অভিজিৎ মিত্রঃ  দু’সপ্তাহে বিশ্বের চার প্রান্তে চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী নেতারা। গণতন্ত্র কতটা চাপ সইতে পারে, তা নিয়ে আশঙ্কা ছিল। এই দশ দিনের জনরায় সেই ভরসা অনেকটাই ফিরিয়ে এনেছে।

ব্রাজিল, সার্বিয়া, ইজরায়েল ও আমেরিকা—চার দেশের ভোট হয়েছে চার রকম পরিস্থিতিতে। প্রতিটি দেশের নিজস্ব কিছু বিষয় ফল নির্ধারণ করেছে। তবু একটি মিল চোখে পড়ে। সাধারণ মানুষ নিজেরা সংগঠিত হয়ে এমন সব ফল ঘটিয়েছেন, যা অনেকেরই হিসাবের বাইরে ছিল। যাঁরা ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করতে চেয়েছিলেন, তাঁরা বাধা পেয়েছেন। দুনিয়াজুড়ে কর্তৃত্ববাদের দিকে যে ঝোঁক, হয়তো এই ভোট থেকেই তার মোড় ঘুরতে শুরু করবে।

ব্রাজিলে ২৫ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বিপুল সংখ্যায় মানুষ ভোট দিতে বেরিয়েছিলেন। দেশজুড়ে সাধারণ মানুষের প্রচার আর সমাজমাধ্যমের বুদ্ধিদীপ্ত ব্যবহার এই ভোটের জোয়ার এনেছিল। উগ্র দক্ষিণপন্থীরা মাত্র তিন সপ্তাহ আগেই কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়েছিলেন, প্রেসিডেন্ট পদের দৌড়েও বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় দফার ভোটে তাঁদের হাতে দেশের ক্ষমতা আরও সংহত হওয়ার পথ বন্ধ হল।

সেই একই দিনে, কয়েক হাজার মাইল দূরে সার্বিয়ায়, ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের কাছে অপ্রত্যাশিত হারের মুখ দেখল একটি শাসকগোষ্ঠী। গত চোদ্দো বছর ধরে একের পর এক গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে তারা ক্ষমতার ভিত মজবুত করেছিল। জয়ের ব্যবধান এতটাই বড় যে বিদায়ী নেতা আলেকসান্দার ভুচিচের মনে জোর খাটিয়ে ফল বাতিল করার কোনও ভাবনা থেকে থাকলেও তা উবে যাওয়ার কথা।

বেলগ্রেডের স্লাভিয়া স্কোয়ারে ‘স্টুডেন্ট লিস্ট’-এর জয় উদ্‌যাপন। ছবি সৌজন্যে জর্জে কোয়াদিনোভিচ/রয়টার্স।

দু’দিন পরে ইজরায়েলের ভোটের ফল অবশ্য এতখানি দ্ব্যর্থহীন ছিল না। গত তিন দশক ধরে ইজরায়েলের রাজনীতিতে যাঁর প্রাধান্য, সেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। দেশের নিরাপত্তা সংস্থাগুলিকে দলীয় স্বার্থে ব্যবহার এবং সংবাদমাধ্যম ও বিচারব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপের যে চেষ্টা তিনি করেছিলেন, ভোটে তার জবাব মিলেছে।

নেতানিয়াহুকে সরাতে চায় যে মূলধারার ইহুদি বিরোধী দলগুলি, তারা গণতান্ত্রিক রীতিনীতিও ফিরিয়ে আনতে আগ্রহী। কিন্তু ভোটের দশ দিনেরও বেশি পরেও অস্পষ্ট, সরকার গড়তে ইজরায়েলের আরব দলগুলির সঙ্গে সহযোগিতায় তারা কত দূর যেতে রাজি।

ইজরায়েলের নাগরিক প্যালেস্তিনীয়দের ভোটদানের হার দ্বিগুণ হয়েছে। তার জোরে আরব দলগুলির সমর্থন যে ভাবে বেড়েছে, সেটাই এ বারের ভোটের সবচেয়ে বড় চমক। নেতানিয়াহু বিদেশি অর্থসাহায্য আর ভোট কেনাবেচার অভিযোগ তুলে তাদের সাফল্যের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ মেলেনি। অন্য দিকে, ইহুদি বিরোধী নেতারাও জাতিগত বিভাজন পেরিয়ে আরব দলগুলির হাত ধরতে অনিচ্ছুক।

ইহুদি ও আরব দলগুলিকে নিয়ে সরকার গড়ার দাবিতে বৃহস্পতিবার জেরুসালেমে তরুণ ইজরায়েলিদের বিক্ষোভ। ছবি সৌজন্যে ডেবি হিল/ইউপিআই/শাটারস্টক।

এই তিন দেশ কোন পথে এগোবে, তার উপর প্রভাব পড়বেই দশ দিনের এই ভোটপর্বের চতুর্থ ফলটির। মঙ্গলবার আমেরিকার কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের বহর এমনই যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদের শেষ দু’বছরের গতিপথ বদলে যাবে। প্রতিনিধি সভা ও সেনেট, উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এমন সব অঙ্গরাজ্যেও তাঁরা জিতেছেন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে রিপাবলিকানদের প্রাধান্য ছিল।

ভোটারদের এমন জবাবে ট্রাম্প দুর্বল হয়েছেন। ফল বেরোতেই তাঁর রিপাবলিকান পার্টির ভিতরেও ফাটল ধরেছে। কিন্তু আমেরিকার গণতন্ত্রকে সুস্থ করে তোলার কাজটি নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠের পক্ষে কঠিন হবে। প্রেসিডেন্ট ও তাঁর ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ বা ‘মাগা’ আন্দোলন কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিকে দলীয় হাতিয়ারে পরিণত করার জন্য দু’বছর সময় পেয়েছে।

বিশেষ করে আমেরিকার এই ফলের পরে একটি দেশের কর্তৃত্ববাদী সরকারের পক্ষে অন্য দেশের সমমনস্ক সরকারগুলিকে মদত দেওয়ার সুযোগও কমবে।

ব্রাজিল

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ফ্লাভিও বোলসোনারোর কাছে বড় ধাক্কা খেয়েছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দ্বিতীয় দফায় প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে তিনি যে ভাবে ঘুরে দাঁড়ালেন, তা অসাধারণ। ব্রাজিলের ইতিহাসে এই প্রথম কেউ চতুর্থ বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

ব্রাজিলের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী মিগেল লাগোর মতে, এই ফলের প্রধান ব্যাখ্যা লুলার জনপ্রিয়তায় খুঁজতে গেলে ভুল হবে। তাঁর ব্যক্তিগত আবেদনের সীমা কোথায়, প্রথম দফাতেই তা বোঝা গিয়েছিল। লাগো বলছেন, “দ্বিতীয় দফায় ব্রাজিলের সমাজ উগ্র দক্ষিণপন্থাকে ‘না’ বলেছে। সারা দেশের মানুষ যে যাঁর জায়গা থেকে আন্দোলন গড়ে তুলেছিলেন। একে বামপন্থার জয় বলব না। আমার মতে, এ গণতন্ত্রের জয়।”

ফ্লরিডার মায়ামি-ওপা লকা বিমানবন্দরে ফ্লাভিও বোলসোনারো। মায়ামিতে পালিয়ে এসেও তিনি নিজেকে ব্রাজিলের নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে দাবি করে চলেছেন। ছবি সৌজন্যে মার্টা লাভান্দিয়ের/এপি।

ফ্লাভিও আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, জিতলে তাঁর প্রথম কাজ হবে বাবা জাইর বোলসোনারোকে জেল থেকে মুক্ত করা। চার বছর আগে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টার দায়ে জাইর ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার পরে বোলসোনারোদের পরিকল্পনা ছিল বিচারব্যবস্থার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং উগ্র দক্ষিণপন্থী কর্তৃত্ববাদী রাষ্ট্র গড়ার কাজ এগিয়ে নিয়ে যাওয়া।

ফ্লাভিও প্রেসিডেন্ট হলে বাবার চেয়েও বেশি ক্ষমতা পেতেন। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আনুগত্য তিনি পেতেন। লাগোর কথায়, “উগ্র দক্ষিণপন্থী সরকার হত, এবং সেই সরকারের হাতে থাকত অসাধারণ ক্ষমতা।”

বাবার মতোই ফ্লাভিও ভোটের ফল মানতে অস্বীকার করেছেন। তবে ফল উল্টে দিতে তিনি বলপ্রয়োগের চেষ্টা করেননি। মায়ামিতে পালিয়ে গিয়ে সেখান থেকেই নিজেকে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে দাবি করে চলেছেন।

এক বোলসোনারো নির্বাসনে, অন্য জন জেলে। লুলা তাই কিছুটা শ্বাস ফেলার অবকাশ পাচ্ছেন। খুব বেশি অবশ্য নয়। কংগ্রেস তাঁর প্রতিকূলে, বেশ কয়েকটি রাজ্যের গভর্নরও পরাজিত শিবিরের অনুগত। তবু ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির সামনে যে বিপদ একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল, আপাতত তা কেটেছে।

সার্বিয়া

টানা দু’বছর ধরে যাঁরা রাস্তায় নেমে ভুচিচের সরকারের কাছে জবাব চেয়েছিলেন, সেই ছাত্ররাও ভাবেননি, ২৫ অক্টোবর ভোটবাক্সে তাঁদের আন্দোলন এতখানি সাড়া পাবে।

অধ্যাপক, কৃষক আর রাজনীতিতে আনকোরা আরও কিছু মানুষকে নিয়ে ছাত্ররা প্রার্থী তালিকা গড়েছিলেন। জাতীয় সংসদের ২৫০টি আসনের মধ্যে তাঁদের সেই ‘স্টুডেন্ট লিস্ট’ জিতেছে ১৪০টি। ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ১০৩টি আসন পেয়ে দ্বিতীয়, ব্যবধান বিস্তর।

বেলগ্রেডের স্লাভিয়া স্কোয়ারে মঞ্চের পিছন থেকে জনসমাবেশ দেখছেন দুই তরুণ আন্দোলনকারী। ছাত্রদের জয়ের ব্যবধানই ভুচিচকে বলপ্রয়োগ করে ফল বাতিলের চেষ্টা থেকে নিবৃত্ত করেছে বলে মনে করা হচ্ছে। ছবি সৌজন্যে আলেকসান্দার জোভিচিচ/নুরফটো/শাটারস্টক।

রাস্তার আন্দোলন যে ভাবে সংসদে ক্ষমতার পালাবদল ঘটাল, তার অভিঘাত গোটা বলকান অঞ্চল পেরিয়েও অনুভূত হয়েছে।

বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক স্লোবোদান মার্কোভিচ বলছিলেন, গত দু’বছরে ছাত্র আন্দোলন যত এগিয়েছে, তত বেশি মানুষ তাতে যোগ দিয়েছেন। “ছাত্ররা প্রায় প্রতিটি বাড়ির দরজায় গিয়েছিল। মানুষের বিশ্বাস হতে শুরু করেছিল, পরিবর্তন সম্ভব।” তাঁর মতে, সেই বিশ্বাস এমন অনেককেও ভোট দিতে টেনে এনেছে, যাঁরা আগে ভোট দেননি। শাসকবিরোধী ঢেউ কত বড় হতে চলেছে, সেই কারণেই খুব কম লোক তা আঁচ করতে পেরেছিলেন।

খবর বেরিয়েছে, ফল হাড্ডাহাড্ডি হলে ভুচিচ অভ্যুত্থানের কথা ভাবছিলেন। তাঁর দল সে কথা অস্বীকার করেছে। খবরটি সত্যি হলেও বিরোধীদের দমন করতে তিনি পুলিশের উপর কতটা ভরসা করতে পারতেন, তা নিয়ে সন্দেহ আছে।

মার্কোভিচ বলছেন, “আমার ধারণা, পুলিশের সাধারণ কর্মীদের মধ্যে প্রবল অসন্তোষ ছিল। সরকারের কাছে সেই গোয়েন্দা খবরও ছিল। ভুচিচ হার স্বীকার করার আধঘণ্টার মধ্যে পুলিশ কার্যত সরে দাঁড়াল। অনেক জায়গায় পুলিশকর্মীরা বিরোধীদের জড়িয়ে ধরলেন।”

সদস্যপিছু ডক্টরেট ডিগ্রির সংখ্যা দিয়ে বিচার করলে সার্বিয়ার নতুন সংসদীয় সংখ্যাগরিষ্ঠ দলটিকে নাকি দুনিয়ার সবচেয়ে মেধাবী বলা যায়। দীর্ঘ একদলীয় শাসনে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ক্ষয়ে গিয়েছে। সেগুলিকে নতুন করে গড়তে তাঁদের সমস্ত মেধা ও সামর্থ্যই কাজে লাগবে।

ইজরায়েল

২৭ অক্টোবর ইজরায়েলের ভোটের ফলকেও গণতন্ত্র ও গণতান্ত্রিক রীতিনীতির জয় বলা চলে। তবে সে কথার সঙ্গে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিতে হয়। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৬৮ থেকে নেমে এসেছে ৫৩-তে। অথচ মূলধারার ইহুদি বিরোধী জোট পেয়েছে মাত্র ৪৮টি আসন।

সবচেয়ে বড় সাফল্য ইজরায়েলের আরব দলগুলির। ‘জয়েন্ট লিস্ট’ জোট জিতেছে ১১টি আসন, রা’আম আটটি। নেসেটে প্যালেস্তিনীয়দের প্রতিনিধিত্ব প্রায় দ্বিগুণ হয়েছে। এই শক্তিকে উপেক্ষা করা আর চলে না।

অবসরপ্রাপ্ত জেনারেল গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জায়নবাদী বিরোধী জোট অবশ্য তাদের উপেক্ষা করার যথাসাধ্য চেষ্টাই করেছে। আরব দলগুলির সঙ্গে সমঝোতা হলে নেতানিয়াহু-বিরোধী সংখ্যাগরিষ্ঠতা সরকার গড়ার চেহারা পেতে পারে। অথচ সেই সমঝোতাতেই প্রবল অনীহা। ভোটে গণতন্ত্রের যতটুকু লাভ হয়েছে, তার সীমাও এই অস্বস্তিকর অচলাবস্থায় ধরা পড়ছে।

সরকার গড়ার চেষ্টা প্রথমে তিনিই করুন, বৃহস্পতিবার এই মর্মে সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন পেয়েছেন গাদি আইজেনকট। জট তবু কাটেনি। ছবি সৌজন্যে পাউলিনা প্যাটিমার/জেএনএ/জুমা প্রেস ওয়্যার/শাটারস্টক।

মার্কিন-ইজরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া শেইন্ডলিনের কথায়, “এই অঞ্চলে গণতন্ত্রের প্রতি সবচেয়ে বেশি আস্থাশীল ইজরায়েলের আরব নাগরিকেরা। বছরের পর বছর নাগরিক স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকারের পক্ষে তাঁরাই সবচেয়ে জোরালো সমর্থন জানিয়েছেন।”

ইহুদি বিরোধী দলগুলি সম্পর্কে তিনি বলেন, “ওদের চোখে নেতানিয়াহুর সরকার এমন এক সরকার, যারা ইজরায়েলকে স্বৈরতান্ত্রিক ধর্মরাষ্ট্রে পরিণত করতে চায়। ওদের ভয়, নারী-পুরুষের সমানাধিকার, এলজিবিটি মানুষের অধিকার, ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ নিয়ে বহু বছরের কঠিন লড়াইয়ে যে ব্যক্তিস্বাধীনতা অর্জিত হয়েছে, এই সরকার তা সংকুচিত করবে। ইজরায়েলের ইহুদিরা গণতন্ত্র বলতে এই বিষয়গুলিই বোঝেন।”

শেইন্ডলিনের মতে, প্যালেস্তিনীয়দের অধিকার যে রোজ লঙ্ঘিত হচ্ছে, তা গণতন্ত্রের ওই সংজ্ঞায় জায়গা পায় না। “দখলদারির ব্যাপারটাই ওঁদের হিসাব থেকে বাদ পড়ে যায়… দখলদারিকে শুধু একটা কলঙ্ক বললে কম বলা হয়। গণতান্ত্রিক আচার-আচরণ কিংবা প্রতিষ্ঠান, সব কিছুর সঙ্গেই এর মৌলিক বিরোধ।”

আইজেনকটের জোট ও আরব দলগুলির মধ্যে কোনও বোঝাপড়ার পথ যাতে খোলা না থাকে, সে জন্য নেতানিয়াহু আরব দলগুলির সাফল্যকেই প্রশ্নের মুখে ফেলতে চেয়েছেন। তারা এত ভোট পেল কী করে, তা নিয়ে তিনি তদন্ত শুরু করেছেন। কাতার থেকে বেআইনি পথে টাকা আসার ইঙ্গিতও দিয়েছেন।

এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ নেই। ইজরায়েলের সংবাদমাধ্যমের একাংশ একে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে নিন্দা করেছে। নেতানিয়াহুর সেই চেষ্টা ব্যর্থ হলেও, আইজেনকট সংখ্যালঘু সরকার গড়তে পারলেও, ইজরায়েলের গণতন্ত্রকে মেরামত করার ক্ষমতা সেই জোটের কতটা থাকবে, তা নিয়ে প্রশ্ন আছে। এমনও হতে পারে, রা’আম সরকারে যোগ দিল আর জয়েন্ট লিস্ট বাইরে থেকে সমর্থন করল।

তেমন সরকার বিচারব্যবস্থার স্বাধীনতা খর্ব করতে পাশ করানো কয়েকটি আইন বাতিলের চেষ্টা করবে। পুলিশের কয়েক জন শীর্ষকর্তাকে সরিয়ে দেবে। পশ্চিম তীরে বেআইনি বসতির যে বাসিন্দারা হিংসায় জড়িত, হয়তো তাদেরও মোকাবিলা করবে। কিন্তু প্যালেস্তিনীয় ভূখণ্ডে দখলদারি বহাল থাকবে। গাজার প্রায় ৭০ শতাংশ এলাকার উপর ইজরায়েলি সেনার সরাসরি নিয়ন্ত্রণও থাকবে।

আমেরিকা

ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আমেরিকার ভোটারদের বলেছিলেন, ব্যালটে যেন তাঁরই নাম রয়েছে, সে কথা মাথায় রেখে ভোট দিন। ভোটাররা ঠিক তা-ই করেছেন। দেশজুড়ে ডেমোক্র্যাটদের নীল ঢেউ জানিয়ে দিল, প্রেসিডেন্ট কতখানি অজনপ্রিয়। কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটরা স্বচ্ছন্দ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। যে সব অঙ্গরাজ্য থেকে কয়েক দশক কোনও ডেমোক্র্যাট নির্বাচিত হননি, সেখানেও তাঁরা বড় জয় পেয়েছেন।

ভোটে প্রধান হয়ে উঠেছিল দেশের অর্থনীতি, বিশেষ করে জীবনযাপনের খরচ সামলাতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। প্রেসিডেন্ট এই সংকটকে ‘ধাপ্পা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্টের পদকে কার্যত সম্রাটের আসনে পরিণত করেছেন। ভোটারদের উদ্বেগের তালিকায় বিষয়টি প্রথমে ছিল না। কিন্তু নতুন ডেমোক্র্যাট কংগ্রেসকে কিছু করতে হলে প্রেসিডেন্টের এই একচ্ছত্র ক্ষমতার মোকাবিলা করতেই হবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের সামনে এক বিক্ষোভকারীর হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা ‘লেম ডাক ডিক্টেটর’—মেয়াদের শেষ পর্বে ক্ষমতাহীন স্বৈরশাসক। ছবি সৌজন্যে অলিভিয়ে ডুলিয়েরি/আবাকা/শাটারস্টক।

নতুন সংখ্যাগরিষ্ঠতা বড় হলেও প্রেসিডেন্টের ভেটো খারিজ করতে দুই কক্ষে যে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন, তা ডেমোক্র্যাটদের নেই। সেনেটে ‘ফিলিবাস্টার’, অর্থাৎ বিতর্ক দীর্ঘায়িত করে কোনও বিলের উপর ভোট ঠেকিয়ে দেওয়ার কৌশল রুখতে যে ৬০টি ভোট লাগে, তা-ও তাঁদের হাতে নেই। হোয়াইট হাউসের পছন্দের বিল তাঁরা আটকে দিতে পারবেন। নিজেদের আনা বিল আইনে পরিণত করতে পারবেন কি না, তার নিশ্চয়তা নেই।

তাঁরা অর্থ বরাদ্দ আটকে দেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু সরকারি অর্থব্যয়ের উপর কংগ্রেসের যে কর্তৃত্ব থাকার কথা, ট্রাম্পের হোয়াইট হাউস তাকে বিশেষ আমল দেয় না। নতুন সংখ্যাগরিষ্ঠ দল সংসদীয় শুনানি ডাকতে পারে, তদন্ত শুরু করতে পারে, সরকারি কর্তাদের কমিটির সামনে হাজির হওয়ার জন্য সমন পাঠাতে পারে। সেই সমনও অগ্রাহ্য করা হতে পারে।

কর্তৃত্ববাদী শাসনের পরে রাষ্ট্রযন্ত্রকে দলীয় প্রভাব থেকে মুক্ত করার কাজ কত কঠিন, হাঙ্গেরি ও পোল্যান্ডের বিরোধীদের অভিজ্ঞতা তা বলে দেয়। সার্বিয়াতেও শীঘ্রই সেই পরীক্ষা আসছে। আমেরিকার ডেমোক্র্যাটদের অভিজ্ঞতাও সম্ভবত একই রকম হবে।

‘টেন স্টেপস টু রিপেয়ার আমেরিকান ডেমোক্র্যাসি’ বইয়ের লেখক স্টিভেন হিলের কথায়, “নির্বাহী আদেশ জারি, আদালতকে অগ্রাহ্য করা, বিচার দফতরকে দিয়ে মামলা আর হুমকি, একতরফা শুল্ক বসানো, ইরানের সঙ্গে অঘোষিত যুদ্ধ, বেছে বেছে প্রতিপক্ষকে প্রকাশ্যে অপমান—এ সবের মধ্য দিয়ে ট্রাম্প যেন আমেরিকার এক ফারাও হয়ে উঠেছেন। বহু বার নিজের দলের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসকেও তিনি গ্রাহ্য করেননি।”

হিল বলেন, “গত দু’বছরের দুঃস্বপ্নের যতটা সম্ভব অবসান ঘটানো, এই সময়ে যা হয়েছে যত দূর সম্ভব তা পাল্টানো—ডেমোক্র্যাটদের কাজ কী, তা স্পষ্ট। বাস্তবে কাজটা তত সহজ না-ও হতে পারে।”