পেয়ে যেতে পারে। ক্রিকেটে সাফল্য পাওয়া চহালের মতো বিশিষ্ট খেলোয়াড় বিজেপিতে যোগ দিয়েছেন, এটা ভাল খবর। দলের নির্বাচনী প্রচারে ওঁর উপস্থিতি যুবকদের ভিড় টানবে।”

মৌর্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “চহাল আমার সঙ্গে যোগাযোগ রাখছিলেন, আমিই ওঁকে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। রাজনীতিতে ওঁর আগ্রহ ছিল, বিজেপির সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। চহাল, সীমা সমৃদ্ধি কুশওয়াহা এবং অদ্বৈত চরণ গড়নায়ককে দলে নেওয়ায় ওবিসি যুবকেরা বিজেপির সঙ্গে যুক্ত হতে উৎসাহ পাবেন।”

গড়নায়ক ওড়িশার খ্যাতনামা ভাস্কর, ২০২৫ সালে পদ্মশ্রী পেয়েছেন। অন্য দিকে, কুশওয়াহা ছিলেন ২০১২ সালের দিল্লি ধর্ষণ-খুনের নির্যাতিতার আইনজীবী। ২০২৪ সালের মার্চে লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। মোর্চায় তাঁকে উত্তরপ্রদেশ থেকে মনোনীত করা হয়েছে।

এক বিজেপি নেতা বলেন, “যুজবেন্দ্রকে ওবিসি দলে নেওয়া হয়েছে, যাতে মানুষ জানতে পারেন, ওবিসি সম্প্রদায়ের যুবকেরা দেখছেন বিশ্বমঞ্চে তাঁদের সম্প্রদায়ের মানুষ কতটা সফল হয়েছেন।”

শনিবার এক্স-এ এক পোস্টে দলে তাঁকে “স্থান ও সম্মান” দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন এবং মৌর্যের প্রতি কৃতজ্ঞতা জানান চহাল।

অন্য ক্রিকেটার-রাজনীতিকেরা
রাজনীতিতে পা রাখা প্রথম ক্রিকেটার চহাল নন। সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় ক্রিকেট দলের অনেকেই রাজনীতিতে এসেছেন। তাঁদের মধ্যে রয়েছেন দু’বারের বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান, যিনি ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় নির্বাচিত হন এবং এখন দলের বিদ্রোহী সাংসদদের একটি গোষ্ঠীর অংশ। আর এক প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই রয়েছেন।

ভারতীয় পুরুষ দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন কংগ্রেসের প্রাক্তন সাংসদ, বর্তমানে তেলঙ্গানার মন্ত্রী। প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান নভজ্যোৎ সিংহ সিধু পঞ্জাবের কংগ্রেস সরকারে মন্ত্রী ছিলেন, পরে দলের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়।