তামিলনাড়ুর ভোটার তালিকা থেকে ৭৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলল ইন্ডিপেন্ডেন্ট ইয়ং সিটিজেন্স কালেক্টিভ (আইওয়াইসিসি)। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগের তদন্ত দাবি করেছে নাগরিক সংগঠনটি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর চেন্নাইয়ের আন্না সালাইয়ে সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার খবর গোটা প্রক্রিয়া এবং গণতন্ত্রের উপর তার প্রভাব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
আইওয়াইসিসি ‘পিপল এগেনস্ট এসআইআর’ নামে একটি জাতীয় মঞ্চের শরিক। বিভিন্ন গণসংগঠন, সামাজিক আন্দোলন এবং ব্যক্তিগতভাবে যুক্ত আন্দোলনকর্মীদের নিয়ে গড়ে ওঠা এই মঞ্চ রাজনৈতিক দলগুলির থেকে স্বাধীন।
মঙ্গলবার চেন্নাই প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নিজেদের বিবৃতি প্রকাশ করে সংগঠনটি। সেখানে বক্তব্য রাখেন রাজনৈতিক অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর; কর্নাটকি সংগীতশিল্পী, লেখক এবং র্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপক টি এম কৃষ্ণ; অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক টমাস ফ্রাঙ্কো; এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনকর্মী তথা আইওয়াইসিসি-র সহ-আহ্বায়ক রাধিকা গণেশ।
রাধিকা গণেশের অভিযোগ, এসআইআর আসলে বিজেপি-আরএসএসের একটি প্রকল্প, যার কোনও সাংবিধানিক ভিত্তি নেই। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় তামিলনাড়ুর ৭৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় সাড়ে ১১ শতাংশ। এই ঘটনাকে গণতান্ত্রিক সংকট বলে বর্ণনা করে তিনি ভারতের নির্বাচন কমিশনের কাছে জবাব চান। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের জবাবদিহি এবং তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলির স্পষ্ট অবস্থান দাবি করেন।
পরাকলা প্রভাকর এসআইআর বাতিল করার এবং নাম বাদ পড়া সমস্ত যোগ্য ভোটারকে তালিকায় ফিরিয়ে আনার দাবি জানান। এসআইআর-এর মাধ্যমে তৈরি ভোটার তালিকা ব্যবহার করে যে সব নির্বাচন হয়েছে, সেগুলিও বাতিল করার দাবি তোলেন তিনি।
নির্বাচন কমিশনারদের আইনি দায়মুক্তি দেওয়া ২০২৩ সালের আইন প্রত্যাহারের দাবিও জানান প্রভাকর। পাশাপাশি কমিশনারদের নিয়োগপদ্ধতি বদলানোর পক্ষে সওয়াল করেন। তাঁর দাবি, বাছাই কমিটিতে সরকারের ২:১ সংখ্যাগরিষ্ঠতার অবসান ঘটাতে হবে। আসন্ন নির্বাচনগুলি এসআইআর-এর তালিকার বদলে ২০২৪ সালের ভোটার তালিকা অনুযায়ী করার দাবিও জানান তিনি।
টি এম কৃষ্ণের অভিযোগ, বিভ্রান্তি তৈরি করা এবং ভোটারদের বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই সংশোধন প্রক্রিয়া সাজানো হয়েছে। নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই প্রক্রিয়ার বিরুদ্ধে রাজনৈতিক স্তরে আরও জোরালো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না কেন, সেই প্রশ্নও করেন।
গণনা ফর্ম এবং ভোটারদের কাছে ২০০২ সালের ভোটার তালিকা সংক্রান্ত তথ্য চাওয়ার সমালোচনা করেন কৃষ্ণ। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের উপর অযৌক্তিক বোঝা চাপিয়ে দিচ্ছে এই প্রক্রিয়া। দুই দশকেরও বেশি সময় আগে কে কোন ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বা সেই সময়কার অন্য তথ্য অনেকেরই মনে না থাকতে পারে।
তাঁর আরও অভিযোগ, প্রত্যেক যোগ্য নাগরিকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত করার চেয়ে কাদের নাম বাদ দেওয়া যায়, তাঁদের চিহ্নিত করার উপরই যেন বেশি জোর দেওয়া হচ্ছে। ২০০২ সালের পরে বহু নির্বাচনে ভোটাররা অংশ নিয়েছেন। তা সত্ত্বেও সেই পুরনো তালিকার উপর নির্ভর করা হচ্ছে কেন, প্রশ্ন তোলেন তিনি।
কৃষ্ণের বক্তব্য, এত মানুষের নাম বাদ পড়ার বিষয়টি রাজনৈতিক মহলে বা জনপরিসরে যথেষ্ট গুরুত্ব পায়নি। একে রাজ্যের পক্ষে কলঙ্কজনক বলে বর্ণনা করে তিনি প্রশ্ন তোলেন, গণতন্ত্রের উদ্বেগ হিসেবে বিষয়টিকে সামনে আনতে রাজনৈতিক দলগুলি ব্যর্থ হল কেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।