টিকিট কেটেছেন ইকনমির, অথচ বিমানে উঠেই মিলল বিজনেস ক্লাসের আরাম! এমন অভিজ্ঞতা নিছক ভাগ্যের জোরে হয় না। বিমানসংস্থাগুলি বিনা খরচে আসন আপগ্রেড করার আগে কয়েকটি বিষয় খতিয়ে দেখে। কোন যাত্রীরা পান অগ্রাধিকার? আপনারও কি রয়েছে সেই সুযোগ?
ইকনমি ক্লাসের টিকিট কেটেছেন, অথচ বিমানে উঠে দেখলেন আপনার আসন বিজনেস ক্লাসে! বাড়তি কোনও টাকা খরচ না করেই এমন অভিজ্ঞতা হলে মন্দ হয় না। শুনতে ভাগ্যের খেলা মনে হলেও, বিনা খরচে আসন আপগ্রেডের পিছনে রয়েছে বিমানসংস্থাগুলির নিজস্ব কিছু নিয়ম।
কাকে বিজনেস ক্লাসে বসানো হবে, তা ঠিক করার সময়ে বিমানসংস্থাগুলি সাধারণত কয়েকটি বিষয় বিবেচনা করে। যাত্রী কতটা নিয়মিত ওই সংস্থার বিমানে যাতায়াত করেন, কী ধরনের ভাড়ার টিকিট কেটেছেন, বিজনেস ক্লাসে আসন খালি রয়েছে কি না, এমনকি উড়ান পরিচালনার তাৎক্ষণিক প্রয়োজনও সিদ্ধান্তে প্রভাব ফেলে।
নিয়মিত যাত্রী হলে বাড়তি সুবিধা
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্সের (আইএটিও) সভাপতি রবি গোসাইনের মতে, বিমানসংস্থার ‘ফ্রিকোয়েন্ট ফ্লায়ার’ কর্মসূচিতে যাত্রীর সদস্যপদের স্তর আপগ্রেড পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি।
যাঁরা নিয়মিত একই বিমানসংস্থার বিমানে যাতায়াত করেন এবং সদস্যপদের উঁচু স্তরে পৌঁছেছেন, তাঁদের অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, এই যাত্রীরা বিমানসংস্থার দীর্ঘমেয়াদি ও নিয়মিত গ্রাহক। তাঁদের ধরে রাখতে সংস্থাগুলিও বিশেষ সুবিধা দিতে আগ্রহী।
ইকনমির টিকিটেও রয়েছে ভেদাভেদ
ইকনমি ক্লাসের টিকিট মানেই যে সব যাত্রীর সমান সুযোগ, তা নয়। একই শ্রেণির টিকিটের মধ্যেও ভাড়ার তারতম্য থাকে। গোসাইনের মতে, তুলনায় বেশি দামের ইকনমি টিকিট কাটা যাত্রীরা কম ভাড়ার টিকিটের যাত্রীদের চেয়ে আপগ্রেডের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন।
কোনও কোনও বিমানসংস্থার নীতিতে সংস্থার কাজে সফররত যাত্রীরাও বাড়তি সুবিধা পান। অর্থাৎ, শুধু কোন শ্রেণির টিকিট কেটেছেন, তা নয়, কত দামে কেটেছেন, সেটাও গুরুত্বপূর্ণ।
ইকনমি ভর্তি, বিজনেসে আসন ফাঁকা!
বিনা খরচে আপগ্রেড পাওয়ার পিছনে অনেক সময় কাজ করে বিমানসংস্থার নিজস্ব পরিচালনগত প্রয়োজন। ধরুন, ইকনমি ক্লাসের সব আসন ভর্তি, অথচ বিজনেস ক্লাসে কয়েকটি আসন খালি। সে ক্ষেত্রে যাত্রীদের বসার ব্যবস্থা করতে ইকনমি থেকে কয়েকজনকে বিজনেস ক্লাসে সরিয়ে দিতে পারে সংস্থা।
উড়ানসূচিতে গোলমাল, কোনও উড়ান বাতিল হওয়া কিংবা শেষ মুহূর্তে যাত্রীদের অন্য উড়ানে তুলে দেওয়ার প্রয়োজন হলেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে বিজনেস ক্লাসে আসন ফাঁকা দেখেই আপগ্রেডের আশা করা ঠিক নয়। বিমানসংস্থাগুলি সাধারণত শেষ মুহূর্ত পর্যন্ত ওই আসন বেশি দামে বিক্রির চেষ্টা করে। তাই আসন খালি থাকলেই তা বিনা খরচে কাউকে দিয়ে দেওয়া হবে, এমন নিশ্চয়তা নেই।
কে আগে চাইলেন, সেটাও জরুরি!
কখন আপগ্রেডের অনুরোধ জানাচ্ছেন, তা-ও কখনও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ধরুন, দু’জন যাত্রীর সদস্যপদের স্তর একই, আবার টিকিটের ভাড়াও সমান। সে ক্ষেত্রে কে আগে আপগ্রেডের অনুরোধ জানিয়েছেন, তা বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন গোসাইন।
অর্থাৎ, চেক-ইনের সময় বা বুকিংয়ের সময়ে অনুরোধ জানানোর বিষয়টিও কোনও কোনও ক্ষেত্রে কাজে আসতে পারে।
গোসাইনের মতে, বিমানসংস্থাগুলির আপগ্রেড সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ট্যুর অপারেটরদেরও সুবিধা হয়। যাত্রীর সফরের ধরন বুঝে তাঁরা উপযুক্ত ভাড়ার টিকিট ও সদস্যপদ বেছে নিতে সাহায্য করতে পারেন। বিশেষ করে কর্পোরেট সংস্থা এবং নিয়মিত বিমানযাত্রীদের ক্ষেত্রে কোন টিকিটে কী বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তা আগে থেকে বুঝিয়ে দেওয়া সম্ভব।
তাই ইকনমির টিকিটে বিজনেস ক্লাসে যাওয়ার সুযোগ একেবারে অসম্ভব নয়। তবে তার জন্য শুধু ভাগ্যের অপেক্ষায় থাকলে চলবে না, বিমানসংস্থার নিয়ম এবং নিজের যাত্রী-পরিচিতিও গুরুত্বপূর্ণ!
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।