সন্তানের ডায়াপার বদলানো, তাকে খাওয়ানো কিংবা সংসারের দায়িত্ব সামলানো, বাবা এসব করলে তা প্রায়ই "ভালো অভিভাবকত্ব" বলে প্রশংসিত হয়। অথচ মা একই কাজ করলে সেটাকে ধরে নেওয়া হয় তাঁর প্রাত্যহিক কর্তব্য হিসেবে। অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে সমাজের এই দ্বিচারিতাই সম্প্রতি তুলে ধরলেন ব্যবসায়ী ও অভিনেত্রী, রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত সিআইআই পার্টনারশিপ সামিট ২০২৬-এ অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশের সঙ্গে কথোপকথনে তিনি প্রশ্ন তোলেন, সন্তানের প্রাথমিক পরিচর্যার কাজের জন্য বাবারা প্রশংসা পান, অথচ মায়েরা কেন একই স্বীকৃতি পান না।

উপাসনা বলেন, "বাবা যখন সন্তানকে খাওয়ান বা ডায়াপার বদলান, তখন মা এবং আশেপাশের সবাই হাততালি দিয়ে বলেন, 'আহা, কী চমৎকার, তুমি কত ভালো বাবা!' কিন্তু মা যখন একই কাজ করেন, তখন আমার জন্য কেউ হাততালি দেয় না কেন? বাড়িতে এই মানসিকতা না বদলালে বোর্ডরুমেও কোনওদিন বদলাবে না। এটাই আমাদের সত্যিকার অর্থে বদলানো দরকার। এটা পাঠ্যক্রমের অংশ হওয়া উচিত, মানুষের মানসিকতার অংশ হওয়া উচিত। বাবা কারও উপকার করছেন না। তিনি অভিভাবকত্ব পালন করছেন। আমার মনে হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা।"

নিজেও যে স্বামী রাম চরণের সন্তান-পরিচর্যায় অংশগ্রহণকে একসময় উদযাপন করেছেন, তা স্বীকার করে উপাসনা আরও বলেন, "ছেলেরা ভালো কাজ করলে মায়েরাও যদি তা নিয়ে বাড়াবাড়ি না করেন, তাহলে আমার মনে হয় গোটা ব্যবস্থাটাই এগিয়ে যাবে। স্ত্রী হিসেবে আমিও মাঝেমধ্যে এটা করি। উনি যখন আমার বাচ্চাদের খাইয়ে দেন, আমার সেটা ভীষণ কিউট লাগে। কিন্তু এখন বুঝি, এটা স্বাভাবিক। বাবা-মায়েদের পক্ষে এটাই তো স্বাভাবিক।"

কিন্তু এই ভারসাম্যহীনতা টিকে আছে কেন, এবং নারীর ব্যক্তিগত ও পেশাগত জীবনে তার প্রভাব কী?

সন্তান পালনের মৌলিক দায়িত্ব পালন করলে বাবারা প্রশংসিত হন কেন?

আকাশ হেলথকেয়ারের সহযোগী পরামর্শদাতা ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. পবিত্রা শঙ্করের মতে, এই মানসিকতার মূলে রয়েছে প্রথাগত লিঙ্গভূমিকা, যেখানে নারীকে দেখা হয় পরিচর্যাকারী হিসেবে এবং পুরুষকে উপার্জনকারী হিসেবে।

তিনি ব্যাখ্যা করেন, "বাবারা ডায়াপার বদলালে, সন্তানকে খাওয়ালে বা ঘরের কাজ করলে তা পরিবারে বাড়তি প্রাপ্তি হিসেবে গণ্য হয়, একে বিশেষ কিছু বলে ধরা হয়, স্বতঃসিদ্ধ কিছু হিসেবে নয়।"

পারিবারিক কাঠামো, সামাজিক রীতিনীতি ও জনপ্রিয় সংস্কৃতির মাধ্যমে এই সংস্কার আরও দৃঢ় হয়। সেখানে বাবার অংশগ্রহণকে দেখা হয় বাড়তি সাহায্য হিসেবে, আর মায়ের গৃহস্থালির দায়িত্বকে ধরা হয় নিয়ম হিসেবে।

তবে ডা. শঙ্কর জোর দিয়ে বলেন, অভিভাবকত্ব একটি যৌথ দায়িত্ব; এক সঙ্গী অন্যজনকে সাহায্য করার জন্য এটা করেন না। এই পার্থক্য বোঝাই পরিবারে পরিচর্যার দায়িত্ব বণ্টনের ধরন বদলানোর প্রথম ধাপ।

অসম অভিভাবকত্ব নারীর মানসিক স্বাস্থ্য ও কর্মজীবনকে কীভাবে প্রভাবিত করে?

ডা. শঙ্কর উল্লেখ করেন, এই মানসিক বোঝা নারীর পেশাগত দায়িত্বের জন্য সময় ও শক্তি কমিয়ে দেয়।

তাঁর কথায়, "এটা তাঁদের মনঃসংযোগ, কাজের মান, কর্মজীবনে অগ্রগতি, এমনকি চ্যালেঞ্জিং ভূমিকা, দলের নেতৃত্ব বা কাজের দায়িত্ব গ্রহণের ইচ্ছাকেও প্রভাবিত করতে পারে।"

কালক্রমে বাড়িতে অসমানুপাতিক দায়িত্বের চাপে নারীরা পেশাগত সুযোগ ফিরিয়ে দিতে, কর্মজীবনের উন্নতিতে আপস করতে, এমনকি চাকরি ছেড়ে দিতেও বাধ্য হতে পারেন।

ডা. শঙ্কর আরও বলেন, "বোঝা সমানভাবে ভাগ হলে দুই সঙ্গীই কোনও একজনের ওপর অন্যায্য চাপ না পড়ে নিজ নিজ পেশাগত জীবনে সক্ষমতা দেখাতে পারেন।"

সমান অভিভাবকত্ব শৈশব থেকেই শেখানো উচিত কেন?

ডা. শঙ্করের বিশ্বাস, গৃহস্থালির দায়িত্বের সঙ্গে লিঙ্গের কোনও সম্পর্ক নেই, এটা বাবা-মায়েদেরই হাতেকলমে দেখানো প্রয়োজন। তিনি বলেন, "রান্না, পরিচ্ছন্নতা, সন্তান পালন ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব যখন বাবা-মায়ের মধ্যে সমানভাবে ভাগ হয়, তখন শিশুরা বোঝে যে এর সঙ্গে লিঙ্গের কোনও যোগ নেই।"

ছেলে বা মেয়ে, এই ভেদাভেদ না করে বয়সোপযোগী ঘরের কাজে সন্তানদের যুক্ত করার মাধ্যমে বাবা-মায়েরা এই বোধ গড়ে তুলতে পারেন। পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টান্ত স্থাপন করা এবং পারিবারিক জীবনের নানা ক্ষেত্রে দুজনেরই অংশগ্রহণ দেখানোও জরুরি।

উদাহরণস্বরূপ, কোনও কাজকে একটি নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে জুড়ে না দিয়ে শিশুদের দেখা উচিত, বাবা রান্না করছেন এবং মা আর্থিক বিষয় সামলাচ্ছেন।

ডা. শঙ্কর বলেন, "এমন স্বাভাবিকীকরণ আরও ভালো, আরও শ্রদ্ধাশীল, স্বনির্ভর ও লিঙ্গসংবেদনশীল মানুষ গড়ে তুলতে সাহায্য করে।"

সমান অভিভাবকত্ব কর্মক্ষেত্রে লিঙ্গসমতায় কীভাবে অবদান রাখতে পারে?

ডা. শঙ্কর ব্যাখ্যা করেন, এটি নারী "স্বভাবজাত পরিচর্যাকারী" এই গতানুগতিক ধারণাকেও প্রশ্নের মুখে ফেলে, যে ধারণা কর্মক্ষেত্রের প্রত্যাশা, নিয়োগ ও পদোন্নতির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

তিনি বলেন, "অভিভাবকত্বে পুরুষের সমান অংশগ্রহণ এই ধারণাকে উৎসাহিত করে যে, প্রতিষ্ঠানগুলোর উচিত পরিচর্যাকে নারীর সমস্যা হিসেবে না দেখে যৌথ দায়িত্ব হিসেবে দেখা।"

এই পরিবর্তন আরও অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র গড়ে তুলতে, নারীর নেতৃত্বের পদে পৌঁছনোর সুযোগ বাড়াতে এবং দুই সঙ্গীরই কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে।