বিরিয়ানির স্বাদ ও গড়নে পেঁয়াজের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যারামেলাইজড পেঁয়াজ আর বেরেস্তা এক জিনিস নয়, একটির বদলে অন্যটি চলে না। রন্ধনপ্রণালী, স্বাদ ও গড়ন, তিন দিক থেকেই দুটি আলাদা কেন, আর বিরিয়ানির স্তরে স্তরে কেন মুচমুচে ভাজা পেঁয়াজই দিতে হয়, তা ব্যাখ্যা করেছেন শেফ সন্দীপ পানওয়ার।
পার্থক্যটা কোথায়
বিরিয়ানির মতো জটিল ও স্তরবিশিষ্ট পদে পেঁয়াজ কীভাবে তৈরি করা হচ্ছে, তার ওপর স্বাদ ও গড়ন অনেকটাই নির্ভর করে। ক্যারামেলাইজড পেঁয়াজ আর বেরেস্তা প্রায়ই গুলিয়ে ফেলা হয়, অথচ রান্নার পদ্ধতি, গড়ন ও স্বাদে দুটির তফাত স্পষ্ট, বিশেষ করে খাঁটি বিরিয়ানির স্বাদ ও গড়ন আনার ক্ষেত্রে।
দুটি পদ্ধতিতেই মিষ্টতা ও স্বাদের গভীরতা আসে, তবে গড়ন আর ব্যবহার আলাদা। শেফ সন্দীপ পানওয়ার জানান, ক্যারামেলাইজড পেঁয়াজ রান্না হয় মৃদু আঁচে ধীরে ধীরে, যতক্ষণ না তা নরম হয়ে গাঢ় সোনালি-বাদামি রং ধরে। এর গড়ন প্রায় জেলির মতো, মিষ্টতাও বেশ স্পষ্ট। তাই ঝোল, স্যুপ, সস এবং যেসব পদে মিষ্টি, সমৃদ্ধ স্বাদ মানায়, সেখানে এটি আদর্শ।
আর বেরেস্তা হলো পাতলা করে কাটা পেঁয়াজ, যা ডুবো তেলে ভেজে সোনালি-বাদামি ও মুচমুচে করা হয়। তাঁর কথায়, “ভারতীয় ও মোগলাই রান্নায় ব্যবহৃত বেরেস্তায় মিষ্টতা, মচমচে ভাব আর সমৃদ্ধ সুগন্ধ একসঙ্গে মেলে।”
বিরিয়ানিতে বেরেস্তার ভূমিকা
বিরিয়ানিতে বেরেস্তা নিছক সাজসজ্জার উপকরণ নয়। পদটির অতুলনীয় সুবাস, স্তরে স্তরে স্বাদ এবং হালকা মিষ্টতা আসে এর হাত ধরেই।
ব্যবহারের পদ্ধতি বুঝিয়ে পানওয়ার বলেন, ভাত আর মাংসের স্তরের মাঝে বেরেস্তা ছড়িয়ে দেওয়া হয়, ফলে বিরিয়ানি দমে সেদ্ধ হওয়ার সময় তার স্বাদ বাকি উপকরণের সঙ্গে মিশে যায়।
এর জায়গায় ক্যারামেলাইজড পেঁয়াজ দেওয়া যায় না, কারণ তাতে বাড়তি আর্দ্রতা ঢুকে পদটির ঘনত্ব ও গড়ন বদলে যেতে পারে। তিনি আরও বলেন, “ক্যারামেলাইজড পেঁয়াজ নানা রান্নায় কাজে লাগলেও সঠিকভাবে তৈরি বেরেস্তার সেই মুচমুচে ভাব তা দিতে পারে না।”
ভালো বিরিয়ানিতে সব উপকরণের মিশ্রণ হয় ঠিক মাপমতো। ক্যারামেলাইজড পেঁয়াজের জায়গা অনেক পদেই আছে, কিন্তু বিরিয়ানিতে সেই চেনা ভাজা পেঁয়াজের সুবাস, মিষ্টতা আর মুচমুচে গড়ন আনে ঠিকঠাক বানানো বেরেস্তাই, আর সে কারণেই এটি বিরিয়ানির অপরিহার্য উপকরণ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।