অভিজিৎ মৈত্র: স্মৃতিকথার মূলত দ্বিতীয়ার্ধে নরেন্দ্র মোদী সরকার এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিরুদ্ধে সরাসরি ও বারবার আক্রমণ করেছেন সোনিয়া গান্ধী। সেই সঙ্গে রয়েছে চিনের অনুপ্রবেশের প্রসঙ্গও। জানা যাচ্ছে, এই বিষয়গুলিই প্রকাশনা নিয়ে অচলাবস্থা তৈরির পিছনে ভূমিকা নিয়েছিল। শেষ পর্যন্ত পেঙ্গুইন র্যান্ডম হাউসের (পিআরএইচ) সঙ্গে তাঁর পথ আলাদা হয়ে যায়। স্মৃতিকথার সাতটি বিভাগের বেশ কয়েকটিতে ছড়িয়ে রয়েছে মোদী সরকারের সমালোচনা। এক জায়গায় তিনি লিখেছেন, “আমার বিশ্বাস, এখন ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে।” তবে চিনের অনুপ্রবেশের উল্লেখ রয়েছে বইয়ের শেষের দিকে।
আর একটি আপত্তির বিষয় ছিল বলে জানা যাচ্ছে ২০১৯ সালের পুলওয়ামা জঙ্গি হামলার প্রসঙ্গ। সেই হামলায় আধাসামরিক বাহিনীর ৪০ জন তরুণ জওয়ান নিহত হন। সোনিয়া লিখেছেন, “এ ছিল এমন এক বিপর্যয়, যা গোটা দেশকে স্তম্ভিত ও হতবাক করে দিয়েছিল। সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কবার্তা দিয়ে একাধিক গোয়েন্দা তথ্য এসেছিল। মোদী সরকার সেগুলি আমলে নেয়নি। জওয়ানদের যাতায়াতের জন্য তুলনায় নিরাপদ বিমান পরিবহণের অনুরোধ জানানো হলেও, কোনও বোধগম্য কারণ ছাড়াই সেই ব্যবস্থা করা হয়নি। আজ পর্যন্ত সরকার এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি।”
তবে সমালোচনার পাশাপাশি সোনিয়া স্বীকার করেছেন, নরেন্দ্র মোদী ও তিনি সম্পূর্ণ ভিন্ন মতাদর্শগত জগৎ এবং সামাজিক পটভূমি থেকে উঠে এসেছেন। ভারত সম্পর্কে মোদীর ধারণাও তাঁর নিজের ধারণার থেকে অনেকটাই আলাদা। তিনি লিখেছেন, “নরেন্দ্র মোদীর ভারত-ভাবনা গড়ে উঠেছিল আরএসএসের মতাদর্শ এবং তাঁর নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে… তিনি লড়ছিলেন তাঁর কল্পনার ভারতের জন্য, আর আমি আমার কল্পনার ভারতের জন্য… রাজনীতিতে তাঁর আসার পথটি আমার পথের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তবে আমাদের সময়ের শাসক অভিজাতদের নিয়ে তাঁর যে অস্বস্তি ছিল, তার কিছু দিক আমিও ভাল ভাবে বুঝতে শিখেছিলাম…”
একটি উল্লেখযোগ্য পরিসংখ্যান তুলে ধরে সোনিয়া দাবি করেছেন, এনডিএ সরকার “শাসন পরিচালনায় কোনও নতুন ভাবনা সামনে আনতে পারেনি। তার বদলে আমাদের ইউপিএ আমলের অন্তত তিরিশটি কর্মসূচি গ্রহণ করেছে। সেগুলির আরও চটকদার নাম দিয়েছে, অথচ পরিসর অনেকটাই কমিয়ে এনেছে। এই জনকল্যাণমূলক প্রকল্পগুলির কয়েকটির সমালোচনা একসময় প্রধানমন্ত্রী নিজেই করেছিলেন।”
সোনিয়া আরও লিখেছেন, কংগ্রেস এবং তার সহযোগী দলগুলির মোট ন’টি নির্বাচিত রাজ্য সরকারকে উৎখাত করা হয়েছে। তাঁর ভাষায়, তা করা হয়েছে “অসাধু উপায়ে”। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি লিখেছেন, “মোদী জমানা যখনই অগণতান্ত্রিক পদ্ধতিতে কলকাঠি নেড়ে আমাদের নির্বাচিত রাজ্য সরকারগুলির পতন ঘটিয়েছে, মানুষের রায়কে ছুড়ে ফেলে দিয়েছে, তখনই আমার হৃদয় ক্ষোভ ও হতাশায় ভরে উঠেছে।”
ভারতীয় রাজনীতিতে নেহরু–গান্ধী পরিবারের বিরুদ্ধে আরএসএসের অবস্থানের সমালোচনাও করেছেন তিনি, বইয়ের একাধিক অধ্যায়ে। সোনিয়া লিখেছেন, “কয়েক দশক ধরে আরএসএসের প্রচারযন্ত্র বিরামহীন ভাবে কাজ করে চলেছে। মনে হয়, একটি দিনও তার ছুটি নেই। আজও সেই ধারা চলছে। সমাজমাধ্যমের দৌলতে তার প্রচারসামগ্রী তৈরি ও ছড়িয়ে দেওয়ার গতি বিপুল ভাবে বেড়েছে। এখন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিষয়বস্তু এবং ডিপফেক দেখা যাচ্ছে। এগুলি তাদের বিদ্বেষপূর্ণ মনগড়া কাহিনিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে।”
সোনিয়া লিখেছেন, স্বাভাবিক ভাবেই তিনি ছিলেন বিজেপির আক্রমণের “প্রিয়” লক্ষ্য। কী ধরনের আক্রমণের মুখে তাঁকে পড়তে হয়েছে, তার বিবরণ দিতে গিয়ে তিনি লিখেছেন, “বরাবরের মতোই বলা হচ্ছিল, আমি নাকি ‘রোম রাজ’ আনব—সে যে কী বস্তু! আমি নাকি ক্যাবারে নর্তকী, একজন ‘মনিকা লিউইনস্কি’, গুপ্তচর…”
তাঁর মতে, ২০১৯ সালের নির্বাচনের আগে যখন মানুষের মনোভাব কংগ্রেসের অনুকূলে বদলাচ্ছে বলে মনে হচ্ছিল, তত দিনে প্রচারের খেলায় বিজেপি সিদ্ধহস্ত হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, “তত দিনে সরকার সমাজমাধ্যমে নিজেদের বার্তা ছড়িয়ে দিতে প্রধানত মানুষকে কাজে লাগানোর পাশাপাশি বিপুল অর্থে পুষ্ট একটি সাইবার অস্ত্রভাণ্ডারও গড়ে তুলেছিল। বটের সাইবার বাহিনী ব্যবহার করে জনপরিসরের বয়ান নিয়ন্ত্রণ এবং ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল। এর পাশাপাশি মূলধারার সংবাদমাধ্যম এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থাও ছিল সরকারের নিয়ন্ত্রণে।”
বর্তমান সরকারের যেসব পদ্ধতিকে তিনি “স্বৈরতান্ত্রিক” বলে মনে করেন, সেগুলিরও তালিকা দিয়েছেন সোনিয়া। উদাহরণ হিসেবে এসেছে ২০১৬ সালের নোটবন্দি। তাঁর কথায়, “এই পদক্ষেপের ঘোষিত উদ্দেশ্যগুলির একটিও পূরণ হয়নি। অথচ এক ধাক্কায় তা ব্যবসাবাণিজ্যকে বিপর্যস্ত করে দিয়েছিল, অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি বন্ধ করে দিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষকে দুর্দশায় ঠেলে দিয়েছিল। জটিল ও বহুস্তরবিশিষ্ট করব্যবস্থা জিএসটি চাপিয়ে দেওয়ায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছিল। আমাদের অর্থনীতির মেরুদণ্ডের উপর এর বিরূপ প্রভাব পড়েছে।”
বইয়ের শেষের বিশ্লেষণে সোনিয়া লিখেছেন, আধিপত্য প্রতিষ্ঠা এবং একটি ধর্ম ও একটি ভাষা চাপিয়ে দেওয়ার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আরএসএসের রয়েছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে—এ বিষয়ে তাঁর কোনও সংশয় নেই।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।