তেলেভাজা প্রায় ছুঁয়েও দেখেন না। মিষ্টিও খান মেপে। তা হলে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ছে কেন? শুধু তেল-চর্বিযুক্ত খাবার নয়, চিনি দেওয়া চা, অতিরিক্ত সাদা ভাত, শরীরচর্চার অভাব, এমনকি কিছু শারীরিক সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। তাই ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে শুধু ভাজাভুজি বাদ দিলেই সমস্যার সমাধান হবে না। নজর দিতে হবে রোজকার জীবনযাপনের আরও কয়েকটি অভ্যাসে।

ট্রাইগ্লিসারাইড আসলে রক্তে থাকা এক ধরনের চর্বি। শরীর খাবার থেকে পাওয়া অতিরিক্ত ক্যালোরিকে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। প্রয়োজন হলে শরীর শক্তি জোগাতে এই চর্বিই ব্যবহার করে। মুম্বইয়ের স্যর এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটোলজি বিভাগের অধিকর্তা ডা. ডেভিড চ্যান্ডি জানিয়েছেন, শরীর কতটা ট্রাইগ্লিসারাইড তৈরি করছে এবং কত দ্রুত রক্ত থেকে তা সরিয়ে নিতে পারছে, তার উপরেই নির্ভর করে রক্তে এর মাত্রা।

খালি পেটে রক্ত পরীক্ষায় ট্রাইগ্লিসারাইডের মাত্রা প্রতি ডেসিলিটারে ১৫০ মিলিগ্রামের নীচে থাকাই কাম্য। মাত্রা ৫০০ মিলিগ্রাম বা তার বেশি হলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। আর ১,০০০ মিলিগ্রাম বা তার বেশি হলে অগ্ন্যাশয়ে প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়।

১. চিনির আড়ালে বিপদ

চিনি দেওয়া চা, মিষ্টি পানীয়, ফলের রস, বিস্কুট কিংবা মিষ্টি—সবই রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়াতে পারে। শুধু তা-ই নয়, অতিরিক্ত সাদা ভাত বা ময়দার তৈরি খাবার খেলেও সমস্যা হতে পারে। কারণ, শরীরে প্রয়োজনের অতিরিক্ত শর্করা পৌঁছলে যকৃৎ তার একাংশকে চর্বিতে রূপান্তরিত করে রক্তে ছেড়ে দেয়। তাই সাদা চিনির বদলে মধু বা গুড় খেলেই যে বিপদ এড়ানো যাবে, এমন নয়।

২. ইনসুলিনের গোলমাল

শরীরের কোষ ইনসুলিন হরমোনের প্রতি আগের মতো সাড়া না দিলে তাকে বলা হয় ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’। পেটে অতিরিক্ত মেদ জমা, প্রি-ডায়াবেটিস, টাইপ ২ ডায়াবেটিস কিংবা ফ্যাটি লিভারের সঙ্গে এই সমস্যা প্রায়ই দেখা যায়। ওজন স্বাভাবিক হলেও পেটে মেদ জমতে পারে। ফলে বাইরে থেকে ছিপছিপে দেখালেও শরীরের বিপাকীয় স্বাস্থ্যে সমস্যা থাকতে পারে।

৩. মদ্যপানেও বাড়ে মাত্রা

তেলেভাজা এড়িয়ে চললেও মদ্যপানের অভ্যাস থাকলে ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে। কতটা মদ্যপান করছেন, কত ঘন ঘন করছেন—দুটিই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অল্প সময়ের মধ্যে একসঙ্গে অনেকটা মদ্যপান করলে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৪. শরীর নড়ছে তো?

সারাদিন বসে কাজ, হাঁটাচলা কম, শরীরচর্চার বালাই নেই—এমন জীবনযাপনও ট্রাইগ্লিসারাইড বাড়ার অন্যতম কারণ। শারীরিক পরিশ্রম কম হলে ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হতে পারে। পাশাপাশি শরীর শক্তির জন্য রক্তে থাকা চর্বিও তুলনায় কম ব্যবহার করে। ফলে রক্তে ট্রাইগ্লিসারাইড জমতে থাকে।

৫. দায়ী হতে পারে অসুখ বা ওষুধও

সব সময় খাদ্যাভ্যাস বা জীবনযাপনের ভুলের জন্যই ট্রাইগ্লিসারাইড বাড়ে না। থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা কমে যাওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা কিডনির সমস্যা থেকেও এই বিপত্তি ঘটতে পারে। স্টেরয়েড এবং মুখে খাওয়ার ইস্ট্রোজেনের মতো কিছু ওষুধেরও পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে।

আবার কারও ওজন কম, শরীরচর্চাও নিয়মিত, অথচ রক্ত পরীক্ষায় বার বার ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি আসছে। সে ক্ষেত্রে বংশগত বিপাকীয় সমস্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ডা. চ্যান্ডির মতে, তাই শুধু খাবারদাবার নিয়ে অনুমান না করে ট্রাইগ্লিসারাইড বাড়ার আসল কারণ খুঁজে বের করা জরুরি।

কী ভাবে বাগে আনবেন?

প্রথমেই নজর দিন রোজকার খাদ্যাভ্যাস, মদ্যপানের অভ্যাস, কোমরের মাপ এবং শারীরিক পরিশ্রমের পরিমাণে। পাশাপাশি অন্য কোনও অসুখ রয়েছে কি না এবং নিয়মিত কী কী ওষুধ খাচ্ছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

ডা. চ্যান্ডির পরামর্শ, ফলের রসের বদলে গোটা ফল খান। মিষ্টি পানীয় এড়িয়ে চলুন। সাদা ভাত ও ময়দার তৈরি খাবারের পরিমাণ কমিয়ে পাতে বাড়ান শাকসবজি, ডাল, প্রোটিন এবং আঁশসমৃদ্ধ খাবার। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন।

তবে শুধু খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় সব সময় ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। কারও কারও ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ খাদ্যতালিকার পাশাপাশি ওষুধেরও প্রয়োজন হতে পারে। তাই রক্তে মাত্রা বেশি ধরা পড়লে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।