সব কিছু ছকে বাঁধা ছিল। নিখুঁত ভ্রমণসূচি, রাতের খাওয়ার জন্য পছন্দের রেস্তোরাঁ, জমজমাট নাইটক্লাব, সমুদ্রসৈকত, ক্রিসমাস মার্কেট। ফেরার সময় পর্যন্ত সবই নির্বিঘ্নে কেটেছে। তার পরে খেয়াল হল, সবচেয়ে মূল্যবান নথিটাই নেই। পাসপোর্ট হারিয়ে গিয়েছে। একজন পর্যটকের কাছে এর চেয়ে খারাপ দুঃস্বপ্ন কমই আছে। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। নিরাপদে দেশে ফিরতে কী করতে হবে এবং কী কী ঘটতে পারে, তার বিস্তারিত বিবরণ রইল এখানে।
বিদেশে পাসপোর্ট হারালে প্রথমে কী করবেন
ভিসা মিতার ইমিগ্রেশন কনসালট্যান্টস-এর ডিরেক্টর বিশেষ গাখর জানাচ্ছেন, “প্রথমেই যে দেশে আছেন, সেখানকার নিকটতম থানায় ঘটনাটি জানাতে হবে। সেই সঙ্গে ভারতীয় মিশন এবং/অথবা ভারতীয় পাসপোর্ট অফিসকেও জানাতে হবে। সাধারণত আপনার ভারতীয় নাগরিকত্ব বা ভারতীয় বংশোদ্ভূত পরিচয় এবং অন্যান্য তথ্য যাচাইয়ের পরে আপনাকে একটি ইসি (এমার্জেন্সি সার্টিফিকেট) দেওয়া হয়। ইসি হল সীমিত মেয়াদের একটি ভ্রমণ-নথি। জরুরি ভিত্তিতে সরাসরি ভারতে ফেরার জন্যই এটি দেওয়া হয়।”
ভারত সরকারের পাসপোর্ট সেবা ওয়েবসাইট অনুযায়ী, দেশে পৌঁছনোর পরে ভারতীয় অভিবাসন চেকপোস্টে এই সার্টিফিকেট জমা দিতে হয়। তার পরে ‘হারানো/ক্ষতিগ্রস্ত’ বিভাগে কারণ উল্লেখ করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যায়। গাখরের কথায়, “আপনাকে কোনও ডুপ্লিকেট পাসপোর্ট দেওয়া হবে না। নতুন নম্বর-সহ একটি নতুন পাসপোর্ট দেওয়া হবে।”
এমার্জেন্সি সার্টিফিকেট পাবেন কীভাবে
বিদেশে এমার্জেন্সি সার্টিফিকেট এবং নতুন পাসপোর্ট পেতে কী কী নথি লাগবে, তা জানিয়েছেন গাখর। প্রথমত, পুলিশের রিপোর্ট বা এফআইআর। দ্বিতীয়ত, সম্পূর্ণ পূরণ করা ইসি-র আবেদনপত্র। সঙ্গে লাগবে হারানো পাসপোর্টের প্রথম ও শেষ পাতার প্রতিলিপি। তা না থাকলে পাসপোর্ট নম্বর, ইস্যুর স্থান, মেয়াদ ইত্যাদি তথ্য দিতে হবে। ঠিকানা ও নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, প্যান বা ড্রাইভিং লাইসেন্স দাখিল করতে হবে। একটি হলফনামা বা ঘোষণাপত্রে জানাতে হবে, পাসপোর্টটি কী ভাবে, কোথায় এবং কবে হারিয়েছে। যে দেশে পাসপোর্ট হারিয়েছে, সেই দেশের বৈধ ভিসা থাকতে হবে। এ ছাড়াও লাগবে নিশ্চিত বা প্রস্তাবিত বিমানের টিকিট, আবেদনের ফি এবং সাম্প্রতিক পাসপোর্ট-সাইজ় ছবি।
তাঁর পরামর্শ, “ভারতে ফেরা জরুরি হলে এবং অপেক্ষা করার সময় না থাকলে, অর্থাৎ শীঘ্রই রওনা দিতে চাইলে, ইসি-র জন্য আবেদন করুন। হাতে যথেষ্ট সময় থাকলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন।” গাখর আরও জানাচ্ছেন, “স্টকহলমের মতো কিছু মিশনে নাগরিকত্ব যাচাইয়ের ফর্মও (অ্যানেক্সার এফ) পূরণ করতে হয়।”
ভিসার কী হবে
গাখরের ব্যাখ্যা, “পাসপোর্টের সঙ্গে ভিসার স্টিকার লাগানো পাতাটিও হারিয়ে যায়। কিন্তু মূল ভিসাটি বৈধ থাকবে কি না, এবং তা কী ভাবে স্থানান্তরিত, অনুমোদিত বা নতুন করে ইস্যু করা হবে, তা সম্পূর্ণ নির্ভর করে ভিসা প্রদানকারী দেশের নিয়মের উপরে। সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় প্রমাণ ও নথিপত্র জমা দিয়ে নতুন ভিসা পাওয়া যায়।”
নাবালকদের ক্ষেত্রে বাড়তি নথি
আবেদনকারী নাবালক হলে উপরোক্ত নথির পাশাপাশি আরও কিছু কাগজপত্র লাগবে বলে জানাচ্ছেন গাখর। বাবা-মা দু’জনের নাম উল্লেখ থাকা শিশুর জন্ম শংসাপত্র লাগবে। বাবা-মা দু’জনের স্বাক্ষর করা ঘোষণা ও সম্মতিপত্র (অ্যানেক্সার ডি) দিতে হবে। শুধু এক জন অভিভাবক সম্মতি দিলে অ্যানেক্সার সি লাগবে। সেই সঙ্গে দিতে হবে বাবা-মা এবং/অথবা আইনি অভিভাবকের পাসপোর্টের প্রতিলিপি, বাবা-মায়ের ভারতীয় ঠিকানার প্রমাণপত্রের প্রতিলিপি, এবং ভারত ও বিদেশে তাঁদের যোগাযোগের বিবরণ।
তিনি যোগ করেছেন, “শিশু দাদু-দিদিমা বা ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে ভ্রমণ করলে সম্মতি ও অনুমোদনপত্র লাগবে। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে থাকলে বা তাঁরা আলাদা থাকলে আদালতের হেফাজত-সংক্রান্ত নির্দেশও লাগতে পারে।”
পরের বার বাড়ি থেকে বেরোনোর আগে পাসপোর্ট ও ভিসার প্রথম ও শেষ পাতার স্ক্যান করা প্রতিলিপি ক্লাউড স্টোরেজে রেখে দিন, যাতে মূল নথি ছাড়াও সেগুলি হাতের কাছে পাওয়া যায়। এতে পাসপোর্ট হারানো আটকানো যাবে না ঠিকই, কিন্তু পরবর্তী প্রক্রিয়া যে অনেক সহজ হবে, তাতে সন্দেহ নেই।
এই প্রতিবেদন প্রকাশ্যে থাকা তথ্য এবং/অথবা বিশেষজ্ঞদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে লেখা।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।